বিপণিবিতানে জালনোট শনাক্তকারী যন্ত্র বসবে
রাজধানীর বিপণিবিতানগুলোয় জাল নোট শনাক্তকারী মেশিনসহ বুথ বসানোর পরিকল্পনা করেছে বাংলাদেশ ব্যাংক। ঈদের বাজারে যাতে জাল নোট ঢুকতে না পারে সে লক্ষ্যে প্রথমবারের মতো দোকান মালিক সমিতিকে এই মেশিন দেওয়া হচ্ছে। খবর বাসসের।
জানা গেছে, আগামী রোববার ঢাকার বড় বড় শপিং মলগুলোতে ৫০টি জাল নোট শনাক্তকারী মেশিন সরবরাহ করা হবে।
এ প্রসঙ্গে বাংলাদেশ ব্যাংকের কারেন্সি ম্যানেজমেন্ট বিভাগের দায়িত্বপ্রাপ্ত নির্বাহী পরিচালক দাশগুপ্ত অসীম কুমার বাসসকে বলেন, ‘ঈদের কেনাকাটার সুযোগে বাজারে কেউ যাতে জাল নোট ছড়াতে না পারে সে জন্য নিউমার্কেট, বসুন্ধরা সিটি, কর্ণফুলী সিটি গার্ডেন, পলওয়েল মার্কেটসহ রাজধানীর বড় বড় বিপণিবিতানে জাল নোট শনাক্তকারী মেশিন নিয়ে বুথ বসানো হবে।’
অসীম আরও বলেন, এর আগে প্রতিবছর কোরবানির ঈদে ব্যাংক ও আইনশৃঙ্খলা বাহিনীকে জাল নোট শনাক্তকারী মেশিন সরবরাহ করা হলেও এবারই প্রথম দোকান মালিক সমিতিকে মেশিন দেওয়া হচ্ছে। প্রথম পর্যায়ে ঢাকায় ৫০টি যন্ত্র সরবরাহ করা হবে। এ ছাড়া ঢাকার বাইরে বাংলাদেশ ব্যাংকের শাখা অফিস থেকেও চট্টগ্রাম, খুলনা, রাজশাহী, সিলেট, বগুড়া, বরিশাল, রংপুর ও ময়মনসিংহে অল্প সংখ্যক মেশিন সরবরাহ করা হবে।
বর্তমানে ব্যাংকের প্রতিটি শাখায় জাল নোট শনাক্তকারী মেশিন রাখার নির্দেশনা দেওয়া আছে। তা ছাড়া ব্যাংকের শাখার দৃশ্যমান স্থানে নোটের নিরাপত্তাসংক্রান্ত তথ্যসমৃদ্ধ পোস্টার লাগানোর নির্দেশনা দেওয়া হয়েছে।