বিনিয়োগে প্রধান বাধা অবকাঠামো ও জ্বালানি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দ্য ডেইলি স্টার আয়োজিত ‘বেসরকারি বিনিয়োগ বাড়াতে পথের সন্ধানে—বাজেট ২০১৬-১৭’ শীর্ষক গোলটেবিল বৈঠকে অতিথিরা l প্রথম আলো
দ্য ডেইলি স্টার আয়োজিত ‘বেসরকারি বিনিয়োগ বাড়াতে পথের সন্ধানে—বাজেট ২০১৬-১৭’ শীর্ষক গোলটেবিল বৈঠকে অতিথিরা l প্রথম আলো

মোংলায় ১২১ কোটি টাকার জমি কিনে প্রায় দুই বছর আগে কারখানা স্থাপনের জন্য পরিবেশ ছাড়পত্র চায় এনার্জিপ্যাক পাওয়ার জেনারেশন লিমিটেড। তবে এখন পর্যন্ত ছাড়পত্র পায়নি প্রতিষ্ঠানটি। বাধ্য হয়ে খুলনার দাকোপে ১৮ একর জমি কিনে কারখানা স্থাপনের কাজ শুরু করেছে। দাকোপে প্রতি কিলোওয়াট বিদ্যুতের জন্য নিরাপত্তা (সিকিউরিটি মানি) হিসেবে দিতে হচ্ছে ৩ হাজার ২০০ টাকা। রাজধানীতেও একই ফি।
দ্য ডেইলি স্টার আয়োজিত ‘বেসরকারি বিনিয়োগ বাড়াতে পথের সন্ধানে—বাজেট ২০১৬-১৭’ শীর্ষক গোলটেবিল বৈঠকে এনার্জিপ্যাকের প্রধান নির্বাহী কর্মকর্তা ও ঢাকা চেম্বারের সিনিয়র সহসভাপতি হুমায়ূন রশিদ বেসরকারি বিনিয়োগ বাড়াতে নিজের এ প্রতিবন্ধকতা তুলে ধরেন।
হুমায়ূন রশিদ বলেন, দাকোপে যেতে হলে দুটি নদী পাড়ি দিয়ে যেতে হয়। যেখানে কোনো ফেরিও নেই। সড়ক যা আছে, তা-ও চলার মতো নয়। এরপরও বিদ্যুতের সংযোগ নিতে রাজধানীর মতো ফি দিতে হচ্ছে। তাহলে কেন বিনিয়োগকারীরা এত উচ্চ ফি দিয়ে রাজধানীর বাইরে যাবে। এটা বড় ধরনের বৈষম্য। এসব দূর করতে হবে।
দ্য ডেইলি স্টার-এর সহযোগী সম্পাদক শাহেদুল আনাম খানের সঞ্চালনায় গোলটেবিল বৈঠকে উপস্থিত ছিলেন অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান। এতে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের গবেষণা পরিচালক বিনায়ক সেন। দ্য ডেইলি স্টার-এর সম্পাদক মাহফুজ আনাম এ সময় উপস্থিত ছিলেন।
ফরেন ইনভেস্টরস চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফআইসিসিআই) সভাপতি রূপালী চৌধুরী বলেন, ‘৩৫ শতাংশ করপোরেট কর আমাদের জন্য বোঝা হয়ে গেছে। দেশে বিনিয়োগ করতে হলে বিনিয়োগ বোর্ড, পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র পেতে ৮-১০ মাস সময় লেগে যায়। এসব আমলাতান্ত্রিক জটিলতা রয়েছে। গ্যাস-বিদ্যুতের সংযোগ পাওয়া তো কঠিন বিষয়। এমন অবস্থা হলে কোম্পানিগুলো কেন আসবে?’
আবাসন ব্যবসায়ীদের সংগঠন রিহ্যাবের ভাইস প্রেসিডেন্ট সরদার আমিন বলেন, আগে ফ্ল্যাটের ৩০ শতাংশই প্রবাসীরা কিনতেন, এখন তা বন্ধ হয়ে গেছে। ফলে রেমিট্যান্সও কমে গেছে।
এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ইএবি) সভাপতি সালাম মুর্শেদী বলেন, ‘শিল্পের প্রবৃদ্ধি হচ্ছে মানেই শিল্প ভালো চলছে, তা কিন্তু নয়। ডিজেল কিনে মেশিন চালাচ্ছি, এরপরও ডিজেল ব্যবহারের ওপর ভ্যাট দেওয়ার জন্য চিঠি এসেছে।’
সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) গবেষণা পরিচালক গোলাম মোয়াজ্জেম বলেন, ‘আমরা এমন মডেলে চলছি, যেখানে বিনিয়োগ দেখা যাচ্ছে না, কিন্তু প্রবৃদ্ধি হচ্ছে। কর্মসংস্থানমুখী প্রবৃদ্ধি আমাদের প্রয়োজন। দেশের বড় কয়েকটি গ্রুপের কাছে যে ঋণ রয়েছে, তাতে কোনো সমস্যা হলে ব্যাংক খাতে ভঙ্গুর অবস্থা সৃষ্টি হতে পারে।’
বিজিএমইএর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ফারুক হাসান বলেন, কম সুদে বিভিন্ন ঋণের সুযোগ দেওয়া হয়েছে, কিন্তু বাস্তবে ঋণ পাওয়া যাচ্ছে না। জমি কিনে দেখা যাচ্ছে কাগজে সমস্যা আছে।
পলিসি রিসার্চ ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক আহসান এইচ মনসুর বলেন, ‘সারা বিশ্বে স্টিলের দাম কমছে, দেশীয় শিল্পের বিকাশের নামে আমাদের এখানে কমানো হচ্ছে না। বাজার অর্থনীতির সুবিধা আমাদের দিতে হবে। কয়েকজন বড় গ্রাহকের হাতে যেভাবে ব্যাংকের টাকা আটকা পড়েছে, তাতে ঝুঁকিপূর্ণ অবস্থা তৈরি হতে পারে। সোনালী ব্যাংকের ঋণ ও আমানতের সুদের হারে ব্যবধান আড়াই শতাংশ। আবার টিকিয়ে রাখতে বাজেট থেকে বরাদ্দ দেওয়া হচ্ছে। সোনালী ব্যাংক কি ব্যাংকিং প্রতিষ্ঠান, না দাতব্য সংস্থা?’
অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশের (এবিবি) চেয়ারম্যান ও মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের এমডি আনিস এ খান বলেন, কয়েকটি ব্যাংক ছাড়া বাংলাদেশের বেশির ভাগ ব্যাংকের মূলধনের ভিত্তি দুর্বল। অধিগ্রহণ ও একীভূতকরণের মাধ্যমে ব্যাংকগুলোর মূলধন শক্তিশালী করা যেতে পারে।
বাংলাদেশ ব্যাংকের প্রধান অর্থনীতিবিদ বিরূপাক্ষ পাল বলেন, ‘সঞ্চয়পত্রের সুদের কারণে ব্যাংকের সুদের হারে আমরা হস্তক্ষেপ করতে পারছি না। ব্যাংকের আমানতে সুদের হার আরও কমতে থাকলে জনগণ ব্যাংক থেকে টাকা তুলে সঞ্চয়পত্র কিনতে যাবে। বাজার প্রক্রিয়ার মাধ্যমে সঞ্চয়পত্র ও তেলের দাম নিয়ন্ত্রণ করতে হবে।’
অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান বলেন, ‘আমরা কোনো সিদ্ধান্ত নিতে হলে বিধিবিধান মেনে করতে হয়। আমরা নিজেরাই আমলাদের হাতে আইন তুলে দিয়েছি। ফলে কোনো সিদ্ধান্ত নিতে হলে আমলাতান্ত্রিক জটিলতার মধ্যে পড়তে হয়। আমরা কীভাবে তাঁদের থেকে একুশ শতকের উপযোগী কর্মকাণ্ড আশা করি?’