বিনিয়োগের জন্য বাংলাদেশ ভালো জায়গা: মার্শা
ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত মার্সা স্টিফেনস ব্লুম বার্নিকাট বলেছেন, উভয় পক্ষের জন্য লাভজনক (উইন উইন সিচুয়েশন) পরিস্থিতি বিনিয়োগ বাড়াতেই সাহায্য করবে। যা এ দেশের শিক্ষা ও স্বাস্থ্য ক্ষেত্রের অগ্রগতিকে বেগবান করতে সহায়ক হবে।
গতকাল বুধবার পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের মার্সা বার্নিকাট এ কথা বলেন। তিনি বলেন, বিনিয়োগের জন্য বাংলাদেশ ভালো জায়গা। শেরেবাংলা নগরের পরিকল্পনামন্ত্রীর কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
মার্কিন রাষ্ট্রদূত আরও বলেন, অল্প সময়ের মধ্যে বিভিন্ন খাতে বাংলাদেশের অনেক বড় সফলতা লক্ষ্য করছি, যা দেশকে এগিয়ে নেওয়ার সফল পরিকল্পনারই ফসল। ভবিষ্যতে বাংলাদেশ বহুদূর এগিয়ে যাবে।
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী জন কেরির সম্পর্কে মার্কিন রাষ্ট্রদূত সাংবাদিকদের আরও বলেন, দুই দেশের সম্পর্ক জোরদারে তিনি (জন কেরি) হয়তো আলোচনা করবেন। এ বিষয়ে ওয়াশিংটনকে অবহিত করা হবে।
এদিকে সাম্প্রতিক সন্ত্রাসী ঘটনায় বিদেশি বিনিয়োগে প্রভাব পড়বে কি না—প্রশ্ন করা হলে পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেন, এগুলো বিচ্ছিন্ন ঘটনা। বাংলাদেশ এখন বিনিয়োগের জন্য ভালো জায়গা। এখানে (বাংলাদেশ) বিনিয়োগ করলে মুনাফা আসে, এটাই তাঁদের বুঝিয়েছি।
পরিকল্পনামন্ত্রী আরও বলেন, গভীর সমুদ্রবন্দর নির্মাণে অনেকেই আগ্রহী। তাদের মধ্য থেকে সবচেয়ে ভালো প্রস্তাবই নেওয়া হবে।