বিপণিবিতানে জাল নোট শনাক্তকারী যন্ত্র দেবে এফবিসিসিআই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টাকার জাল নোট নিয়ে ক্রেতা-বিক্রেতাদের ভোগান্তি কমাতে সারা দেশে ১৩০টি বিপিণবিতানে জাল নোট শনাক্তকারী যন্ত্র সরবরাহের উদ্যোগ নিয়েছে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশন (এফবিসিসিআই)।
এরই অংশ হিসেবে আজ সোমবার রাজধানীর ৪০টি বিপিণবিতানের ব্যবসায়ী সমিতির নেতাদের কাছে এ যন্ত্র হস্তান্তর করা হবে। বাংলাদেশ ব্যাংকের সহায়তায় এ উদ্যোগটি বাস্তবায়ন করছে এফবিসিসিআই।
বাংলাদেশ ব্যাংক গতকাল রোববার এফবিসিসিআইয়ের কাছে ১৩০টি যন্ত্র সরবরাহ করেছে বলে এফবিসিসিআই সূত্র জানিয়েছে। ব্যবসায়ী ও ক্রেতাদের সুবিধার্থে বিপিণবিতানগুলোতে এসব যন্ত্র বিনামূল্যে সরবরাহ করা হচ্ছে।
রাজধানীর মতিঝিলে ফেডারেশন ভবনে আজ এফবিসিসিআইয়ের সভাপতি কাজী আকরাম উদ্দিন আহ্মদের সভাপতিত্বে এক অনুষ্ঠানে এসব যন্ত্র সরবরাহ করা হবে।অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর মো. আবুল কাসেম, নির্বাহী পরিচালক দাশগুপ্ত অসীম কুমারসহ ব্যবসায়ী নেতারা উপস্থিত থাকবেন।
এফবিসিসিআই বলছে, ঈদের আগে বাড়তি বেচাকেনার সুযোগে টাকা জালকারী কয়েকটি চক্র সক্রিয় হয়ে উঠেছে। এ বিষয়ে বিভিন্ন বিপিণবিতান থেকে এফবিসিসিআইয়ে বেশ কিছু অভিযোগও এসেছে। এরই পরিপ্রেক্ষিতে এসব চক্রের অপতৎপরতা ঠেকাতে টাকার জাল নোট শনাক্তকারী যন্ত্র দেওয়ার উদ্যোগ নেয় এফবিসিসিআই।
এফবিসিসিআই সূত্র জানায়, আজ ঢাকার ৪০টি বিপিণবিতানের জন্য জাল নোট শনাক্তকারী যন্ত্র দেওয়া হবে। পরে প্রতিটি বিভাগীয় শহরের বিপিণবিতানে ১০টি করে যন্ত্র সরবরাহ করা হবে। ২৫ জুলাই চট্টগ্রামে ২০টি যন্ত্র দেওয়া হবে।