বাংলাদেশ বিনিয়োগের অন্যতম অনুকূল জায়গা। বাংলাদেশের সিরামিক, ওষুধ, বস্ত্র, প্লাস্টিক, বিদ্যুৎ, পোলট্রি, কারিগরি শিক্ষা, স্বাস্থ্যসেবা ও যোগাযোগ অবকাঠামো খাতে বিনিয়োগের যথেষ্ট সুযোগ রয়েছে। সফররত ভারতের বেঙ্গল ন্যাশনাল চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (বিএনসিসিআই) ১৪ সদস্যের এক বাণিজ্য প্রতিনিধিদল এসব খাতে বিনিয়োগের সম্ভাবনা যাচাই করতে এসে এই অভিমত দিয়েছে। গতকাল বুধবার সচিবালয়ে কলকাতার এই ব্যবসায়ী প্রতিনিধিদল বাণিজ্যমন্ত্রী মুহাম্মদ ফারুক খানের সঙ্গে মতবিনিময়কালে বাংলাদেশে এসে ইতিবাচক ধারণা পেয়েছে বলে জানিয়েছে। বিএনসিসিআইয়ের সভাপতি এস কে রায়ের নেতৃত্বে প্রতিনিধিদলে মধ্যে জ্যেষ্ঠ সহসভাপতি সুনীল দাসগুপ্ত, সহসভাপতি তেজোময় রায় চৌধুরী, সাবেক সভাপতি সমীর কুমার ঘোষ, সন্দ্বীপ সেন ও সন্তোষ রঞ্জন সাহা বৈঠকে যোগ দেন। এ সময় বাংলাদেশ ট্যারিফ কমিশনের চেয়ারম্যান মুজিবর রহমান উপস্থিত ছিলেন। বৈঠক সূত্র জানায়, বিনিয়োগের সম্ভাবনা থাকলেও প্রতিনিধিদলটি বাংলাদেশ-ভারতের মধ্যে বাণিজ্য সম্প্রসারণে বিদ্যমান শুল্ক ও অশুল্ক বাধা দূর হওয়া দরকার বলে অভিমত দিয়েছে। এ ছাড়া সীমান্তে মালামাল ওঠানামায় অবকাঠামোগত বিভিন্ন সমস্যা দূর করার উদ্যোগ নেওয়ারও আহ্বান জানায় বিএনসিসিআই। ফারুক খান বলেন, ব্যবসার উন্নয়নের জন্য দুই দেশের প্রধানমন্ত্রীর যৌথ ইশতেহারে শুল্ক ও অশুল্ক বাধা দূরীকরণসহ কিছু বিষয়ে সুস্পষ্ট অঙ্গীকার করা হয়েছে। এ বিষয়ে অগ্রগতি হওয়া দরকার।বাণিজ্যমন্ত্রী ব্যবসাকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার না করে আঞ্চলিক সহযোগিতা, বিদ্যুৎ উন্নয়ন ও বন্যানিয়ন্ত্রণের কাজে লাগানো দরকার বলে মন্তব্য করেন।