
ঋণ-সংকট কয়েক দিনের মধ্যেই মার্কিন যুক্তরাষ্ট্রকে ‘অত্যন্ত বিপদের মুখে’ ঠেলে দিতে পারে বলে বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট জিম ইওং কিম দেশটিকে সতর্ক করে দিয়েছেন।
জিম ইওং কিম যুক্তরাষ্ট্রকে আগামী বৃহস্পতিবার নাগাদ ঋণ গ্রহণের সর্বোচ্চ সীমা নির্ধারণের আহ্বান জানিয়েছেন। তাঁর মতে, আর্থিক বাজার থেকে ঋণ নেওয়ার বিষয়ে কোনো সিদ্ধান্তে পৌঁছাতে না পারলে মার্কিন খাজাঞ্চি বা রাজস্ব বিভাগ তহবিল-সংকটে পড়বে। যে কারণে বিশ্বব্যাপী আর্থিক বাজারে ভয়াবহ প্রভাব পড়বে।
বিশ্বব্যাংক-প্রধানের মতে, আলোচ্য সময়ের মধ্যে দেশটি ঋণ গ্রহণের সীমা ঠিক করতে না পারলে তা হবে একটি ‘বিপজ্জনক ঘটনা’; যার বিপজ্জনক প্রভাব পড়বে উন্নয়নশীল বিশ্বের ওপর। এ ছাড়া উন্নতশীল অর্থনীতিগুলোতেও আঘাত আসবে।
ওয়াশিংটনে বিশ্বব্যাংকের বার্ষিক সাধারণ সভায় জিম ইওং কিম বলেন, ‘যুক্তরাষ্ট্র সরকার কোনো পদক্ষেপ নিতে না পারলে সুদের হার বাড়বে, আস্থা কমবে ও অর্থনৈতিক প্রবৃদ্ধি শ্লথ হয়ে পড়বে।’
এদিকে যুক্তরাষ্ট্রের সরকারি দল ডেমোক্র্যাট পার্টি ও বিরোধী রিপাবলিকানরা ঋণ গ্রহণের সর্বোচ্চ সীমা নির্ধারণে গত শনিবার পর্যন্ত ঐকমত্যে পৌঁছাতে পারেনি। ডেমোক্র্যাটদলীয় সিনেটর ডিক ডারবিন অবশ্য জানান, তাঁদের লক্ষ্য হচ্ছে সোমবার (আজ) পুনরায় আর্থিক বাজার শুরু হওয়ার আগেই ঋণসীমা বাড়ানোই হচ্ছে তাঁদের লক্ষ্য।
অন্যদিকে মার্কিন প্রেসিডেন্টের কার্যালয় হোয়াইট হাউস স্বল্পমেয়াদে ঋণ গ্রহণের সীমা বাড়ানোর সম্ভাবনা নাকচ করে দিয়েছেন।
গত ১ অক্টোবরের মধ্যে বাজেট পাসের কথা থাকলেও বিরোধী দল চলতি ব্যয়ের অর্থায়ন নিয়ে একমত হতে না পারায় মার্কিন সরকার তা করতে পারেনি।
প্রেসিডেন্ট বারাক ওবামা স্বাস্থ্যসেবা সংস্কার আইন ২০১০ বিলম্বিত বা বাতিল না করলে রিপাবলিকানরা বাজেট পাসের অনুমোদন দেবে না বলে জানিয়ে দিয়েছে। সূত্র: বিবিসি।