বিনিয়োগের পর্যাপ্ত জমি চায় ভারত
বাংলাদেশে বিনিয়োগ করার জন্য পর্যাপ্ত জমি চায় ভারত। পাশাপাশি বাংলাদেশে বকেয়া হয়ে থাকা ঋণপত্রগুলো দ্রুত নিষ্পত্তিরও অনুরোধ জানিয়েছে ভারত।ভারতের বাণিজ্যসচিব এস আর রাও এবং ফেডারেশন অব ইন্ডিয়ান চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (ফিকি) সভাপতি আর ভি কানোরিয়া গতকাল অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের সঙ্গে সাক্ষাৎ করে এসব অনুরোধ জানান।বৈঠক শেষে অর্থমন্ত্রী সাংবাদিকদের বলেন, আগামী মাসে খুলনায় কিছু জমি বরাদ্দের বিষয় চূড়ান্ত হবে। বরিশালে জমি দিতে সময় লাগবে। তিনি আরও বলেন, ‘বাংলাদেশে বিনিয়োগের সম্ভাবনা নিয়ে তারা খুবই আগ্রহী। আমার কাছে এই আগ্রহ খুবই ভালো লেগেছে। তারা ট্রানজিট-সুবিধা চায়। আমি তাদের স্বাগত জানিয়ে অবকাঠামো খাতে বিনিয়োগের অনুরোধ করেছি।’এদিকে বাংলাদেশ-ভারত দ্বিপক্ষীয় বাণিজ্যের বিভিন্ন বিষয় নিয়ে আজ ঢাকায় দুই দেশের বাণিজ্যসচিব পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হবে।বাংলাদেশের বাণিজ্যসচিব মাহবুব আহমেদ ও ভারতের বাণিজ্যসচিব এস আর রাও নিজ নিজ দেশের প্রতিনিধিদের নেতৃত্ব দেবেন।জানা গেছে, বৈঠকে বাংলাদেশের পক্ষ থেকে ভারতে পণ্য প্রবেশের ক্ষেত্রে বিভিন্ন অশুল্ক বাধা অপসারণের বিষয়টি বিশেষভাবে তুলে ধরা হবে। অন্যদিকে, ভারতের দিক থেকে ট্রানজিট-ট্রানশিপমেন্ট সুবিধা প্রদানের বিষয়টি তুলে ধরা হবে।ভারতের সঙ্গে দ্বিপক্ষীয় বাণিজ্যে বাংলাদেশের বর্তমানে ৪০০ কোটি ডলারের বেশি ঘাটতি রয়েছে। ২০১১-১২ অর্থবছরে ভারতে পণ্য রপ্তানি থেকে আয় হয়েছে ৪৯ কোটি ৮৫ লাখ ডলার আর ভারত থেকে বাংলাদেশ ৪৭৩ কোটি ২৬ লাখ ডলারের পণ্যসামগ্রী আমদানি করেছে। এর ফলে বাণিজ্যে ঘাটতি দাঁড়িয়েছে ৪২৩ কোটি ৪১ লাখ ডলার।