বাংলাদেশে বিনিয়োগের পরিবেশ এখন অস্বস্তিকর। গত কয় বছরে বাংলাদেশে প্রণীত টেলিযোগাযোগ আইন বা নীতিমালাগুলোর কারণে নতুন বিনিয়োগের বিষয়টি সহজে ভাবা যাচ্ছে না। একই কারণে বাংলালিংক পুঁজিবাজারে আসার বিষয়েও কোনো সিদ্ধান্ত নিতে পারছে না।গতকাল শনিবার গুলশানের স্থানীয় একটি হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে ওরাসকম টেলিযোগাযোগ গ্রুপের প্রধান নির্বাহী কর্মকর্তা আহমেদ আবু দোমা এসব কথা বলেন। বাংলালিংকের গ্রাহকসংখ্যা আড়াই কোটি ছাড়িয়ে যাওয়া উপলক্ষে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। ওরাসকম টেলিযোগাযোগ গ্রুপটি ১৯টি মোবাইল অপারেটরের স্বত্বাধিকারী প্রতিষ্ঠান। বাংলাদেশের দ্বিতীয় মোবাইল অপারেটর বাংলালিংকও ওরাসকমের অঙ্গপ্রতিষ্ঠান।বাংলাদেশের বিনিয়োগবান্ধব পরিবেশ ফিরিয়ে আনার জন্য সরকারের প্রতি অনুরোধ জানান দুই দিনের সফরে আসা ওরাসকমের গ্রুপ সিইও দোমা। তিনি খসড়া ভাস লাইসেন্স ও খসড়া থ্রিজি লাইসেন্স নতুন করে পুনর্মূল্যায়নের জন্য সরকার তথা টেলিযোগাযোগ নিয়ন্ত্রক প্রতিষ্ঠানগুলোর প্রতি অনুরোধ জানান।সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে আবু দোমা বলেন, সম্প্রতি বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) ওয়েবসাইটে প্রকাশিত খসড়া মূল্য সংযোজিত সেবা (ভাস) লাইসেন্স নীতিমালা ও খসড়া তৃতীয় প্রজন্মের (থ্রিজি) লাইসেন্স নীতিমালা দেখার পর ব্যবসায়ীরা থ্রিজিতে বিনিয়োগে ভরসা পাবেন না।থ্রিজি লাইসেন্সের জন্য তরঙ্গ (স্পেকট্রাম)-এর দাম বেশি নির্ধারণ করা হয়েছে উল্লেখ করে দোমা আরও বলেন, টেলিযোগাযোগ খাতে অপারেটরদের ওপর উচ্চহারে কর বা মাশুল আরোপ করা উচিত নয়। কারণ, এতে ব্যবসা সম্প্রসারণে বিনিয়োগকারীরা আগ্রহ হারিয়ে ফেলেন। টেলিযোগাযোগ প্রতিষ্ঠানগুলো দেশের সর্বোচ্চ আয়কর দাতা প্রতিষ্ঠান বলে উল্লেখ করে দোমা বলেন, সিম কর বাবদ মুঠোফোন অপারেটররা ভর্তুকি দিচ্ছে। প্রতিষ্ঠার পর থেকে এ পর্যন্ত প্রায় ১০০ কোটি ডলার কর হিসাবে রাষ্ট্রীয় কোষাগারে জমা দিয়েছে বাংলালিংক।গ্রাহক বাড়লেও সে অনুপাতে বাংলালিংকের লাভ হচ্ছে না জানিয়ে দোমা বলেন, ক্রমশ বিদেশি মুদ্রার মূল্যবৃদ্ধি এবং স্থানীয় মুদ্রার অবমূল্যায়নের কারণে বাংলালিংকের খুব একটা লাভ হচ্ছে না। অন্যদিকে প্রতিনিয়ত নেটওয়ার্ক উন্নয়ন, অবকাঠামো উন্নয়নে খরচের পরিপ্রেক্ষিতে গ্রাহকপ্রতি আয় খুব কম। সংবাদ সম্মেলনে বাংলালিংকের প্রধান বাণিজ্যিক কর্মকর্তা আশের ইয়াকুব জানান, চলতি বছরের এপ্রিল পর্যন্ত নতুন ১২ লাখ ৬০ হাজার গ্রাহক যুক্ত হওয়ার মধ্য দিয়ে ২৫ মিলিয়ন বা আড়াই কোটি গ্রাহক সীমা অতিক্রম করেছে বাংলালিংক। ওরাসকমের গ্রুপ সিইও দোমা জানান, ভিম্পেলকম লিমিটেড ও উইন্ড টেলিকম এসপিএর ব্যবসায়িক সমন্বয়ের ফলে ওরাসকম টেলিকম হোল্ডিং ভিম্পেলকমের একটি অংশে পরিণত হয়েছে, যেটি এখন বিশ্বের ষষ্ঠ বৃহত্তম মোবাইল অপারেটর।