বিনিয়োগে প্রভাব ফেলবে না জঙ্গি হামলার ঘটনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আবুল মাল আবদুল মুহিত
আবুল মাল আবদুল মুহিত

গুলশানে জঙ্গি হামলার ঘটনা বিনিয়োগের ওপর প্রভাব ফেলবে না বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। তাঁর মতে, এটি একটি দুর্ঘটনা। এ ধরনের ঘটনা যেকোনো দেশে ঘটতে পারে। ঘটনার পর সরকার কী ব্যবস্থা নিয়েছে, সেটাই হলো বিবেচ্য।
সচিবালয়ে গতকাল সোমবার সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। অর্থমন্ত্রী বলেন, বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ থেকে অর্থ চুরির ঘটনায় গঠিত তদন্ত কমিটির প্রতিবেদন শিগগিরই প্রকাশ করা হবে।
গতকাল সকালে আবুল মাল আবদুল মুহিত নিজ কার্যালয়ে অর্থ মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে ঈদ-পরবর্তী শুভেচ্ছা বিনিময় করেন। এ সময় অর্থ প্রতিমন্ত্রী মোহাম্মদ আবদুল মান্নান, অর্থ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মাহবুব আহমেদসহ মন্ত্রণালয়ের অন্যান্য কর্মকর্তা উপস্থিত ছিলেন। সাংবাদিকেরা এ সময় অর্থমন্ত্রীর কাছে বিভিন্ন বিষয়ে জানতে চান।
অর্থমন্ত্রীও বিনিয়োগের ওপর জঙ্গি হামলার প্রভাব, রিজার্ভ চুরির প্রতিবেদন, মাদ্রাসা শিক্ষাব্যবস্থা, সন্তানদের সঙ্গে অভিভাবকদের সম্পর্কসহ বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন। তিনি বলেন, জঙ্গি হামলার বিষয়টি সরকার খুবই গুরুত্বের সঙ্গে নিয়েছে। এ ক্ষেত্রে ‘জিরো টলারেন্স’ দেখানো হবে।
গুলশান হামলার কারণে পোশাক খাত ও বিনিয়োগে অনিশ্চয়তা তৈরির আশঙ্কা প্রকাশ করে বিদেশি পত্রিকার প্রতিবেদন নিয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে অর্থমন্ত্রী বলেন, ‘রাবিশ। আমার মত হচ্ছে টোটালি রাবিশ। ইট উইল হ্যাভ নো ইমপ্যাক্ট (এ ঘটনা কোনো প্রভাব ফেলবে না)।’
আবুল মাল আবদুল মুহিত উল্লেখ করেন, গুলশানের ঘটনায় জাপান ও ইতালি বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। তাদের দেশের লোক বেশি মারা গেছে। তিনি বলেন, ‘এ ঘটনায় আমরা ত্বরিত ব্যবস্থা নিয়েছি এবং সাহসিকতার সঙ্গে সন্ত্রাসীদের মোকাবিলা করেছি। তা করতে পেরেছি বলেই ঝুঁকি থাকার পরও শেষ পর্যন্ত অনেক জিম্মিকে উদ্ধার করা গেছে।’
বৈশ্বিক ঋণমান নির্ধারণকারী সংস্থা মুডি’স গুলশানের ঘটনায় বিনিয়োগ ও ঋণমানে নেতিবাচক ফেলতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে। এ বিষয়ে জানতে চাইলে অর্থমন্ত্রী বলেন, ‘আমি তাদের সঙ্গে একমত নই।’
অর্থমন্ত্রী বলেন, গুলশানের ঘটনার পর বিশ্বব্যাংকও একটি চিঠি পাঠিয়েছে। রোববার পাঠানো ওই চিঠিতে ঋণদাতা সংস্থাটির পক্ষ থেকে সহানুভূতি জানানো হয়েছে।
গুলশানের ঘটনায় বিভিন্ন দেশের উদ্বেগের বিষয়ে প্রশ্ন করা হলে অর্থমন্ত্রী বলেন, ‘তারা দেখতে চেয়েছে আমাদের সরকার কীভাবে বিষয়টি মোকাবিলা করছে। আমরা সন্ত্রাসীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিয়েছি।’
মুহিত মনে করেন, এখন সন্তানদের সঙ্গে অভিভাবকদের সম্পর্ক নিয়ে চিন্তা করা উচিত। দুঃখ প্রকাশ করে তিনি বলেন, গুলশান হামলাকারী জঙ্গিরা উচ্চবিত্ত পরিবারের সন্তান। তাদের কোনো অভাব ছিল না। অর্থমন্ত্রী বলেন, ‘আমার উদ্বেগের বিষয় হচ্ছে, পিতা-মাতার সঙ্গে সন্তানের সম্পর্ক দুর্বল হয়ে গেছে। এই সম্পর্ক শক্তিশালী করতে হবে।’
গুলশানের ঘটনায় ট্রান্সকম গ্রুপের চেয়ারম্যান লতিফুর রহমানের নাতি ফারাজ আইয়াজ হোসেনের মৃত্যু খুবই দুঃখজনক বলে মন্তব্য করে অর্থমন্ত্রী বলেন, ‘ফারাজ বন্ধুদের জন্য জীবন দিয়েছে। এটি আমার খুবই চমৎকার লেগেছে।’
কওমি মাদ্রাসার শিক্ষাব্যবস্থা মান্ধাতা আমলের উল্লেখ করে অর্থমন্ত্রী বলেন, এখানে সংস্কার প্রয়োজন। এসব মাদ্রাসায় যারা পড়াশোনা করে তাদের আধুনিক জীবনে যাওয়ার জন্য প্রস্তুত হওয়া দরকার। তবে কওমি মাদ্রাসা নিয়ে হইচই করার কিছুই নেই বলেও উল্লেখ করেন তিনি। বলেন, ‘দুষ্ট লোক সব জায়গায় আছে।’
রিজার্ভ চুরির তদন্ত প্রতিবেদন শিগগিরই: রিজার্ভ চুরির ঘটনায় বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর মোহাম্মদ ফরাসউদ্দিনের নেতৃত্বে গঠিত কমিটির প্রতিবেদন এখনো প্রকাশ করেনি সরকার। অর্থমন্ত্রী এ প্রতিবেদন প্রকাশ করার কথা বলেছিলেন। এ বিষয়ে জানতে গতকাল তিনি বলেন, প্রতিবেদনটি পর্যালোচনা করে চূড়ান্ত করা হয়েছে। সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে। অল্প সময়ের মধ্যেই তা প্রকাশ করা হবে।
গত ৩০ মে ফরাসউদ্দিন কমিটি রিজার্ভ চুরির প্রতিবেদন অর্থমন্ত্রীর কাছে জমা দিয়েছিল।