বিনিয়োগের গন্তব্য বাংলাদেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ এখন বিনিয়োগের গন্তব্য স্থান হিসেবে চিহ্নিত হয়েছে। এ সুযোগ কাজে লাগানোর সর্বাত্মক প্রচেষ্টা নিয়েছে বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশন (বিটিএমএ)।বিটিএমএর সভাপতি জাহাঙ্গীর আলামিন ‘অষ্টম ঢাকা আন্তর্জাতিক বস্ত্র ও পোশাকশিল্পের যন্ত্রপাতির প্রদর্শনী-২০১১’ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে গতকাল শনিবার এ কথা বলেন।আজ রোববার থেকে চার দিনব্যাপী এই প্রদর্শনী শুরু হচ্ছে রাজধানীর শেরেবাংলা নগরে অবস্থিত বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে। এবারের প্রদর্শনীতে বিশ্বের অন্তত ৩১টি দেশের ৬২৪টি বস্ত্র যন্ত্রপাতি প্রস্তুতকারী প্রতিষ্ঠান ৮৬০টির বেশি বুথে নিজেদের তৈরি যন্ত্রপাতি প্রদর্শন করবে।আজ বেলা সাড়ে ১১টায় প্রদর্শনীর উদ্বোধন করা হবে। পাট ও বস্ত্রমন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রদর্শনীর উদ্বোধন করবেন।প্রদর্শনী প্রতিদিন দুপুর ১২টা থেকে শুরু হয়ে রাত আটটা পর্যন্ত দর্শনার্থীদের জন্য খোলা থাকবে। প্রদর্শনীতে বাংলাদেশ, বেলজিয়াম, ব্রাজিল, চীন, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, জার্মানি, গ্রিস, হংকং, ভারতসহ, বিভিন্ন দেশের ৬২০টি প্রতিষ্ঠান অংশ নিচ্ছে।জাহাঙ্গীর আলামিন বলেন, ‘আমরা মনে করি আমাদের উদ্যোক্তা এবং এ খাতের সঙ্গে সংশ্লিষ্ট কারিগরি জ্ঞানসম্পন্ন লোকদের টেক্সটাইল খাতে প্রতিনিয়ত পরিবর্তনশীল প্রযুক্তির সঙ্গে পরিচয় করানোর ক্ষেত্রে এ ধরনের প্রদর্শনীর কোনো বিকল্প নেই।’জাহাঙ্গীর আলামিন বলেন, ইউরোপীয় ইউনিয়নের জিএসপির নতুন রুলস অব অরিজিন (উৎস বিধি) চালু হওয়ায় দেশের প্রাথমিক বস্ত্র খাতের সমস্যা দেখা দিচ্ছে। তিনি এ খাতের প্রতিরক্ষণে সরকারি সহায়তার দাবি করেন। বলেন, বিশ্বের বিভিন্ন দেশে দেশীয় শিল্পকে নানাভাবে সংরক্ষণ করা হয়।নতুন রুলস অব অরিজিনের কারণে দেশি-বিদেশি বিনিয়োগ আকৃষ্ট হচ্ছে কি না—এমন প্রশ্নের জবাবে জাহাঙ্গীর আলামিন বলেন, ‘আমাদের কাছে এমন কোনো তথ্য-উপাত্ত নেই।’তবে বিটিএমএর সভাপতি এও বলেন, এ ক্ষেত্রে উৎপাদিত পণ্যের মূল্য একটা বড় বিষয়। চীন যে দামে কোনো পণ্য দিতে পারে, বিশ্বের অন্য কোনো দেশ তা পারবে না। ফলে এক ধাপ উৎপাদনে জিএসপি পাওয়ায় বিদেশ থেকে কাপড় এনে সেলাই করেই তা রপ্তানি হয়ে যাচ্ছে, যাবে। এতে দেশের প্রাথমিক বস্ত্রশিল্পগুলোর সমস্যা হচ্ছে।সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, বিটিএমএর সঙ্গে যন্ত্রপাতির এই প্রদর্শনীর সহ-আয়োজক প্রতিষ্ঠানগুলো হচ্ছে হংকংয়ের ইয়র্কারস ট্রেড অ্যান্ড মার্কেটিং সার্ভিসেস কোম্পানি ও চেন চাও ইন্টারন্যাশনাল। সংবাদ সম্মেলনে বিটিএমএর সহসভাপতি এম এ জাহেদ, আহমেদ আলী, পরিচালক মোশাররফ হোসেন, আশরাফ হোসেন বকাউল, সহ-আয়োজক প্রতিষ্ঠানের টাইগার লিন, জুডি ওয়াং প্রমুখ উপস্থিত ছিলেন।