বিপর্যস্ত ইস্পাত ব্যবসা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিপর্যস্ত ইস্পাত ব্যবসা
বিপর্যস্ত ইস্পাত ব্যবসা

চট্টগ্রামের ফৌজদারহাটে অবস্থিত এসএল স্টিল কারখানা। ম্যানুয়াল পদ্ধতিতে এই কারখানায় রড তৈরি হয়। তিন মাস আগেও কারখানাটি প্রতি মাসে গড়ে এক হাজার ২০০ টন রড দেশের বিভিন্ন স্থানে বিক্রি করত। কিন্তু গত ২০ দিনে এক টন রডও বিক্রি করতে পারেনি প্রতিষ্ঠানটি।
এ কারণে প্রায় চার হাজার টন রড গুদামে মজুত হয়ে আছে। ৮০ শতাংশের নিচে উৎপাদন কমে গেছে। এর মধ্যেই দুই-তৃতীয়াংশ শ্রমিকও ছাঁটাই করতে হয়েছে। প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক মো. লোকমান জানান, ‘ব্যাংক থেকে ঋণ নিয়ে প্রায় ২০০ কোটি টাকা বিনিয়োগ করেছি। এখন সুদ টানতেই জীবন যাচ্ছে।’
ম্যানুয়াল রড তৈরির আরেকটি প্রতিষ্ঠান টোটাল স্টিল। ক্রেতা ও কাঁচামালের অভাবে দুই মাস ধরে কারখানাটির উৎপাদন একেবারেই বন্ধ রয়েছে। এতে করে প্রতিদিন দুই লাখ টাকা করে লোকসান দিতে হচ্ছে বলে জানান প্রতিষ্ঠানটির মালিক মো. আমিন।
ম্যানুয়াল প্রতিষ্ঠানগুলোর মতো একই অবস্থা অটো রি-রোলিং কারখানাগুলোরও। বাংলাদেশের ৩০টি অটো রি-রোলিং কারখানার একটি রতনপুর স্টিল রি-রোলিং মিলস (আরএসআরএম)। প্রতিদিন গড়ে ৬০০ থেকে ৮০০ টন রড উৎপাদনকারী প্রতিষ্ঠানটির উৎপাদন বর্তমানে অর্ধেকেরও নিচে নেমে গেছে বলে জানিয়েছেন এর চেয়ারম্যান মাকসুদুর রহমান।
প্রথম আলোকে মাকসুদুর বলেন, ‘বিলেটভর্তি আমার ১৫০টি কনটেইনার আটকে আছে চট্টগ্রাম বন্দরে। আবার কেমিক্যালের চালান আটকে আছে বেনাপোল স্থলবন্দরে। ঝুঁকি নিয়ে এগুলো আনতে পারছি না। প্রতিদিনই ব্যবসা কমছে। কত ক্ষতি হচ্ছে, সেটিও নির্ণয় করতে পারছি না।’
এসব চিত্রই বলে দেয় যে কতটা বড় বিপর্যয়ের মুখে পড়েছে ইস্পাতশিল্প। টানা অবরোধ ও হরতালে উৎপাদন বন্ধ রেখেছে বেশির ভাগ কারখানা। আবাসন ব্যবসায় ধসের সঙ্গে বর্তমান রাজনৈতিক সংকট যোগ হওয়ায় চোখে অন্ধকার দেখছেন ইস্পাত ব্যবসায়ীরা।
একদিকে কাঁচামালের সংকট, অন্যদিকে উৎপাদিত পণ্য সরবরাহ করতে না পারায় গুদামগুলো পূর্ণ হয়ে আছে পণ্যে। ব্যবসা বন্ধ থাকায় প্রতিদিনই কোটি কোটি টাকা লোকসান দিতে হচ্ছে। ঝুঁকির মুখে পড়েছে প্রায় ৩০ হাজার কোটি টাকা বিনিয়োগের এ খাতটি। কার কত ক্ষতি হয়েছে, সে হিসাব কষতে বসেও হিমশিম খাচ্ছেন ব্যবসায়ীরা।

চলমান রাজনৈতিক অস্থিরতায় গত দুই মাসে স্থবির হয়ে আছে কাঁচামালের জোগান। টানা অবরোধে আমদানি করা কাঁচামাল ছাড়ানো যাচ্ছে না বন্দর থেকে। সীতাকুণ্ডের শিপ ইয়ার্ডগুলো থেকেও স্ক্র্যাপ সরবরাহ করা যাচ্ছে না।

জানা গেছে, ছোট-বড় ম্যানুয়াল, অটো রি-রোলিং ও স্টিল মিল মিলিয়ে বাংলাদেশে ইস্পাত প্রস্তুতকারী প্রতিষ্ঠানের সংখ্যা ৩০০। টানা হরতাল-অবরোধে এখন বেশির ভাগ প্রতিষ্ঠানের উৎপাদন নেমে গেছে অর্ধেকেরও নিচে। যেসব রড উৎপাদনকারী প্রতিষ্ঠানের কাছে মজুত করা কাঁচামাল ছিল, তারা সেগুলো দিয়ে উৎপাদন চালিয়ে গেছেন কিছুদিন। বাধ্য হয়ে অনেক প্রতিষ্ঠান উৎপাদন বন্ধ রেখেছে।

বাংলাদেশ স্টিল রি-রোলিং মিলস (বিএসআরএম) বাংলাদেশের রড উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলোর মধ্যে উল্লেখযোগ্য একটি। এর নির্বাহী পরিচালক তপন সেনগুপ্ত বলেন, ‘আবাসন ব্যবসার লাভক্ষতির সঙ্গে আমাদের ব্যবসা প্রত্যক্ষভাবে জড়িত। গত এক বছরে এমনিতেই রডের উৎপাদন কমাতে হচ্ছিল। কিন্তু এখন পরিস্থিতির শিকার হয়ে পুরো উৎপাদন বন্ধ রাখতে হচ্ছে।’

গত ৯ ডিসেম্বর আবাসন প্রতিষ্ঠানগুলোর সংগঠন রিহ্যাব এক সংবাদ সম্মেলনে জানায়, গত এক বছরে আবাসন ব্যবসায়ীদের বেচা-বিক্রি সর্বনিম্ন পর্যায়ে পৌঁছেছে। গত মাসে রডের দাম বেড়ে গেছে বলেও অভিযোগ করেছিল তারা।

তবে দাম বাড়া প্রসঙ্গে রড ব্যবসায়ীরা বলছেন তাঁদের অসহায়ত্বের কথা। তাঁরা জানান, আবাসন ব্যবসায় ধস নামায় এক বছর ধরেই ইস্পাত ব্যবসা ক্ষতিগ্রস্ত হচ্ছে। বর্ষাকালে চাহিদা পড়ে যাওয়ায় বাধ্য হয়ে কয়েক মাস আগে টনপ্রতি ১২ হাজার টাকা পর্যন্ত রডের দাম কমাতে হয়েছে ব্যবসায়ীদের। সম্প্রতি কাঁচামালের দাম বৃদ্ধি ও পরিবহন খরচ দ্বিগুণ হওয়ায় প্রায় ছয় হাজার টাকা দাম বাড়ানো হয়েছে। কিন্তু তার পরও ঠেকানো যাচ্ছে না আর্থিক লোকসান।

টিসিবির হিসাবে, গত ১৫ নভেম্বর পর্যন্ত যেখানে এক টন ৬০ গ্রেডের রডের দাম ছিল ৫৭ হাজার ৯০০ টাকা, সেখানে ২৩ ডিসেম্বর এসে তার দাম বেড়ে দাঁড়িয়েছে ৬৩ হাজার ৫০০ টাকা পর্যন্ত।

এদিকে, প্রতি টনে লোকসান গুনছেন ম্যানুয়াল রড ব্যবসায়ীরাও। তাঁদের দেওয়া হিসাবমতে, এক টন কাঁচামাল কিনতে খরচ পড়ে ৩৮ হাজার টাকা। এর সঙ্গে গ্যাস, বিদ্যুৎ, শ্রমিক, ব্যাংকের সুদ ইত্যাদি খরচ মিলিয়ে এক টন রড উৎপাদনে খরচ পড়ে ৪৭ থেকে ৪৮ হাজার টাকা। কিন্তু বর্তমানে প্রতি টনে ৪৩ হাজার টাকার ওপরে দাম পাচ্ছেন না তাঁরা।

সংশ্লিষ্ট ব্যবসায়ীরা জানান, বর্ষার তিন মাস এ খাতে কোনো ব্যবসাই হয় না। অক্টোবরের শেষ থেকে জানুয়ারি পর্যন্ত ব্যবসা করে পুরো বছরের লাভ তুলে নিতে হয়। অথচ এখন লাভ তো দূরের বিষয়, ব্যবসা সচল রাখতেই হিমশিম খেতে হচ্ছে তাঁদের।

বাংলাদেশ অটো রি-রোলিং অ্যান্ড স্টিল মিলস অ্যাসোসিয়েশনের সভাপতি মাসাদুল আলম প্রথম আলোকে বলেন, ‘ক্ষুদ্র ও
মাঝারি শিল্পের ক্ষতির বিষয়ে নানা উদ্যোগের কথা শোনা যাচ্ছে। কিন্তু ভারী শিল্পের ক্ষতি নিয়ে কেউ কোনো কথা বলছেন না। এ খাতের ব্যবসার এখন যে অবস্থা, তাতে আমাদের ব্যাংকের সুদ মওকুফ ও ঋণ পুনঃ তফসিলের সুযোগ দিতে হবে। না হলে ব্যবসায় ধস নামবে।’

রড তৈরির কাঁচামালের অন্যতম উৎস জাহাজভাঙা শিল্প। জাহাজভাঙা শিল্পমালিকদের সংগঠন বাংলাদেশ শিপ ব্রেকিং ইয়ার্ড অ্যাসোসিয়েশনের হিসাবমতে, এ বছরের প্রথম ছয় মাসে আমদানি করা বাতিল জাহাজের সংখ্যা ছিল ৯২টি। কিন্তু পরের ছয় মাসে এ সংখ্যা কেবলই কমছে।

বাংলাদেশ শিপ ব্রেকিং ইয়ার্ড অ্যাসোসিয়েশনের সভাপতি হেফাজতুর রহমান প্রথম আলোকে বলেন, ‘জাহাজভাঙা শিল্পের ব্যবসা কমে যাচ্ছে দেশে। প্রতিটি ইয়ার্ডে এখন স্ক্র্যাপের স্তূপ। টেন্ডার ডেকে সর্বনিম্ন দামও পাচ্ছি না। এত খারাপ সময় আর আসেনি আমাদের ব্যবসায়।’

ক্ষতির হিসাব কষতে হিমশিম খেতেহচ্ছে

n  উৎপাদন বন্ধ রেখেছে অনেক কারখানা

n  প্রায় ৩০ হাজার কোটি টাকার বিনিয়োগ ঝুঁকির মুখে

n  বিভিন্ন কারখানার গুদামে উপচে পড়ছে পণ্য

টিসিবির হিসাবে, গত এক মাসের ব্যবধানে ৬০ গ্রেডের এক টন রডের দাম পাঁচ হাজার ৬০০ টাকা বেড়েছে। তবে দাম বাড়িয়েও আর্থিক লোকসান ঠেকানো

যাচ্ছে না   

একদিকে কাঁচামালের সংকট, অন্যদিকে উৎপাদিত পণ্য

সরবরাহ করতে না পারায় গুদামগুলো পূর্ণ হয়ে আছে

পণ্যে। ব্যবসা বন্ধ থাকায় প্রতিদিনই কোটি কোটি টাকা লোকসান দিতে হচ্ছে

“দুই-তৃতীয়াংশ

শ্রমিক ছাঁটাই

করতে হয়েছে

মো. লোকমান

ব্যবস্থাপনা পরিচালক

এসএল স্টিল