বিনিয়োগে এক দরজায় মিলবে ১৬ সেবা
বিনিয়োগকারীদের এক দরজায় ১৬টি সেবা দেওয়ার সুযোগ রেখে ‘ওয়ান-স্টপ সার্ভিস আইন, ২০১৭’–এর খসড়া নীতিগত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। এ আইনের অধীনে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা), বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা), বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল কর্তৃপক্ষ (বেপজা) ও বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষ ওয়ান–স্টপ সার্ভিস সেন্টার চালু করে দেশি-বিদেশি বিনিয়োগকারীদের সহজে সেবা দেওয়ার ব্যবস্থা নেবে। এ জন্য এই আইনের অধীনে চারটি সংস্থার জন্য চারটি আলাদা বিধিমালা হবে।
মন্ত্রিসভার বৈঠকে গতকাল সোমবার এই আইনের অনুমোদন দেওয়া হয়। পরে ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম বলেন, দেশে বিনিয়োগকে উৎসাহ দিতে এবং বিনিয়োগের প্রক্রিয়া সহজ করতে ওয়ান–স্টপ সার্ভিস আইন করা হচ্ছে। তিনি বলেন, বিশ্বব্যাংকের ডুইং বিজনেস সূচকে বাংলাদেশের অবস্থান ১৮৯টি দেশের মধ্যে ১৭৬তম। সরকার আগামী পাঁচ বছরের মধ্যে এ সূচকে বাংলাদেশের অবস্থান ১০০-র নিচে নিয়ে আসতে চায়। এটা করার জন্য বিনিয়োগ পরিবেশ ভালো করতে হবে, বিনিয়োগবান্ধব করতে হবে।
প্রস্তাবিত আইন অনুযায়ী ‘কেন্দ্রীয় ওয়ান–স্টপ সার্ভিস কর্তৃপক্ষের’ কাছ থেকে বিদ্যুৎ ও গ্যাসের সংযোগ, বৈদ্যুতিক সাবস্টেশনের অনুমোদন, টেলিফোন ও ইন্টারনেট সংযোগ, পানি–সংযোগ, নাম ছাড়পত্র, নিবাসী ও অনাবাসী ভিসা, অর্থনৈতিক অঞ্চল ঘোষণা, ভূমি অধিগ্রহণ, জমি রেজিস্ট্রেশন, নামজারি, ট্রেড লাইসেন্স, পরিবেশ ছাড়পত্র, নির্মাণ অনুমতি ইত্যাদি সেবা পাওয়া যাবে। মন্ত্রিপরিষদ সচিব বলেন, এসব সেবা দেওয়ার সময়সীমা ও অন্যান্য বিষয় বিধিতে উল্লেখ থাকবে। আইন না মানলে আইন ও বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।