বিনিয়োগের জন্য কর ছাড়ের আহ্বান
বাংলাদেশে বিনিয়োগের ক্ষেত্রে বিশেষ কর ছাড় চেয়েছেন ভারতীয় শিল্পোদ্যোক্তারা। একই সঙ্গে তাঁরা বিনিয়োগের জন্য আলাদা বিশেষ অর্থনৈতিক অঞ্চল (এসইজেড) প্রতিষ্ঠারও আবেদন জানিয়েছেন। ভারতীয় শিল্পগোষ্ঠীর প্রতিনিধিত্বকারী সংগঠন কনফেডারেশন অব ইন্ডিয়ান ইন্ডাস্ট্রিজের (সিআইআই) এক প্রতিনিধিদল বাংলাদেশ সফরকালে সরকারের একাধিক মন্ত্রী ও উপদেষ্টার সঙ্গে বৈঠক করে এই দুটো বিষয় তুলে ধরেছে। বাংলাদেশ সরকার এ ব্যাপারে তাৎক্ষণিকভাবে কোনো সিদ্ধান্ত জানায়নি। তবে ভারতীয় শিল্পগোষ্ঠীর বিনিয়োগের আগ্রহকে ইতিবাচকভাবে গ্রহণ করেছে।অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত গতকাল সকালে ভারতীয় প্রতিনিধিদলের বৈঠকের পর সাংবাদিকদের বলেন, তাঁদের সঙ্গে ভালো একটি বৈঠক হয়েছে এবং তাঁরা খুশি। অর্থমন্ত্রী জানান, তাঁদের দাবি হলো কর ছাড়। কর ছাড়ে বাংলাদেশের কাঠামোটা ভালো। শূন্য শতাংশ থেকে শুরু হয়ে আস্তে আস্তে তা বাড়তে থাকে এবং সব সময় তা পরিবর্তন করা হয় না।অবশ্য অর্থমন্ত্রী স্পষ্ট করে বলেন, ‘রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকায় (ইপিজেড) যে কর ছাড় দেওয়া হয়, তা তাঁদের দেওয়া হবে না। আয়করটা তাঁদের দিতে হবে।’ এদিকে সফরের শেষ দিনে গতকাল রোববার বিকেলে রাজধানীর একটি হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে তাদের সফরকালীন অভিজ্ঞতা তুলে ধরে সিআইআই প্রতিনিধিদল। এতে মূল বক্তব্য দেন প্রতিনিধিদলের প্রধান ও সিআইআইর সভাপতি আদি গোদরেজ। সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন সিআইআইয়ের মহাপরিচালক চন্দ্রজিৎ ব্যানার্জি এবং ইন্দো-বাংলা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের (আইবিসিসিআই) সভাপতি আবদুল মাতলুব আহমাদ। শুক্রবার আদি গোদরেজের নেতৃত্বে সিআইআইয়ের ১৫ সদস্যের একটি ব্যবসায়ী প্রতিনিধিদল বাংলাদেশ সফরে আসে। সংবাদ সম্মেলনে সিআইআই প্রধান বলেন, অবকাঠামো, কৃষিজাত পণ্য, তথ্যপ্রযুক্তি, স্বাস্থ্য, শিক্ষা, বিদ্যুৎ ও জ্বালানি খাতে বিনিয়োগের ব্যাপারে ভারতীয় বিনিয়োগকারীদের বেশ আগ্রহ রয়েছে। এ দেশে সেই সুযোগও রয়েছে। বাংলাদেশের বিনিয়োগের ক্ষেত্রে সবচেয়ে বড় সুবিধাটি হলো এ দেশের সস্তা শ্রম। সিআইআই-প্রধান প্রাকৃতিক সম্পদ খাতে দেশি-বিদেশি বেসরকারি বিনিয়োগের সুবিধা উন্মুক্ত করে দেওয়ার সুপারিশও করেন। আদি গোদরেজ বলেন, ‘আমরা এ দেশে শিল্প খাতে বিনিয়োগ করতে চাই। এসব শিল্পে উৎপাদিত পণ্যে প্রথমে বাংলাদেশের চাহিদা পূরণ করা হবে। তারপর কিছু পণ্য রপ্তানি করা হবে বাংলাদেশ সীমান্তবর্তী ভারতের বিভিন্ন অঙ্গরাজ্যে। এরপর বিশ্বের অন্যান্য দেশে পণ্য রপ্তানির বিষয়টি বিবেচনা করা হবে।’ এর আগে সকাল থেকে দুপুর পর্যন্ত সফরকারী ভারতীয় ব্যবসায়ী প্রতিনিধিদলটি অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া, বিনিয়োগ বোর্ডের নির্বাহী চেয়ারম্যান, বাংলাদেশ ব্যাংকের গভর্নর আতিউর রহমান এবং বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশনের (এফবিসিসিআই) নেতাদের সঙ্গে পৃথক পৃথক বৈঠক করেন। সিআইআই প্রতিনিধিদলকে শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া বলেছেন, মিরসরাইতে সরকার একটি এসইজেড করছে। ভারতের ব্যবসায়ীরা চাইলে সেখানে তাদের আলাদা জায়গা বরাদ্দ দেওয়া হবে। ওই এসইজেড থেকে চট্টগ্রাম বন্দর খুবই কাছে। ফলে ব্যবসায়ীরা সহজেই বন্দরসুবিধা ব্যবহার করতে পারবেন।দুপুরে রাজধানীর মতিঝিলে এফবিসিসিআইয়ের কার্যালয়ে সংগঠনের নেতাদের সঙ্গে মতবিনিময় করেন প্রতিনিধি দল। সভায় এফবিসিসিআই সভাপতি এ কে আজাদ, সিআইআইর সাবেক সভাপতি শেখর দত্ত, এফবিসিসিআইয়ের জ্যেষ্ঠ সহসভাপতি জসিম উদ্দিন, সহসভাপতি মোস্তফা আজাদ চৌধুরী প্রমুখ বক্তব্য দেন।