বিনিয়োগে স্থবিরতা এসেছে প্রবৃদ্ধি অনেক কমে যাবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জায়েদ বখত
জায়েদ বখত

রাজনৈতিক অস্থিরতায় অর্থনীতির গতি শ্লথ হয়ে যাচ্ছে বলে দেশি-বিদেশি একাধিক সংস্থা সতর্ক করেছে। এ বিষয়ে প্রথম আলোর সঙ্গে কথা বলেছেন বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের (বিআইডিএস) গবেষণা পরিচালক জায়েদ বখত
প্রথম আলো: চলতি অর্থবছর প্রবৃদ্ধির হার ৬ শতাংশের নিচে নেমে যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। আপনি এটাকে কীভাবে দেখছেন?
জায়েদ বখত: প্রবৃদ্ধি কমে যাওয়ার আশঙ্কা খুবই যৌক্তিক। যেহেতু বিনিয়োগে ইতিমধ্যেই স্থবিরতা চলে এসেছে, সেহেতু তার নেতিবাচক প্রভাব প্রবৃদ্ধির ওপর পড়বে। বিগত বছরগুলোয়, বিশেষত শেষ দুই বছরে মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রবৃদ্ধির মূল চালিকা ছিল অভ্যন্তরীণ চাহিদা ও প্রবাসী-আয়। আর অভ্যন্তরীণ চাহিদা চালিত হয়েছে রাষ্ট্রীয় বিনিয়োগের মাধ্যমে। অবকাঠামো বিনির্মাণসহ বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডে রাষ্ট্রীয় বিনিয়োগ হয়েছে। তবে নির্বাচন ঘনিয়ে আসায় অনেক অগ্রাধিকার খাতেই আর এখন তেমন বিনিয়োগ হবে না। অন্যদিকে প্রবাসী-আয় প্রবাহও নিম্নমুখী হয়ে পড়েছে। ব্যাংকে আর বাইরের বাজারে টাকা-ডলারের বিনিময় হারের বড় ব্যবধান হয়তো একটা কারণ। ব্যাংকের চেয়ে বাইরে ডলারের বেশি দাম পাওয়ায় অনেকে হয়তো অনানুষ্ঠানিকভাবে দেশে অর্থ পাঠাচ্ছেন। আবার গত কয়েক মাসে জনশক্তি রপ্তানিও কমে গেছে। যদিও এর তাৎক্ষণিক প্রভাব এখনই বোঝা কঠিন। এ রকম অবস্থায় ব্যক্তি খাতের বিনিয়োগকারীরা আর সেভাবে বিনিয়োগ করছেন না, করতে সাহস পাচ্ছেন না। ফলে প্রবৃদ্ধিও কমে যাবে।
প্রথম আলো: মূল্যস্ফীতি কি আগামী দিনগুলোয় বেড়ে যেতে পারে বলে মনে করেন?
জায়েদ বখত: মূল্যস্ফীতি এখনো মোটামুটি সহনীয় পর্যায়ে আছে। আর সরকার চলতি বছরে মূল্যস্ফীতির হার ৭ শতাংশের মধ্যে রাখার লক্ষ্যমাত্রা ঘোষণা করেছিল বাজেটে। নতুন ভিত্তিবছর অনুসারে এই হার ৬ দশমিক ৮০ শতাংশ হতে পারে। তবে লক্ষ্যমাত্রা যা-ই হোক, রাজনৈতিক অস্থিরতা বেড়ে চললে, তা সরবরাহ প্রক্রিয়ার ওপর নেতিবাচক প্রভাব ফেলবে। পণ্য পরিবহন বাধাগ্রস্ত হবে। এটা নিত্যপণ্যের দাম কিছুটা বাড়িয়ে দিতে পারে। আবার নির্বাচনের সময় নানা অনুৎপাদনশীল ব্যয় বাড়বে। তাতে মুদ্রা সরবরাহ বেড়ে মূল্যস্ফীতির চাপ তৈরি করবে। এসব বিবেচনায় মূল্যস্ফীতি আগামী দিনে বেড়ে যাওয়ার আশঙ্কা থাকছে।
প্রথম আলো: রপ্তানি আয় তো বেশ ভালো আছে। প্রথম প্রান্তিকে প্রবৃদ্ধি প্রায় ২১ শতাংশ। এই প্রবণতা কি অব্যাহত থাকবে?
জায়েদ বখত: হ্যাঁ, রপ্তানির অবস্থা বেশ ভালো। বিশেষত, রানা প্লাজা ধসের পর পোশাক খাতে বড় ধরনের বিপর্যয়ের আশঙ্কা করা হয়েছিল। সে রকম কিছু হয়নি। এর প্রধান কারণ হলো, আমাদের রপ্তানিকারকদের দক্ষতা। সস্তায়, সময়মতো, মানসম্পন্ন পণ্য সরবরাহ করার ক্ষমতা বাংলাদেশের আছে। তাই ক্রেতারা সহজে অন্যত্র যাবে না। ভারতীয় রুপির বিপরীতে টাকার দর শক্তিশালী হয়ে পড়ায় আশঙ্কা তৈরি হয়েছিল যে বাংলাদেশের বাজারের কিছু অংশ হয়তো ভারত দখল করে নেবে। সেটা বাস্তবসম্মত নয় এ জন্য যে ভারতীয় তৈরি পোশাকের ধরন খানিকটা ভিন্ন। তবে রুপির দরপতনে ভারতে আমাদের রপ্তানি বাধাগ্রস্ত হচ্ছে। তবে ভারত থেকে বাংলাদেশের আমদানি কিছুটা সাশ্রয়ী হওয়ার কথা থাকলেও সার্বিকভাবেই আমদানিতে যেহেতু শ্লথভাব চলছে, তাই সে রকমটা হচ্ছে না।
প্রথম আলো: দেশের আর্থিক খাত, বিশেষত ব্যাংক খাত বিরাট বিপর্যয়ের মধ্য দিয়ে গেছে। এখন পরিস্থিতির কতটা উন্নতি হয়েছে?
জায়েদ বখত: আর্থিক খাতে ভারসাম্যহীনতা রয়ে গেছে। কেননা, হল-মার্কসহ বিভিন্ন কেলেঙ্কারিতে যে আস্থার সংকট দেখা দিয়েছিল, তা এখনো কাটেনি। ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোর পরস্পরের মধ্যে অবিশ্বাসের মাত্রা কমেনি। সাবধানি ও সতর্ক হতে গিয়ে ব্যাংকগুলো টাকা থাকলেও আগের মতো ঋণ দিতে, অর্থায়ন করতে পারছে না, একটা ভীতি কাজ করছে। আমদানি অর্থায়ন অনেক কমেছে। আমদানি কমে যাওয়ার এটাও একটা কারণ। এই অবস্থায় সরকারের সরাসরি কিছু করণীয় নেই। তবে বাংলাদেশ ব্যাংককে কিছু বলিষ্ঠ পদক্ষেপ নিতে হবে। যেমন, সোনালী ব্যাংকের কাছে অনেক ব্যাংক ও প্রতিষ্ঠান টাকা পায়। কেলেঙ্কারির জের কাটিয়ে উঠতে না পারায় সোনালী ব্যাংক টাকা দিতে সাহস পাচ্ছে না। ফলে অন্য ব্যাংকের টাকা আটকে গেছে। এই অবস্থায় বাংলাদেশ ব্যাংক যদি দায়িত্ব নিয়ে এগিয়ে না আসে, তাহলে তো অবস্থার উন্নতি হবে না।
প্রথম আলো: বৈদেশিক মুদ্রার রিজার্ভ এক হাজার ৭০০ কোটি ডলার ছাড়াল। অর্থনীতির জন্য এটা তো একটা ইতিবাচক অর্জন।
জায়েদ বখত: আসলে রিজার্ভ বেড়ে যাওয়াকে খুব ইতিবাচক বলা যায় না। কেননা, বাইরে থেকে ডলার আসছে আর বাংলাদেশ ব্যাংক বিনিময় হার স্থিতিশীল রাখার জন্য বাজার থেকে ডলার কিনে নিচ্ছে। তাতে রিজার্ভ বাড়ছে। যদি অবকাঠামো বিনির্মাণে বিদেশি অর্থায়ন ও সহায়তা আসত, যদি বিনিয়োগ করা হতো, তাহলে রিজার্ভের বৃদ্ধিকে যথেষ্ট ইতিবাচকভাবে দেখা যেত। কেননা, এটা তো পুঁজির জোগান বাড়াত। এখন তো সে রকম কিছু হচ্ছে না।
[সাক্ষাৎকার নিয়েছেন আসজাদুল কিবরিয়া]