>

আহমেদ মুশফিক মোবারক। যুক্তরাষ্ট্রের ইয়েল বিশ্ববিদ্যালয়ের স্কুল অব ম্যানেজমেন্টে অধ্যাপনা করছেন। পাশাপাশি যুক্ত আছেন গবেষণাকাজের সঙ্গেও। বাংলাদেশের তৈরি পোশাক খাত, নগরায়ণসহ বিভিন্ন বিষয়ে গবেষণা করেছেন তিনি। সম্প্রতি বাংলাদেশ ঘুরে গেছেন। একদিন এসেছিলেন প্রথম আলো কার্যালয়ে। কথা বলেছেন বাংলাদেশের অর্থনীতি, রপ্তানি, জঙ্গি হামলাসহ বৈশ্বিক বিভিন্ন বিষয় নিয়ে। সাক্ষাৎকারটি নিয়েছেন সুজয় মহাজন
প্রথম আলো: বাংলাদেশের অর্থনীতির বড় শক্তির দিক কী বলে মনে করেন?
আহমেদ মুশফিক মোবারক: বাংলাদেশের মোট দেশজ উৎপাদন বা জিডিপি আয়ের বড় দুটি উৎস রয়েছে। এগুলো হলো পোশাক খাত ও প্রবাসী আয়। বাংলাদেশের রপ্তানি আয়ের প্রায় ৯০ শতাংশই আসে তৈরি পোশাক খাত থেকে। আশির দশকের আগে বাংলাদেশে তৈরি পোশাক খাত ছিল না। পোশাক খাতের যাত্রা শুরু হওয়ার পর থেকে প্রতিবছর ১৭ শতাংশ হারে এ খাতের প্রবৃদ্ধি হয়েছে। তাই পোশাক খাত ও প্রবাসী আয় যদি কোনোভাবে ক্ষতিগ্রস্ত হয়, তাতে দেশের সামগ্রিক অর্থনীতির ওপর বড় ধরনের নেতিবাচক প্রভাব পড়বে।
প্রথম আলো: বিশ্ববাজারে পোশাক খাতের সম্ভাবনা কেমন বলে মনে করছেন?
আহমেদ মুশফিক মোবারক: বিশ্ববাজারে বাংলাদেশের তৈরি পোশাকের বিপুল সম্ভাবনা রয়েছে। তবে তাজরীন ও রানা প্লাজার ঘটনার পর এ খাতটি কিছুটা ধাক্কা খায়। যখন এ ধরনের ঘটনা ঘটে, তখন বড় বড় ক্রেতার ওপর সংশ্লিষ্ট দেশগুলোর নাগরিকদের একধরনের চাপ তৈরি হয়। এ কারণে বড় বড় ক্রেতাও ভয়ে ভয়ে থাকেন। তাই তাজরীন ও রানা প্লাজার মতো ঘটনা এ দেশের তৈরি পোশাক খাতের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ। তাই পোশাক খাতের শ্রমিকদের নিরাপত্তা, কর্মপরিবেশ বড় বিষয়।
প্রথম আলো: পোশাক ছাড়াও আপনি প্রবাসী আয়ের কথা বলছিলেন। সেখানে বাংলাদেশের জন্য চ্যালেঞ্জগুলো কী?
আহমেদ মুশফিক মোবারক: বিশ্বের যেসব দেশ বাংলাদেশ থেকে বেশি শ্রমিক নেয়, সেসব দেশের সঙ্গে সম্পর্ক ভালো রাখা প্রথম কাজ। পাশাপাশি শ্রমিকদের দক্ষতা বাড়ানোর প্রতি বিশেষ নজর দিতে হবে। বিশেষ করে কারিগরি ও ভাষাগত দক্ষতা বৃদ্ধি করা গেলে তাতেও অনেক সুফল পাওয়া যাবে। তবে সাম্প্রতিক সময়ে বাংলাদেশে যেসব সন্ত্রাসী কর্মকাণ্ড হচ্ছে, সেগুলো শ্রমশক্তি রপ্তানিসহ রপ্তানি খাতের ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে। গত কয়েক বছরে নানাভাবে বাংলাদেশের ক্ষেত্রে সন্ত্রাসের ঝুঁকি অনেক বেড়ে গেছে।
প্রথম আলো: সন্ত্রাসের ঝুঁকিকে কি তাহলে আপনি বিনিয়োগ ও অর্থনীতির জন্য বড় হুমকি মনে করছেন?
আহমেদ মুশফিক মোবারক: অবশ্যই সন্ত্রাস বিনিয়োগ ও অর্থনীতির জন্য বড় হুমকি। যেসব দেশে সন্ত্রাসের ঝুঁকি থাকে, বিদেশি বিনিয়োগকারী ও বড় ক্রেতারা সেই দেশে যেতে ভয় পান। তখন তাঁরা প্রতিযোগী অন্য দেশের প্রতি ঝুঁকবেন। সেটি হলে তখন অর্থনীতির ওপর ধীরে ধীরে নেতিবাচক প্রভাব পড়তে শুরু করবে।
প্রথম আলো: কিন্তু সন্ত্রাসের সমস্যা তো এখন বিশ্বজনীন। এককভাবে তাহলে বাংলাদেশ কেন ক্ষতিগ্রস্ত হবে?

আহমেদ মুশফিক মোবারক: ১ জুলাই গুলশানে ও’কিচেন রেস্তোরাঁ ও হলি আর্টিজান বেকারিতে হামলার আগে সন্ত্রাসের ঝুঁকির ক্ষেত্রে বিশ্বজুড়ে বাংলাদেশের যে অবস্থান ছিল, সেটি কিন্তু বদলে গেছে। আগে বাংলাদেশকে একটি মডারেটর দেশ হিসেবে সবাই বিবেচনা করতেন। গুলশান হামলা এবং তার আগে ধারাবাহিকভাবে যেসব সন্ত্রাসী কর্মকাণ্ড ঘটেছে, সেগুলোর পর বাংলাদেশ সম্পর্কে মানুষের ধারণায় পরিবর্তন এসেছে। বিদেশি বিনিয়োগকারী ও ক্রেতারা কিন্তু এসব বিষয়কে খুব গুরুত্বের সঙ্গে বিবেচনা করেন।
প্রথম আলো: বাংলাদেশের রপ্তানি মূলত পোশাকশিল্পনির্ভর। অর্থনীতিতে একক খাত নির্ভরতার তো একধরনের ঝুঁকি থাকে। আপনি কী মনে করেন?
আহমেদ মুশফিক মোবারক: একক খাত ও পণ্যনির্ভরতা যেকোনো অর্থনীতির জন্যই ঝুঁকিপূর্ণ। তাই এখনকার বিশ্ববাস্তবতায় রপ্তানি বহুমুখীকরণের কোনো বিকল্প নেই। বাংলাদেশকেও ভবিষ্যতের প্রয়োজনে রপ্তানি পণ্যের বহুমুখীকরণের প্রতি বিশেষ নজর দিতে হবে। এটি করতে গেলে অবকাঠামো, বিদ্যুৎ-জ্বালানি খাতসহ মৌলিক কিছু খাতে বিনিয়োগ বাড়াতে হবে।
প্রথম আলো: ২০০৮ সাল থেকে বিশ্ব অর্থনীতিতে মন্দা ভাব চলছে। সাম্প্রতিক সময়ে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) থেকে যুক্তরাজ্যের বেরিয়ে যাওয়া বা ব্রেক্সিটের ফলে বাংলাদেশের ওপর তার কী ধরনের প্রভাব পড়বে বলে মনে করছেন?
আহমেদ মুশফিক মোবারক: ব্রেক্সিট বা ইইউ থেকে যুক্তরাজ্যের বেরিয়ে যাওয়ার ঘটনাটি বাংলাদেশের জন্য একটি সম্ভাবনাও তৈরি করেছে। কারণ, যুক্তরাজ্যকে এখন নতুন বাণিজ্য অংশীদার খুঁজতে হবে। এ ক্ষেত্রে এশিয়া, দক্ষিণ এশিয়া ও উত্তর আমেরিকার দেশগুলোর ওপর যুক্তরাজ্যের নির্ভরতা বেড়ে যাবে। তবে এখানে বাংলাদেশের জন্য কিছুটা চ্যালেঞ্জও আছে। কারণ, যুক্তরাজ্যের সঙ্গে অনেকগুলো চুক্তি আবার নতুনভাবে করতে হতে পারে। এ ছাড়া ঐতিহাসিকভাবে ইউরোপের সঙ্গে যোগাযোগের ক্ষেত্রে যুক্তরাজ্য ছিল বাংলাদেশের জন্য প্রবেশদ্বার। এখন যুক্তরাজ্যকে বাদ দিয়ে ইউরোপের অন্য দেশগুলোর সঙ্গে সহজ যোগাযোগের জন্য নতুন করে প্রবেশদ্বার খুঁজে বের করতে হবে।