বিপাকে পড়বে দেশীয় শিল্প

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

আগামী অর্থবছর থেকে মূল্য সংযোজন কর (মূসক) ও সম্পূরক শুল্ক আইন বাস্তবায়িত হলে বিপাকে পড়বে অনেক দেশীয় শিল্প খাত। আমদানি পর্যায়ে প্রায় ১ হাজার ২০০ পণ্যের ওপর থেকে সম্পূরক শুল্ক উঠে যাবে। এতে আমদানিতে খরচ কমবে। বিদেশ থেকে ওই সব পণ্য আনতে উৎসাহিত হবেন আমদানিকারকেরা। সুরক্ষা কমবে দেশীয় উৎপাদকদের।
নতুন আইনে স্থানীয় পর্যায়ে উৎপাদিত প্রায় দেড় শ পণ্যের নতুন করে সম্পূরক শুল্ক বসানোর সুযোগ থাকছে। সরকার যদি এসব পণ্যের ওপর সম্পূরক শুল্ক বসায়, তাহলে দেশে উৎপাদিত ওই সব পণ্যের দাম বাড়তে পারে।
ব্যবসায়ীরা বলছেন, নতুন আইনটি হলে যেসব পণ্য আমদানিতে সম্পূরক শুল্ক তুলে নেওয়া হবে, ওই সব পণ্যের স্থানীয় উৎপাদকেরা দামের প্রতিযোগিতায় পিছিয়ে পড়বেন। আবার ব্যবসায়ীদের মধ্যে যাঁরা আমদানিকারক, তাঁরা লাভবান হবেন।
বর্তমানে আমদানি পর্যায়ে ১ হাজার ৩৬২টি পণ্য ও সেবার ওপর বিভিন্ন হারে সম্পূরক শুল্ক আরোপ আছে। আর স্থানীয় পর্যায়ে উৎপাদিত সিগারেট, বিড়ি, শ্যাম্পু, টাইলসসহ ২৫-৩০টি পণ্যের ওপর সম্পূরক শুল্ক দিতে হয়। নতুন মূসক ও সম্পূরক শুল্ক আইন বাস্তবায়িত হলে সর্বোচ্চ মাত্র ১৭০টি পণ্য ও তিনটি সেবার ওপর আমদানি ও স্থানীয়—উভয় পর্যায়ে উৎপাদিত পণ্যের সম্পূরক শুল্ক আরোপ করা যাবে।
আগামী ১ জুলাই থেকে নতুন আইনটি বাস্তবায়ন করার ঘোষণা রয়েছে। ব্যবসায়ীরা আইনটি বাস্তবায়নে আপত্তি জানিয়ে আসছেন। এ প্রেক্ষাপটে মূসক আইন বাস্তবায়ন নিয়ে তৈরি জটিলতা এখনো কাটেনি। সম্প্রতি অনুষ্ঠিত অর্থ মন্ত্রণালয়–সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভায় মূসক আইন নিয়ে ব্যবসায়ীদের উদ্বেগের বিষয়টি আলোচনা হয়। দায়িত্বশীল সূত্রে জানা গেছে, মূসক আইন বাস্তবায়ন ছয় মাস থেকে এক বছর পিছিয়ে দেওয়া হতে পারে। অর্থমন্ত্রী তাঁর বাজেট বক্তৃতায় এ ঘোষণা দিতে পারেন।
সম্পূরক শুল্ক প্রত্যাহারের বিষয়ে জানতে চাইলে মূসক আইন পর্যালোচনার জন্য গঠিত এফবিসিসিআই ও জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) যৌথ কমিটির সদস্য জসিম উদ্দিন প্রথম আলোকে বলেন, ‘দেশীয় শিল্পকে ধ্বংস করতে এই আইন করা হচ্ছে। বর্তমানে দেশে অ্যান্টি–ডাম্পিং, কাউন্টার ভেইলিংয়ের শুল্ক আরোপের সক্ষমতা নাই। এই অবস্থায় সম্পূরক শুল্ক উঠে যাওয়া হবে দেশীয় শিল্পের জন্য আত্মহত্যার স্বরূপ।’
নতুন আইন নিয়ে অর্থমন্ত্রীর জন্য তৈরি এনবিআরের এক পর্যালোচনায় বলা হয়েছে, সম্পূরক শুল্ক তুলে নেওয়ার কারণে দেশীয় শিল্পের প্রতিসংরক্ষণ কমলেও বন্দরে যথাযথ শুল্ক ব্যবস্থাপনা ও অপঘোষণা রোধ করে তা লাঘব করা সম্ভব। যেসব শিল্প উচ্চ সুরক্ষা পেয়ে আসছে, এই আইন বাস্তবায়িত হলে তারা কঠোর প্রতিযোগিতায় পড়বে। এতে তারা নতুন আইন বাস্তবায়নের পথে বাধা তৈরি করতে পারে।
অবশ্য নতুন আইন বাস্তবায়িত হলে দেশীয় শিল্পের ওপর কী প্রভাব পড়বে, তা নিয়ে এনবিআর ও অন্য কোনো সরকারি-বেসরকারি সংস্থার সমীক্ষা নেই। এনবিআর মনে করে, ট্যারিফ কমিশনকে দিয়ে এ নিয়ে একটি পূর্ণাঙ্গ সমীক্ষা করানো যেতে পারে।
বিপাকে পড়বে যেসব খাত: নতুন আইনে সিরামিক পণ্য, প্লাস্টিক পণ্য, কাচ, কাগজ, টিস্যু, বস্ত্র ও পোশাক, পাদুকাসহ বিভিন্ন পণ্যে সম্পূরক শিল্প থাকছে না। এর মধ্যে সিরামিকের তৈজসপত্র ও স্যানিটারি ওয়্যার আমদানিতে বর্তমান ৬০ শতাংশ সম্পূরক শুল্ক উঠে যাবে। অন্যদিকে টাইলস আমদানিতে সম্পূরক শুল্ক ৬০ শতাংশ থেকে কমে হবে ৪৫ শতাংশ।
এসব পণ্যের স্থানীয় উৎপাদকদের সংগঠন বাংলাদেশ সিরামিক ওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশনের বাজেট প্রস্তাবে বলা হয়েছে, সম্পূরক শুল্ক উঠে গেলে ৩২ পিসের একটি ডিনার সেট আমদানিতে ৩৬ শতাংশ দাম কম পড়বে। তখন ওই ডিনার সেটটি আমদানিকারকেরা প্রায় ১ হাজার ২০০ টাকায় বিক্রি করতে পারবেন। দেশে উৎপাদিত ওই রকম একটি ডিনার সেটের দাম পড়বে আমদানি করা ডিনার সেটের চেয়ে ২৩ শতাংশ বেশি।
সমিতির তথ্যানুযায়ী, তৈজসপত্র ও স্যানিটারি ওয়্যার তৈরিতে মোট ৩৬টি কোম্পানি প্রায় ৩ হাজার ৬০০ কোটি টাকা বিনিয়োগ করেছে। এসব কারখানায় সরাসরি কাজ করছে ২৩ হাজার শ্রমিক। স্থানীয় বাজারের ৯০ শতাংশ চাহিদা পূরণ করে বছরে গড়ে ৩৪০ কোটি টাকার তৈজসপত্র ও স্যানিটারি ওয়্যার রপ্তানি করছে।
সিরামিক শিল্পের উদ্যোক্তা ও এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি মীর নাসির হোসেন প্রথম আলোকে বলেন, এখনই প্রচুর পণ্য কর ফাঁকি দিতে মূল্য কম দেখিয়ে আমদানি করা হয়। শুল্ক কমলে এসব পণ্যের আমদানি বেড়ে যাবে। দেশীয় শিল্প একটি অসম প্রতিযোগিতায় পড়বে।
গত এক দশকে প্লাস্টিক খাত বড় ধরনের উন্নতি করেছে। এ খাতে প্রায় দেড় হাজার কারখানা আছে। এর মধ্যে ৩৫টির মতো কারখানা বড়। এদের বিনিয়োগ আড়াই হাজার কোটি টাকার কাছাকাছি। দেশীয় চাহিদা পূরণের পাশাপাশি তারা রপ্তানিও করছে।
এখন বিভিন্ন ধরনের প্লাস্টিক পণ্যে সম্পূরক শুল্ক হার ৪৫ শতাংশ। এ শুল্ক উঠে গেলে দেশীয় প্লাস্টিক শিল্প বিপাকে পড়বে বলে মনে করেন বেঙ্গল গ্রুপের ভাইস চেয়ারম্যান জসিম উদ্দিন। প্রথম আলোকে তিনি বলেন, সম্পূরক শুল্ক উঠে গেলে সবচেয়ে বেশি ক্ষতির মুখে পড়বে প্লাস্টিক শিল্প। কারণ, এ খাতে প্রায় ৩০ শতাংশ শুল্ক দিয়ে কাঁচামাল এনে পণ্য তৈরি করতে হয়। এখন তৈরি পণ্য আমদানিতে সম্পূরক শুল্ক উঠে গেলে প্লাস্টিক শিল্প বাঁচবে না।
এখন দেশে চারটি কোম্পানি কাচ উৎপাদন করে। চীন, ইন্দোনেশিয়া, থাইল্যান্ড ও মালয়েশিয়াকে হটিয়ে তারা বাজার দখল করেছে। উদ্যোক্তারা বলেন, দেশের চাহিদার সিংহভাগ কাচ এখন দেশীয় কোম্পানিগুলোই উৎপাদন করে। কাচ আমদানিতে এখন ৪৫ শতাংশ সম্পূরক শুল্ক দিতে হয়। এ শুল্ক উঠে গেলে কাচ আমদানিতে খরচ কমবে। এতে আমদানি উৎসাহিত হতে পারে।
পিএইচপি গ্রুপের পরিচালক মোহাম্মদ আমির হোসেন প্রথম আলোকে বলেন, সম্পূরক শুল্ক উঠে গেলে বিদেশি পণ্যের সঙ্গে প্রতিযোগিতায় টেকা কঠিন হবে। কারণ, বেশির ভাগ কাঁচামাল বিদেশ থেকে আমদানি করতে হয়। চীনারা তাদের কাঁচামাল ও অন্যান্য সুবিধা দিয়ে খুব কম খরচে কাচ উৎপাদন করে।
বর্তমানে ওভেন কাপড়, পোশাক, পাদুকা আমদানিতে ৪৫ শতাংশ করে ও টিস্যু আমদানিতে ৩০ শতাংশ ও আসবাব আমদানিতে ২০ শতাংশ সম্পূরক শুল্ক আছে। এ শুল্ক উঠে গেলে এসব দেশীয় শিল্প বিপাকে পড়তে পারে।
এশিয়ান গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান মো. হারুন অর রশিদ প্রথম আলোকে বলেন, এখন প্রচুর পরিমাণে কাপড় চীন, ভারত ও ইন্দোনেশিয়া থেকে আমদানি হয়। সম্পূরক শুল্ক উঠে গেলে আমদানি আরও বাড়বে। তাই শুল্ক কমানোর বদলে আরও বাড়ানোর দরকার। দেশের প্রয়োজনীয় কাপড় দেশীয় মিলগুলোই উৎপাদন করতে পারে।