বিপর্যয়ে কক্সবাজারের পর্যটনশিল্প

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কক্সবাজার সমুদ্রসৈকত এখন ফাঁকাই পড়ে থাকে l প্রথম আলো
কক্সবাজার সমুদ্রসৈকত এখন ফাঁকাই পড়ে থাকে l প্রথম আলো

২৪ জানুয়ারি বেলা ১১টা। কক্সবাজার সমুদ্রসৈকতের লাবণী পয়েন্ট। খাঁ খাঁ করছে চারপাশ। বিশাল সৈকতে পর্যটক আছেন জনা বিশেক। ফাঁকা বসার ছাতাগুলো। একই অবস্থা সমুদ্রপাড়ের দোকানেও। কর্মচারীরা অলস সময় কাটাচ্ছেন।
অথচ এই সময়ে পর্যটকে ঠাসা থাকার কথা। কিন্তু টানা হরতাল-অবরোধে এখন পর্যটকশূন্য কক্সবাজার। খালি পড়ে আছে তিন শতাধিক হোটেল-মোটেল ও গেস্টহাউস।
২০১৩ সালে পুরো পর্যটন মৌসুমেই ছিল রাজনৈতিক অস্থিরতা। পরের বছর ক্ষতি পুষিয়ে নেওয়ার আগেই শুরু হয় আবার তাণ্ডব। এবার চলতি বছরেও ৬ জানুয়ারি থেকে টানা হরতাল-অবরোধ। এ কারণে ধস নেমেছে পর্যটন ব্যবসায়। ব্যবসায়ীরা জানান, ২৪ জানুয়ারি পর্যন্ত ১৯ দিনের হরতাল-অবরোধে ক্ষতি হয়েছে প্রায় ২৮০ কোটি টাকা।
সৈকতের নামার প্রধান ফটক লাবণী পয়েন্টে হোটেল কল্লোলের অবস্থান। এ কারণে যেকোনো সময় এই হোটেল পর্যটকে ভরপুর থাকে। কিন্তু এখন খালি। হোটেলের ব্যবস্থাপনা পরিচালক আশরাফ উদ্দিন আহমদ বলেন, গত ২০ দিনের অবরোধে হোটেলের ১৪১টি কক্ষ খািল পড়ে আছে। এতে দৈনিক লোকসান হচ্ছে ৮০ হাজার টাকার বেশি।
শহরের ঝাউতলার সাগরগাঁও হোটেলের মালিক শাহেদুল ইসলাম জানান, তাঁর হোটেলের ৭২টি কক্ষও প্রতিদিন খালি যাচ্ছে। এ ক্ষেত্রে প্রতিদিন লোকসান গুনতে হচ্ছে ৪৮ হাজার টাকা করে।
কক্সবাজার হোটেল-মোটেল গেস্টহাউস মালিক সমিতির সাধারণ সম্পাদক আবুল কাশেম সিকদার বলেন, ১৭ ডিসেম্বর থেকে ৪ জানুয়ারি পর্যন্ত অন্তত সাত লাখ পর্যটক কক্সবাজার সৈকত ভ্রমণ করেন। এখন পুরো শহরে ১০০ জন পর্যটকও নেই। প্রতিটি হোটেল দৈনিক ৩০ হাজার থেকে দেড় লাখ টাকা পর্যন্ত লোকসান দিচ্ছে। সেই হিসাবে প্রতিদিন আবাসিক খাতে দেড় কোটি, রেস্তোরাঁয় এক কোটি এবং পর্যটন-সংশ্লিষ্ট অন্যান্য প্রতিষ্ঠানে ৫০ লাখ টাকা করে লোকসান দিচ্ছেন ব্যবসায়ীরা।
হোটেল মালিক সমিতি বলছে, হোটেল ও রেস্তোরাঁয় কর্মরত ৩০ হাজার কর্মচারীর জীবন-জীবিকা হুমকির মুখে পড়েছে। লোকসানের কারণে ইতিমধ্যে ১২ হাজার কর্মচারী ছাঁটাই করতে হয়েছে।
কক্সবাজারের টুর অপারেটর অ্যাসোসিয়েশনের সভাপতি এস এম কিবরিয়া খান বলেন, পর্যটক না থাকায় শহরের দুই শতাধিক টুরিজম প্রতিষ্ঠান বন্ধ। এসব প্রতিষ্ঠানের দুই হাজার কর্মচারী বেকার জীবন কাটাচ্ছেন। উখিয়ার ইনানী সৈকত, পাহাড়ি ঝরনার হিমছড়ি, ডুলাহাজারা সাফারি পার্ক, রামুর বৌদ্ধপল্লি, টেকনাফ ও সেন্ট মার্টিন দ্বীপের হোটেল, মোটেলসহ পাঁচ শতাধিক ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ। এসব খাতেও প্রতিদিন পাঁচ কোটি টাকা লোকসান গুনতে হচ্ছে।
সৈকতে শামুক-ঝিনুক দিয়ে তৈরি পণ্য বিক্রির দোকান রয়েছে ১৬৫টি। এখন পর্যটক নেই, তাই এসব দোকানের বিক্রিও বন্ধ। সৈকত ঝিনুক মার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি কাশেম আলী জানান, হরতাল-অবরোধে ১৬৫টি দোকানের দৈনিক ক্ষতি হচ্ছে প্রায় ৪৬ লাখ টাকা করে। ইতিমধ্যে ৬০টির বেশি দোকান বন্ধ হয়ে গেছে। বেকার হয়েছেন কয়েক শ কর্মচারী।
পর্যটন-সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী হরতাল-অবরোধের সময় মহাসড়কে গণপরিবহন চলাচলে নিরাপত্তা নিশ্চিত করলে পর্যটকেরা সৈকত ভ্রমণে আগ্রহ দেখাতেন।
কক্সবাজার জেলা প্রশাসক রুহুল আমিন বলেন, পর্যটক টানতে ফেব্রুয়ারি মাস থেকে বিশেষ উদ্যোগ হাতে নেওয়া হয়েছে। এতে পর্যটকদের কম মূল্যে হোটেল থাকা-খাওয়া, বিমানে আসা-যাওয়ার পাশাপাশি সাংস্কৃতিক উৎসব আয়োজন করা হবে।