রাজধানীর ফার্মগেটে ফুটপাতের ওপর প্যান্ট বিক্রি করেন মোহাম্মদ জমির। দুপুর পর্যন্ত প্রতিদিন গড়ে ৮ থেকে ১০টি প্যান্ট বিক্রি হয় তাঁর। গতকাল মঙ্গলবার দুপুর পর্যন্ত বিক্রি হয়নি একটিও। তার ওপর আতঙ্ক। কখন, কে, কোন দিক থেকে এসে অস্থায়ী দোকানেই আগুন লাগিয়ে দেয়।মধ্য বাড্ডা এলাকায় একটি মুদি দোকানের শাটার আধা বন্ধ অবস্থায় দেখা গেল। পাশে দাঁড়িয়ে রফিকুল ইসলাম। এটি তাঁর দোকান। দোকান এভাবে রেখেছেন কেন জানতে চাইলে তিনি বলেন, ‘কয়েক শ টাকা বিক্রির জন্য কয়েক হাজার টাকার জিনিস হারাব নাকি?’বিএনপির ডাকা টানা দুই দিনের হরতালের দ্বিতীয় দিনের দুটি খণ্ডচিত্র এগুলো। এভাবেই হরতালে দেশের সব স্তরের ব্যবসা-বাণিজ্য ক্ষতিগ্রস্ত হয়, লোকসানে পড়েন হাজার হাজার বড় ও ক্ষুদ্র ব্যবসায়ী।এ মাসের শুরুতেই ছিল বিএনপি-জামায়াতে ইসলামীর ডাকা টানা তিন দিনের হরতাল। একদিন বিরতি দিয়ে আবার হরতাল। সোমবার থেকে আবার শুরু হয়েছে টানা দুই দিনের হরতাল। এক দিন বিরতিতে আগামীকাল বৃহস্পতিবার আবারও হরতাল পালিত হবে ঢাকায়।হরতাল ও রাজনৈতিক অস্থিরতায় বেশির ভাগ নিত্যপণ্যের সরবরাহব্যবস্থা ভেঙে পড়েছে। পণ্য সরবরাহ করতে না পেরে অনেক প্রতিষ্ঠানকে তা কারখানায় রেখে দিতে হচ্ছে। উৎপাদনও কমিয়ে দেওয়া হচ্ছে। সমুদ্র ও স্থলবন্দরগুলোতে কাঁচামাল পড়ে থাকলেও সেগুলো ছাড় করিয়ে আনতে পারছে না প্রতিষ্ঠানগুলো। সব মিলিয়ে ব্যবসাপ্রতিষ্ঠানগুলোকে গুনতে হচ্ছে বিপুল অঙ্কের লোকসান।এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি এ কে আজাদ প্রথম আলোকে বলেন, ‘এ রকম হরতাল-সহিংসতায় ব্যবসা করা সম্ভব নয়। গার্মেন্টসের বেশ কিছু অর্ডার বাতিল হয়ে গেছে। মিয়ানমারসহ কয়েকটি দেশে এসব চলে গেছে।’ভোজ্যতেল, চিনি, আটা, ময়দাসহ নিত্যপণ্যের প্রায় সবকিছুই পাইকারি বিকিকিনি হয় রাজধানীর মৌলভীবাজারে। এখানে সব মিলিয়ে দোকান আছে দুই থেকে আড়াই হাজার। গতকাল খোলা ছিল বড়জোর ৫০ থেকে ৬০টি দোকান।মৌলভীবাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক গোলাম মাওলা বলেন, ‘সারা দেশ থেকে আমাদের এখানে পণ্য আসছে না। বিভিন্ন স্থানের পাইকার ও খুচরা বিক্রেতারাও এখানে আসতে পারছেন না। তাই দোকানই বন্ধ রাখতে হচ্ছে। এতে সব পণ্যেরই পাইকারি দাম কমে গেছে। আবার আমাদের কাছ থেকে যারা পণ্য কিনে নিয়ে গেছে, তারাও টাকা পরিশোধ করছে না।’ইসলামপুরের পাইকারি কাপড় ব্যবসায়ীদের ঈদের মৌসুম শুরু হয়ে যায় মার্চ মাসেই। কিন্তু এবার তা হয়নি। হরতালের কারণে ঢাকার বাইরের ক্রেতারা এখানে আসতে পারছেন না। খোলা রেখে লাভ নেই ভেবে ব্যবসায়ীরাও তাঁদের দোকান বন্ধ রাখছেন।ইসলামপুর বস্ত্র ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মাসুদুর রহমান প্রথম আলোকে বলেন, ‘১৮-১৯ বছরের ব্যবসায়ী জীবনে এমন লোকসান দেখিনি। গত মৌসুম থেকে মন্দা চলছে। এর মধ্যে আবার ঘন ঘন হরতাল। সন্ধ্যার পরও আমরা দোকান খুলতে পারি না। তখন ব্যাংক বন্ধ থাকে।’বেনাপোল স্থলবন্দরের যুগ্ম কমিশনার ফয়জুর রহমান বলেন, এ বন্দরে গতকাল বিকেল পর্যন্ত ৭০১টি পণ্যবাহী ট্রাক খালাসের অপেক্ষায় ছিল। হরতালের কারণে এসব ট্রাক বন্দর থেকে বের হতে পারছে না। এর মধ্যে ৪০টি ট্রাকে আছে আমদানি করা পেঁয়াজ, পান, মাছসহ অন্যান্য পচনশীল পণ্য। আর বাকিগুলোতে রয়েছে ফেব্রিকস, রাসায়নিকসহ গার্মেন্টস ও ইপিজেডের বিভিন্ন প্রতিষ্ঠানের কাঁচামাল। এসব পণ্য বন্ডেড-সুবিধার আওতায় এসেছে।