বিনিয়োগের আগ্রহের শীর্ষে বস্ত্র খাত
দেশি-বিদেশি বিনিয়োগকারীদের আগ্রহের শীর্ষে আছে বস্ত্র খাত। এর পরের অবস্থানে আছে কেমিক্যালস বা রসায়ন খাত। বিনিয়োগ বোর্ডে নিবন্ধিত বিনিয়োগ প্রস্তাবের পরিসংখ্যান পর্যালোচনা করে এ তথ্য পাওয়া গেছে। একই সঙ্গে নিবন্ধনের হিসাবে দেশে বিনিয়োগ বৃদ্ধির তথ্যও পাওয়া গেছে। যদিও বিনিয়োগ বোর্ডে নিবন্ধিত বিনিয়োগ প্রস্তাবের তুলনায় প্রকৃত বিনিয়োগ পরিস্থিতির চিত্রটা বেশ খানিকটা ভিন্ন। ২০১১ সালের জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত সময়ে শিল্পের বিভিন্ন খাতে দেশীয় প্রায় এক হাজার ৫৫টি প্রকল্প নিবন্ধিত হয়েছে। এর মধ্যে টেক্সটাইল বা বস্ত্র খাতের প্রকল্পের সংখ্যা ছিল ৬৯৬টি, একক খাত হিসাবে যা শীর্ষে রয়েছে। এর পরের অবস্থানে থাকা রসায়ন খাতে ২০১১ সালে নিবন্ধিত শিল্প বা প্রকল্পের সংখ্যা ৩০৭টি।অবশ্য টাকার অঙ্কে বিনিয়োগ প্রস্তাবে শীর্ষে আছে সেবা খাত। এই খাতে ১৫৪টি প্রকল্প প্রস্তাবের বিপরীতে ১৮ হাজার ৭০৫ কোটি টাকা বিনিয়োগের প্রস্তাব করা হয়েছে। সমপ্রতি দেশে বিদ্যমান টেক্সটাইল শিল্পমালিকেরা দাবি করে আসছেন, গ্যাস-বিদ্যুৎ সংযোগের কারণে এ খাতে উৎপাদন ও বিনিয়োগ মারাত্মকভাবে বাধাগ্রস্ত হচ্ছে। এমনকি, উৎপাদন কার্যক্রমও ব্যাহত হচ্ছে চরমভাবে। এ রকম পরিস্থিতি সত্ত্বেও এ খাতে দেশি-বিদেশি বিনিয়োগের আগ্রহ বাড়ছে। এ বিষয়ে জানতে চাইলে বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের (বিটিএমএ) সভাপতি জাহাঙ্গীর আলামিন প্রথম আলোকে বলেন, ‘এ দেশে টেক্সটাইল খাতের অমিত সম্ভাবনা রয়েছে। তৈরি পোশাক খাতের প্রবৃদ্ধি যত বাড়ছে, ততই টেক্সটাইল খাতে চাহিদা বাড়ছে। তাই এ দেশের তৈরি পোশাক শিল্পের প্রবৃদ্ধি দেখে টেক্সটাইল খাতে বিনিয়োগে এগিয়ে আসছেন দেশি-বিদেশি উদ্যোক্তারা। এটি আমাদের জন্য খুবই আশাব্যঞ্জক ও খুশির খবর।’ বিটিএমএর সভাপতি বলেন, বিনিয়োগ বোর্ডের তথ্য অনুযায়ী টেক্সটাইল খাতে নিবন্ধনের পরিমাণ বাড়ছে ঠিকই, কিন্তু এর বাস্তব চিত্র কী, সেই পরিসংখ্যান বের করতে হবে। বিনিয়োগ বোর্ডে নিবন্ধিত হওয়া মানেই কিন্তু বিনিয়োগ হওয়া নয়। টেক্সটাইল বা যেকোনো শিল্প স্থাপন করতে হলে যেসব সুযোগ-সুবিধা প্রয়োজন, সেগুলো পেতে বিনিয়োগ বোর্ডের নিবন্ধন সনদ বাধ্যতামূলক। তাই প্রাথমিক কাজ হিসেবে আগ্রহী উদ্যোক্তারা এই নিবন্ধন নিচ্ছেন। কিন্তু নিবন্ধিত শিল্পের বাস্তবায়ন-প্রক্রিয়াটি অনেক বেশি সময়সাপেক্ষ। জাহাঙ্গীর আলামিন আরও বলেন, ‘বিনিয়োগ বোর্ডের হিসাবে টেক্সটাইল খাতে নিবন্ধিত শিল্পের সংখ্যা বাড়লেও আমাদের সমিতিতে নিবন্ধনের তার কোনো বাস্তব প্রতিফলন দেখা যাচ্ছে না। তবে এই আগ্রহের সুফল কয়েক বছর পর হলেও আমার পাব। অবশ্য, এ জন্য আমাদের গ্যাস-বিদ্যুৎ পরিস্থিতির উন্নয়ন ঘটাতে হবে।’ গ্যাস-বিদ্যুৎ ও অবকাঠামো সমস্যায় শিল্প-উৎপাদন কার্যক্রম যেখানে ব্যাহত হচ্ছে, সেখানে বিনিয়োগ-নিবন্ধন বাড়ার কারণ জানতে চাইলে বিনিয়োগ বোর্ডের শীর্ষস্থানীয় এক কর্মকর্তা বলেন, ‘যেকোনো শিল্পে বিনিয়োগ একটি দীর্ঘমেয়াদি প্রক্রিয়া। নিবন্ধনের মাধ্যমে সেই প্রক্রিয়ার প্রাথমিক কাজটি শুরু হয়। তাই বিনিয়োগ বোর্ডের নিবন্ধিত শিল্পের বিনিয়োগ তথ্যের সঙ্গে প্রকৃত বিনিয়োগের একটি ফারাক থাকবেই। এ ছাড়া শিল্পে বিনিয়োগের যে পরিমাণ উল্লেখ করা হয়, তা-ও এক দিনে বিনিয়োগ করা হয় না। ধাপে ধাপে পুরো টাকা বিনিয়োগ করতে হয়।’জানতে চাইলে বিনিয়োগ বোর্ডের সদস্য নাভাস চন্দ্র মণ্ডল প্রথম আলোকে বলেন, ২০১১ সালে শিল্প-নিবন্ধনের সংখ্যা আগের বছরের চেয়ে অনেক বেড়েছে। কিন্তু আমাদের প্রত্যাশা, নিবন্ধনের সঙ্গে সঙ্গে প্রকৃত বিনিয়োগের পরিমাণও বাড়ুক। সে লক্ষ্যেই বিনিয়োগ বোর্ড কাজ করে যাচ্ছে। বিনিয়োগ বোর্ড সূত্র জানায়, নতুন শিল্পের পাশাপাশি বিদ্যমান শিল্প-কারখানার নতুন করে কোনো ইউনিট বা কারখানা স্থাপন করতে চাইলে সে ক্ষেত্রেও বিনিয়োগ বোর্ডের নিবন্ধন সনদ নিতে হয়। বিনিয়োগ বোর্ডের তথ্য অনুযায়ী, ২০১১ সালে দেশি-বিদেশি মিলিয়ে মোট এক হাজার ৯৭৪টি নতুন শিল্প নিবন্ধিত হয়েছে, ২০১০ সালে যার পরিমাণ ছিল এক হাজার ৭৮৫টি। আর ২০০৯ সালে বিনিয়োগ বোর্ডে নিবন্ধিত শিল্পের পরিমাণ ছিল ১৫২৪টি। উল্লিখিত তিন বছরের নিবন্ধিত শিল্পের অধিকাংশই ছিল দেশীয় বিনিয়োগ।বিনিয়োগ বোর্ডের তথ্যানুযায়ী, ২০১১ সালে দেশি-বিদেশি মিলিয়ে মোট এক লাখ তিন হাজার ১০৭ কোটি টাকার বিনিয়োগ প্রস্তাব নিবন্ধিত হয়েছে। এর মধ্যে দেশীয় বিনিয়োগের পরিমাণ ৫৪ হাজার ৬০৬ কোটি, আর বিদেশি ও যৌথ বিনিয়োগের পরিমাণ ৪৮ হাজার ৫০১ কোটি টাকা।২০১০ সালে নিবন্ধিত শিল্পে মোট বিনিয়োগের প্রস্তাব ছিল প্রায় ৬৫ হাজার ৮৩৪ কোটি টাকা। সেই হিসাবে এক বছরের ব্যবধানে প্রায় ৩৭ হাজার ২৭৩ কোটি টাকার বিনিয়োগের (প্রস্তাবিত) পরিমাণ বেড়েছে। আর ২০০৯ সালে প্রস্তাবিত বিনিয়োগের পরিমাণ ছিল মাত্র ২২ হাজার ৮২১ কোটি টাকা। প্রাপ্ত তথ্য অনুযায়ী, ২০১১ সালে নিবন্ধিত সবকটি শিল্পের কার্যক্রম পুরোপুরি শুরু হলে এসব শিল্পে নতুন করে প্রায় পাঁচ লাখ মানুষের কর্মসংস্থান হবে। এর মধ্যে তিন লাখ ৭৭ হাজার মানুষের কর্মসংস্থান করবেন দেশীয় শিল্প-উদ্যোক্তারা।