ষষ্ঠ পঞ্চবার্ষিক পরিকল্পনা অনুযায়ী দেশে কাঙ্ক্ষিত হারে বিনিয়োগ হচ্ছে না। ২০১১-১২ অর্থবছর পর্যন্ত মোট দেশজ উৎপাদনের (জিডিপি) ২২ দশমিক ২০ শতাংশের সমান বেসরকারি বিনিয়োগ আহরণের লক্ষ্যমাত্রা থাকলেও তা অর্জিত হয়নি। এই সময়ে যা বিনিয়োগ হয়েছে তা জিডিপির ১৯ দশমিক ১৪ শতাংশের সমান। অন্যদিকে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে রাখার লক্ষ্যমাত্রাও অর্জিত হয়নি। গত অর্থবছর নাগাদ বার্ষিক গড় মূল্যস্ফীতি ৭ শতাংশের মধ্যে রাখার লক্ষ্য ছিল, কিন্তু তা ১০ দশমিক ৬ শতাংশের নিচে নামানো যায়নি। ২০১০-১১ অর্থবছরেও এই দুটি লক্ষ্য অর্জিত হয়নি। ষষ্ঠ পঞ্চবার্ষিক পরিকল্পনার প্রথম বাস্তবায়ন মূল্যায়ন প্রতিবেদনে এসব তথ্য পাওয়া গেছে। প্রতিবেদনে আরও বলা হয়েছে, গত দুই অর্থবছরে জিডিপি প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা গড়ে ৬ দশমিক ৮ শতাংশ নির্ধারণ করা হলেও চূড়ান্ত হিসেবে তা ৬ দশমিক ৫২ শতাংশ হবে বলে ধারণা করা হচ্ছে। এই প্রতিবেদনটি গতকাল বৃহস্পতিবার পঞ্চবার্ষিক পরিকল্পনা বাস্তবায়নসংক্রান্ত জাতীয় স্টিয়ারিং কমিটির সভায় উপস্থাপন করা হয়। ঢাকার শেরেবাংলা নগরের এনইসি সম্মেলনকক্ষে অনুষ্ঠিত এই সভায় সভাপতিত্ব করেন পরিকল্পনামন্ত্রী এ কে খন্দকার। এতে বক্তব্য দেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, বিনিয়োগ বোর্ডের নির্বাহী চেয়ারম্যান এস এ সামাদ, পরিকল্পনা কমিশনের সাধারণ অর্থনীতি বিভাগের (জিইডি) সদস্য শামসুল আলম প্রমুখ। আলোচ্য পরিকল্পনার মূল্যায়নপত্র অনুযায়ী, প্রধান পাঁচটি লক্ষ্যের মধ্যে গত দুই অর্থবছরেই বিনিয়োগ ও মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে রাখার লক্ষ্য অর্জিত হয়নি। তবে কর-জিডিপি অনুপাত, প্রবাসী আয়ের প্রবাহ এবং রপ্তানি-জিডিপি অনুপাত সূচকে লক্ষ্যমাত্রা ছাড়িয়ে গেছে। গত অর্থবছরে কর-জিডিপি অনুপাতের সূচকে লক্ষ্য ছিল ১০ দশমিক ৪০ শতাংশ। বছর শেষে তা দাঁড়িয়েছে ১০ দশমিক ৫৩ শতাংশ। ২০১০-১১ অর্থবছরে এই সূচকে ১০ শতাংশ লক্ষ্যমাত্রার বিপরীতে অর্জিত হয়েছে ১০ দশমিক ১ শতাংশ। এর মানে হলো কাঙ্ক্ষিত হারে রাজস্ব আয় হচ্ছে। রপ্তানি-জিডিপি অনুপাতেও লক্ষ্য অর্জিত হয়েছে। গত অর্থবছরে জিডিপির ২১ দশমিক ২০ শতাংশ রপ্তানি আয় করার লক্ষ্য ছিল, আয় হয়েছে জিডিপির ২৪ দশমিক ৯৯ শতাংশ। এর আগের অর্থবছরে এই অনুপাত ছিল ২২ দশমিক ৯০ শতাংশ। গত অর্থবছরে প্রবাসী-আয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয় এক হাজার ২৬৯ কোটি ডলার। তবে এই বছরে এসেছে এক হাজার ২৯০ কোটি ডলারের প্রবাসী-আয়। এর আগের বছর যা ছিল এক হাজার ১৬৫ কোটি ডলার। ২০১০-১১ থেকে ২০১৪-১৫ অর্থবছর পর্যন্ত সরকার পঞ্চবার্ষিক পরিকল্পনা বাস্তবায়ন করছে। পরিকল্পনা কমিশনের সাধারণ অর্থনীতি বিভাগ (জিইডি) এই দলিলটি প্রণয়ন করেছে। আয় বৃদ্ধি ও দারিদ্র্য হ্রাসের ক্ষেত্রে দলিলে প্রতিবছর গড়ে ৭ দশমিক ৩ শতাংশ হারে অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জন ও মেয়াদ শেষে অর্থাৎ ২০১৪-১৫ অর্থবছর নাগাদ তা ৮ শতাংশে উন্নীত করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। আর বর্তমান দারিদ্র্যের হার ৩১ দশমিক ৫ শতাংশ থেকে ২২ শতাংশে নামিয়ে আনার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয় আলোচ্য পরিকল্পনায়। আলোচনা: স্টিয়ারিং কমিটির গতকালের সভায় ষষ্ঠ পঞ্চবার্ষিক পরিকল্পনা বাস্তবায়নের অগ্রগতি মূল্যায়ন করা হয়। এতে বক্তারা বিনিয়োগ বাড়ানোর তাগিদ দেন। আবার অনেকে বাস্তবায়ন দক্ষতা বাড়ানোর ওপর জোর দেন বলে বৈঠকের দায়িত্বশীল সূত্রে জানা গেছে। সভায় অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেন, ‘বিনিয়োগে স্থবিরতা রয়েছে মনে হলেও গত তিন বছরে জিডিপির আকার ২৫ শতাংশ বেড়েছে।’ তিনি মত দেন, সরকারি বিনিয়োগ কমিয়ে সরকারি-বেসরকারি অংশীদারি বিনিয়োগ বাড়ানো উচিত। দায়িত্বশীল সূত্রে জানা গেছে, জনপ্রশাসনের সংস্কারের ওপর তাগিদ দিয়ে অর্থমন্ত্রী বলেন, উন্মুক্ত প্রতিযোগিতার মাধ্যমে সচিব নিয়োগ দেওয়া উচিত। সেখানে সরকারি ক্যাডার কর্মকর্তাদের পাশাপাশি বেসরকারি বিশেষজ্ঞদেরও অংশ নেওয়ার সুযোগ থাকা উচিত। তিনি আরও মত দেন, দেশে এত ধরনের ক্যাডার সার্ভিস থাকার প্রয়োজন নেই। অচিরেই এ পদ্ধতি সংশোধন করে দুই-চারটি গ্রুপে ভাগ করার পরিকল্পনা রয়েছে সরকারের। পরিকল্পনামন্ত্রী বলেন, ‘ষষ্ঠ পঞ্চবার্ষিক পরিকল্পনা সুষ্ঠুভাবে বাস্তবায়ন করতে পারলে দারিদ্র্য নিরসন হবে। মানুষের আর্থসামাজিক জীবনমান উন্নত হবে।