বিনিয়োগের বিজ্ঞাপন নিয়ে প্রশ্ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শেয়ারবাজারে বিনিয়োগের ক্ষেত্রে এবার নতুন প্রচারণায় নেমেছে একাধিক ব্যাংক। পত্রিকায় বিজ্ঞাপন প্রকাশ করে জানানো হচ্ছে ব্যাংকের বিনিয়োগের তথ্য। গত কয়েক দিনে দেশের বিভিন্ন সংবাদমাধ্যমে এ ধরনের ‘বিনিয়োগ বিজ্ঞাপন’ প্রকাশ করেছে তিনটি ব্যাংক। এগুলো হলো: স্ট্যান্ডার্ড ব্যাংক, এক্সিম ব্যাংক ও এনসিসি ব্যাংক। ব্যাংকগুলোর মধ্যে এনসিসি ও স্ট্যান্ডার্ড ব্যাংক ১০০ কোটি করে ২০০ কোটি টাকা এবং এক্সিম ব্যাংক একাই ২০০ কোটি টাকা বিনিয়োগের কথা বলেছে। এ ছাড়া পূবালী ব্যাংক সংবাদপত্রে বিজ্ঞপ্তি পাঠিয়ে শেয়ারবাজারে নতুন করে ৫০০ কোটি টাকা বিনিয়োগের তথ্য জানিয়েছে। ফলে চার ব্যাংক মিলে ৯০০ কোটি টাকা বিনিয়োগ করবে।শেয়ারবাজারে বিনিয়োগের ক্ষেত্রে ব্যাংকগুলোর এ ধরনের প্রচারণাকে নজিরবিহীন বলে অভিহিত করেছেন বাজারসংশ্লিষ্ট ব্যক্তিরা। এ ধরনের বিনিয়োগ বিজ্ঞাপনের উদ্দেশ্য নিয়েও প্রশ্ন উঠেছে। এর আগে ব্যাংক মালিকদের সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকসের (বিএবি) নেতারা শেয়ারবাজারে স্থিতিশীলতা ফেরাতে পাঁচ হাজার কোটি টাকার ‘বাজার স্থিতিশীলকরণ তহবিল’ গঠনের ঘোষণা দিয়েছিলেন। বিএবির সভাপতি ও এক্সিম ব্যাংকের চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদার গত বছরের অক্টোবর মাসে এ তহবিল গঠনের ঘোষণা দেন। এরপর প্রায় এক বছর হতে চললেও সেই তহবিল এখন পর্যন্ত আলোর মুখ দেখেনি। অথচ বিএবির ওই তহবিল গঠনের ঘোষণাকে কেন্দ্র করে বিনিয়োগকারীদের মধ্যে একধরনের প্রত্যাশা তৈরি হয়, যা শেষ পর্যন্ত হতাশায় পর্যবসিত হয়। বিশেষজ্ঞরা বলছেন, যেকোনো সময় ব্যাংক আইনি সীমা মেনে শেয়ারবাজারে বিনিয়োগ করতে পারে। এ জন্য এ ধরনের ‘ঢাকঢোল’ পেটানোর কোনো প্রয়োজন নেই। এ বিষয়ে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (এসইসি) সাবেক চেয়ারম্যান ফারুক আহমেদ সিদ্দিকী প্রথম আলোকে বলেন, ‘বাজার বর্তমানে যে অবস্থায় তা বিনিয়োগের খুব ভালো সময়। এই বাজারে ব্যাংকগুলো বিনিয়োগে আসছে, তা-ও ইতিবাচক দিক। কিন্তু বিজ্ঞাপন দিয়ে যখন বিনিয়োগের কথা বলা হয়, তখনই সন্দেহের উদ্রেক হওয়ার অবকাশ থাকে। এ ধরনের ঘোষণার পর বাজারে শেয়ারের দাম বাড়বে এটা ধারণা করা যায়। তাহলে ব্যাংকগুলো শেয়ারের দাম বাড়িয়ে বিনিয়োগ করতে চায় কি না, সে প্রশ্নটিও চলে আসে।’ ফারুক আহমেদ আরও বলেন, ‘এ ধরনের ঘোষণায় সাধারণ বিনিয়োগকারীদের মধ্যে একধরনের আশার সঞ্চার হয়। কিন্তু কার্যক্ষেত্রে যখন সেটির বাস্তবায়ন হয় না তখন তীব্র আস্থার সংকট দেখা দেয়। দেড় বছর ধরে আমরা আস্থা বিনষ্ট করার মতো নানা উদ্যোগই বারবার দেখছি। কখনো বাংলাদেশ ফান্ডের, কখনো বাজার স্থিতিশীলকরণ তহবিলের, আবার কখনো ব্যাংকের ব্যাপকভিত্তিক বিনিয়োগের ঘোষণা এসেছে। কিন্তু কার্যক্ষেত্রে এগুলোর কোনোটিরই সুফল আমরা দেখলাম না। বরং বারবার বাজারকে কৃত্রিমভাবে বাড়ানোর চেষ্টা হয়েছে।’ফারুক আহমেদ সিদ্দিকী বলেন, ব্যাংকগুলোর এ ধরনের ঘোষণার আইনগত বিষয়টি অবশ্যই এসইসির খতিয়ে দেখা দরকার। তবে বিনিয়োগের ঘোষণা দেওয়া প্রসঙ্গে ব্যাংকগুলোর পক্ষ থেকে বলা হচ্ছে, জনস্বার্থে ও বিনিয়োগকারীদের আস্থা বাড়াতে ইতিবাচক দৃষ্টিভঙ্গি থেকেই এ ধরনের প্রচারণার উদ্যোগ নেওয়া হয়েছে।যোগাযোগ করা হলে এনসিসি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এবং অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশের (এবিবি) চেয়ারম্যান নূরুল আমিন প্রথম আলোকে বলেন, ‘জনস্বার্থে ও বিনিয়োগকারীদের মধ্যে আস্থা বাড়াতে পত্রিকায় বিজ্ঞাপন দিয়ে বিনিয়োগের তথ্য জানানো হয়েছে। সাধারণ নিয়মেই ব্যাংকগুলো আইনি সীমার মধ্যে থেকে বাজারে বিনিয়োগ করতে পারে। সেটি হয়তো বিনিয়োগকারীদের অজানা থেকে যাবে। বাজারে আস্থা ফেরানোর ক্ষেত্রে সেটি খুব বেশি ইতিবাচক ভূমিকা রাখবে না। সেই ভাবনা থেকেই পত্রিকায় বিজ্ঞাপন দেওয়া হয়েছে।’ এর আগে বাজার স্থিতিশীলকরণ তহবিল গঠনের বিষয়ে বিএবির দেওয়া ঘোষণার বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে নূরুল আমিন বলেন, ‘তহবিল গঠনের জন্য যে ধরনের আইনি কাঠামো দরকার ছিল, সেটি না করেই ওই ঘোষণা দেওয়া হয়েছিল। শেষ পর্যন্ত সেই তহবিল আর গঠিত হয়নি। তবে এবারের ঘোষণার যথাযথ বাস্তবায়ন হবে। কারণ, ব্যাংক পরিচালনার সঙ্গে যাঁরা যুক্ত, তাঁদের সমন্বয়ে বিভিন্ন ব্যাংক এই বিনিয়োগের সিদ্ধান্ত নিয়েছে।’ এদিকে, পত্রিকায় বিজ্ঞাপন বা বিজ্ঞপ্তি দিয়ে বিনিয়োগের ঘোষণা দেওয়া হলেও শেয়ারবাজারে তালিকাভুক্ত এসব ব্যাংকের বিনিয়োগের এ সিদ্ধান্তের বিষয়ে ডিএসইর ওয়েবসাইটে কোনো তথ্য দেওয়া হয়নি। এসইসির একটি সূত্র জানিয়েছে, তালিকাভুক্ত কোম্পানির এ ধরনের বিনিয়োগের সিদ্ধান্ত মূল্য সংবেদনশীল তথ্যের আওতায় পড়ে। নিয়ম অনুযায়ী এ ধরনের সিদ্ধান্ত হওয়ার ৩০ মিনিটের মধ্যে অবশ্যই তা এসইসি ও ডিএসইকে জানাতে হবে। এমনকি ডিএসইর ওয়েবসাইটে এসব তথ্য প্রকাশেরও বাধ্যবাধকতা রয়েছে। এ সম্পর্কে জানতে চাইলে এনসিসি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক নুরুল আমিন বলেন, ‘মূল্য সংবেদনশীল তথ্য বলেই পরিচালনা পর্ষদের সভায় সিদ্ধান্ত হওয়ার পরপরই আমরা তা এসইসি ও ডিএসইকে ফ্যাক্সযোগে জানিয়েছি।’তবে এ বিষয়ে জানতে এসইসির চেয়ারম্যানসহ সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও কোনো মতামত জানা যায়নি। এ নিয়ে নিয়ন্ত্রক সংস্থা নীরব ভূমিকা পালন করছে, যা সন্দেহের মাত্রা বাড়িয়ে দিচ্ছে। এর আগে এসইসির সঙ্গে সভা করে সংস্থাটির সম্মেলনকক্ষে বসে তহবিল গঠনের ঘোষণা দিয়েছিল বিএবি। কিন্তু বাস্তবে কিছুই করা হয়নি। এসইসিও সে ব্যাপারেও কোনো পদক্ষেপ নেয়নি। নিয়ন্ত্রক সংস্থার এ ধরনের দুর্বলতার সুযোগে নানা গোষ্ঠী শেয়ারবাজারে নানা প্রলোভন তৈরি করছে বলে বিশেষজ্ঞরা মনে করছেন। তাঁরা বলছেন, শেয়ারবাজার নিয়ে অনেক কিছুই ঘটছে, যা এসইসি দেখেও না দেখার এবং জেনেও না জানার কৌশল অবলম্বন করছে।