বিনিয়োগের তিন চ্যালেঞ্জ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর একটি হোটেলে আয়োজিত অ্যামচেমের ভোজসভায় অতিথিরা l ছবি অ্যামচেমের সৌজন্যে
রাজধানীর একটি হোটেলে আয়োজিত অ্যামচেমের ভোজসভায় অতিথিরা l ছবি অ্যামচেমের সৌজন্যে

বাংলাদেশে বিনিয়োগের ক্ষেত্রে অপর্যাপ্ত অবকাঠামো, সরকারি ও আমলাতান্ত্রিক দীর্ঘসূত্রতা এবং শ্রমিক অধিকার ও নিরাপত্তা নিয়ে উদ্বেগকে বড় চ্যালেঞ্জ বলে উল্লেখ করেছেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মার্শা স্টিফেনস ব্লুম বার্নিকাট।

আমেরিকান চেম্বার অব কমার্স ইন বাংলাদেশের (অ্যামচেম) মাসিক ভোজসভায় গতকাল বৃহস্পতিবার এই তিন চ্যালেঞ্জের কথা বলেন মার্কিন রাষ্ট্রদূত। রাজধানীর ওয়েস্টিন হোটেলে আয়োজিত গতকালের সভার বিষয়বস্তু ছিল ‘ওভার কামিং চ্যালেঞ্জস ফর ফরেন ইনভেস্টমেন্ট’। এতে উপস্থিত ছিলেন বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান কাজী মো. আমিনুল ইসলাম।

গত জুলাইয়ে ১৭০টির বেশি দেশের বিনিয়োগ পরিবেশ নিয়ে প্রতিবেদন প্রকাশ করে যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট। সেই প্রতিবেদনের সূত্র ধরে বাংলাদেশে বিনিয়োগের তিন চ্যালেঞ্জের কথাটি বলেন মার্কিন রাষ্ট্রদূত। তিনি বলেন, চলতি বছরের প্রতিবেদনে উঠে এসেছে, বাংলাদেশে গ্যাস-বিদ্যুৎ, ওষুধশিল্প, তথ্যপ্রযুক্তি, টেলিকমিউনিকেশন ও অবকাঠামো খাতে বিনিয়োগের সম্ভাবনা আছে।

বিশ্বব্যাংকের ডুয়িং বিজনেস প্রতিবেদনেও বাংলাদেশের বিনিয়োগের চ্যালেঞ্জগুলো ধারাবাহিকভাবে চলে এসেছে বলে মনে করিয়ে দেন মার্শা স্টিফেনস ব্লুম বার্নিকাট। তবে তিনি বলেন, যুক্তরাষ্ট্রের কোম্পানি বাংলাদেশের বাজারে বিনিয়োগ করতে আগ্রহী। কারণ, বিশ্বের অন্যতম দ্রুত বর্ধনশীল দেশ বাংলাদেশের অবকাঠামো উন্নতির সুযোগ ও সম্ভাবনাময় মধ্যবিত্ত শ্রেণি আছে।

মার্কিন রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশে সরাসরি বিদেশি বিনিয়োগের ক্ষেত্রে এখন প্রথম অবস্থানে আছে যুক্তরাষ্ট্র। বিদায়ী অর্থবছরে এখানে ৪৫ কোটি মার্কিন ডলারের বিনিয়োগ হয়েছে। সব মিলিয়ে যুক্তরাষ্ট্রের প্রতিষ্ঠানগুলোর বিনিয়োগের পরিমাণ দাঁড়িয়েছে ৩২০ কোটি ডলার।

প্রথাগত ধারণা পাল্টে বিনিয়োগে গুণগত পরিবর্তন আনতে চান বলে মন্তব্য করেন বিডার নির্বাহী চেয়ারম্যান কাজী মো. আমিনুল ইসলাম। তিনি বলেন, আগামী পাঁচ বছরের মধ্যে বিনিয়োগের শীর্ষ ১০০ দেশের তালিকার শুরুর দিকে থাকবে বাংলাদেশ। এ জন্য ছয় মাসের মধ্যে কার্যকর ওয়ান স্টপ সার্ভিস ও দুই বছরের মধ্যে শক্তিশালী কাঠামো দাঁড় করানো হবে।

সভায় উপস্থিত ছিলেন অ্যামচেমের সভাপতি নুরুল ইসলাম, সহসভাপতি শওকত আলী সরকার ও নির্বাহী পরিচালক শাহদাৎ হোসেন।