বিপাকে পড়েছেন ক্ষুদ্র বিনিয়োগকারীরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সঞ্চয়পত্র নিয়ে তিনটি দুঃসংবাদ। ১. সঞ্চয়পত্রের আয়কে আয়করের আওতায় আনা হয়েছে, ২. সুদের হার কমানো হয়েছে, এবং ৩. যখনই আয় হোক না কেন, ১ জুলাই থেকে যিনিই সঞ্চয়পত্র ভাঙাবেন তাঁকেই আয়কর দিতে হবে। এর মধ্যে প্রথম দুটির পক্ষে-বিপক্ষে অনেক কথাই বলা যায়। কিন্তু তৃতীয় দুঃসংবাদটির পক্ষে একটি যুক্তিও পাওয়া গেল না।রেহনুমা খানমের কেনা সঞ্চয়পত্রের মেয়াদ শেষ হয়েছে গত এপ্রিলে। সময় করে যেতে পারেননি, তাই আর সেটি ভাঙানো হয়নি। এখন পড়েছেন বিপদে। গিয়েছিলেন ব্যাংকে, এখন তাঁরা ১০ শতাংশ কর কেটে রেখেছেন। রেহনুমা খানম বাইরের মানুষের সঙ্গে ঝগড়া করতে পারেন না। কিন্তু ইয়াকুব আলী রীতিমতো ঝগড়া, চিৎকার-চেঁচামেচি করে এসেছেন ব্যাংকের কাউন্টারে বসা কর্মকর্তার সঙ্গে। জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) একটি সার্কুলার দেখানো ছাড়া ব্যাংক কর্মকর্তাদের পক্ষে আর কোনো যুক্তিই নেই। এনবিআরের কী যুক্তি আছে তা অবশ্য আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। আয়করের আওতায় সঞ্চয়পত্র: অর্থমন্ত্রী বাজেট বক্তৃতার ১৬ পৃষ্ঠায় বলেছেন, ‘সরকারের অভ্যন্তরীণ ঋণের একটি বড় অংশ আসে জাতীয় সঞ্চয়পত্র থেকে। আমরা জানি অনেক মধ্যবিত্ত ও নিম্নবিত্ত পরিবারের সামাজিক নিরাপত্তা হিসেবে এ স্কিমগুলো তাঁদের উপকারে আসে। তাই আমরা চাই এসব স্কিমের সুদের হার সরকারের অন্যান্য ঋণ মাধ্যমের সুদের হারের তুলনায় বেশি থাকুক। তবে সবগুলো ঋণমাধ্যমের সুদের হারের একটি সামঞ্জস্যতাও আবশ্যক। আগামী অর্থবছরে আমরা ঋণসীমা, ঋণের পরিমাণ ও সুদের হারসমূহের যৌক্তিকীকরণের জন্য একটি গ্রহণযোগ্য নীতিমালা প্রণয়নের আশা করছি।’আয়করের আওতায় সঞ্চয়পত্রকে নিয়ে আসার শিরোনামের সঙ্গে অর্থমন্ত্রীর বাজেট বক্তৃতার এই উদ্ধৃতি একেবারেই বেমানান। তারপরও দিতে হলো। কারণ অর্থমন্ত্রী বাজেটে এই কথা বলেই সঞ্চয়পত্রকে আয়করের আওতায় এনেছেন। যদিও বাজেট বক্তৃতায় এ নিয়ে কোনো কথাই বলা হয়নি। অর্থবিল বিশ্লেষণ করলেই কেবল এই তথ্য জানা যায়।চলতি ২০১০-১১ অর্থবছরের বাজেটে শুরুতে সব ধরনের সঞ্চয়পত্রের আয়কেই করের আওতায় আনা হয়েছিল। পরে ব্যাপক সমালোচনা হওয়ায় পেনশনার সঞ্চয়পত্রকে এর বাইরে রাখা হয়েছে। আগে আয় বা মুনাফা কেবল দেড় লাখ টাকা ছাড়িয়ে গেলেই ১০ শতাংশ হারে কর দিতে হবে। এখন এই সীমা তুলে নেওয়া হলো। এখন আয় হলেই ১০ শতাংশ কর।কমল সুদের হার: সুদের হার যে কমবে তা কিছুদিন ধরেই ধারণা করা যাচ্ছিল। অর্থমন্ত্রীও আভাস দিচ্ছিলেন এবং বাজেট বক্তৃতায় সেটি আরও স্পষ্ট করে দিয়েছিলেন। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) মতো দাতা সংস্থারও প্রস্তাব ছিল সঞ্চয়পত্রের সুদের হার কমানোর। সুদের হার কমানোর ঘোষণা দিতে খুব বেশি সময়ও নেয়নি সরকার। ৪ জুলাই এ সংক্রান্ত ঘোষণা দেওয়া হয়। সরকার সুদের হার কমানোর পাশাপাশি বিনিয়োগ সীমাও কমিয়েছে। এর ফলে এখন থেকে এক নামে ৩০ লাখ ও যুগ্ম নামে সর্বোচ্চ ৬০ লাখ টাকা পর্যন্ত সঞ্চয়পত্রে বিনিয়োগ করা যাবে। আগে যা ছিল ৫০ লাখ ও এক কোটি টাকা। এ ছাড়া সঞ্চয়পত্র কিনতে জাতীয় পরিচয়পত্র প্রদর্শন করতে হবে।পাঁচ বছর মেয়াদি বাংলাদেশ সঞ্চয়পত্রের সুদের হার কমিয়ে করা হয়েছে সর্বোচ্চ সাড়ে ১০ শতাংশ, এই হার ছিল ১২ শতাংশ। তিন বছর মেয়াদি (তিন মাস অন্তর মুনাফাভিত্তিক) সঞ্চয়পত্রের সুদের হার ছিল সর্বোচ্চ সাড়ে ১১ শতাংশ, কমিয়ে করা হয়েছে ১০ শতাংশ। পাঁচ বছর মেয়াদি পেনশনার সঞ্চয়পত্রের (তিন মাস অন্তর মুনাফাভিত্তিক) সুদের হার সর্বোচ্চ সাড়ে ১২ শতাংশ থেকে কমিয়ে করা হয়েছে ১১ শতাংশ। আবার প্রতিটি ক্ষেত্রেই বছরভিত্তিক মুনাফা কমানো হয়েছে। এ ছাড়া একই হারে কমানো হয়েছে ডাকঘর সঞ্চয় ব্যাংকের আমানত এবং ওয়েজ আর্নার ডেভেলপমেন্ট বন্ডের সুদের হার। যেমন, প্রবাসী বাংলাদেশিদের জন্য তিন বছর মেয়াদি ওয়েজ আর্নার ডেভেলপমেন্ট বন্ডের সুদের হার ছিল ১২ শতাংশ, এখন এই হার সাড়ে ১০ শতাংশ। আবার পাঁচ ও তিন বছর মেয়াদি সঞ্চয়পত্র মেয়াদ পূর্তিতে আগে না ভাঙালে স্বয়ংক্রিয়ভাবে পুনঃ বিনিয়োগ হয়ে যেত। এখন এই সুবিধাও তুলে নেওয়া হয়েছে। এর আগে সর্বশেষ ২০০৫ সালের ডিসেম্বরে সঞ্চয়পত্রের সুদের হার পরিবর্তন করা হয়েছিল।ভাঙালেই দিতে হবে কর: জটিলতা দেখা দিয়েছে মূলত এই বিষয়টি নিয়ে। সুদের হার কমানোর সার্কুলারের পাশাপাশি একই দিন আরেকটি সার্কুলার জারি করেছে। সেখানে আয়কর কর্তনের কথা উল্লেখ করে বলা আছে, ‘এ বিধান ১ জুলাই ২০১০ বা তার পরবর্তীতে সুদ বা মুনাফা প্রদানের বেলায় কার্যকর হবে।’ এই লাইনটি নিয়েই জটিলতা দেখা দিয়েছে। কেননা, এ কারণে ৪ জুলাই রোববার থেকে যাঁরাই এর আগে কেনা সঞ্চয়পত্র ভাঙাতে গেছেন, তাঁদের কাছ থেকে মুনাফা বা সুদের আয়ের ওপর ১০ শতাংশ হারে আয়কর কেটে নেওয়া হচ্ছে। আবার সঞ্চয়পত্র বছর ভিত্তিতে ভাঙানোর ওপর বিভিন্ন হারে মুনাফা ঘোষণা করা আছে। কিন্তু এই বিধান অনুসারে পাঁচ বছর মেয়াদের সঞ্চয়পত্রে চার বছর পর্যন্ত পার হলেও সব আয়ের ওপরই উৎসে কর দিতে হবে। এসব ক্ষেত্রে নানা ধরনের প্রশ্নও দেখা দিয়েছে। যেমন, তিন মাস অন্তর মুনাফা তুলে নেওয়ার বিধান সঞ্চয়পত্রে রয়েছে। ফলে যাঁরা আগেভাগে এই মুনাফা তুলে নিয়ে গেছেন তাঁদের ক্ষেত্রে উৎসে কর কাটা না হলেও যাঁরা একত্রে মুনাফা ও আসল টাকা তুলছেন তাঁদের ক্ষেত্রে এ বিধান কার্যকর হচ্ছে। একে অবশ্যই বৈষম্যমূলক বলা যায়।আর এ নিয়ে ব্যাংকার ও গ্রাহকদের মধ্যে ভুল বোঝাবুঝিও এখন নিত্যদিনের ঘটনায় পরিণত হয়েছে। কেবল ঢাকাই নয়, দেশের বিভিন্ন স্থান থেকে এ নিয়ে তর্কাতর্কির খবর এখনো আসছে।সামষ্টিক অর্থনীতির স্থিতিশীলতা ঠিক রাখতে সঞ্চয়পত্রের সুদের হার সমন্বয়ের প্রয়োজন নিয়ে বিতর্ক কম থাকলেও সময়মতো মুনাফা না তোলার শাস্তি কেন দেওয়া হচ্ছে এ নিয়ে ক্ষুদ্র সঞ্চয়কারীদের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে। সময়মতো যাঁরা সঞ্চয়পত্র ভাঙাননি তাঁদের সেই অলসতার শাস্তি দিতেই হয়তো এই বিধানটি রেখেছে এনবিআর।সঞ্চয়পত্রের অর্থনীতি: সঞ্চয়পত্র নিরাপদ বিনিয়োগ বলেই পরিচিত। যাঁরা শেয়ারবাজারের ঝুঁকিতে যেতে চান না, তাঁদের জন্য নিরাপদ বিনিয়োগের জায়গা এই সঞ্চয়পত্র। বিশেষ করে অবসরপ্রাপ্তরাই এখানে বিনিয়োগ বেশি করেন। আবার স্থায়ী আমানতের সুদ কমে যাওয়ায় ক্ষুদ্র সঞ্চয়কারীদের সঞ্চয়পত্র ছাড়া আর কোনো বিকল্প ছিল না।ব্যাংকের সুদের হার কম থাকলে সাধারণভাবে বলা হয় এতে ব্যাংক আমানত সংগ্রহের দিক থেকে ক্ষতিগ্রস্ত হয়। তবে বিনিয়োগ মন্দার কারণে গত কয়েক বছর ধরেই ব্যাংকে বিপুল পরিমাণ অর্থ উদ্বৃত্ত রয়েছে। ফলে এ দিক থেকে আপাতত দুশ্চিন্তার তেমন কোনো কারণ নেই। সমস্যা বাজেট ঘাটতি অর্থায়নে।নতুন অর্থবছরের জন্য ৩৯ হাজার ৩২৩ কোটি টাকা বাজেট ঘাটতি ধরা হয়েছে। এর মধ্যে বৈদেশিক উৎস থেকে সংগ্রহ করা হবে ১০ হাজার ৮৩৪ কোটি টাকা, আর অভ্যন্তরীণ উৎস থেকে ঋণ নেওয়া হবে ২৩ হাজার ৬৮০ কোটি টাকা। এর মধ্যে ব্যাংক ব্যবস্থা থেকে আসবে ১৫ হাজার ৬৮০ কোটি টাকা এবং ব্যাংক বহির্ভূত ঋণ আট হাজার কোটি টাকা, যার মধ্যে জাতীয় সঞ্চয় প্রকল্প বিক্রি করে আসবে সাত হাজার ৪৭৭ কোটি টাকা। বিপত্তিটা এখানেই।উদাহরণ দেওয়া যেতে পারে, ২০০৮-০৯ অর্থবছরে সঞ্চয়পত্র বিক্রি করে পাওয়া গিয়েছিল তিন হাজার ৪৯৬ কোটি টাকা। কিন্তু ২০০৯-১০ অর্থবছরে এই খাতে তিন হাজার ২৭৭ কোটি টাকা পাওয়ার লক্ষ্য থাকলেও শেষ পর্যন্ত পাওয়া যাচ্ছে আট হাজার ৪০৭ কোটি টাকা। এর ফলে সুদ পরিশোধ ব্যয় আশঙ্কাজনক ভাবে বাড়ছে। মোট অনুন্নয়ন বাজেটের ১৫ দশমিক ৯ শতাংশই ব্যয় হয় সুদ পরিশোধে। মূলত এ কারণেই প্রয়োজন হয় সঞ্চয়পত্রের সুদ কমানোর।সঞ্চয়পত্রের অর্থনীতির চাপে বিপাকে পড়ে গেছে ক্ষুদ্র সঞ্চয়কারীরা। এমনিতেই মূল্যস্ফীতির চাপ জীবনযাত্রাকে কঠিন করে তুলছে। আবার দেশে নেই নিরাপদ বিনিয়োগের অনেক মাধ্যম। ফলে বাধ্য হয়ে ভরসা করতে হয় সঞ্চয়পত্রকেই। এখন এখান থেকেই আয় কমে যাওয়ায়, যাঁরা এর ওপর নির্ভর করে জীবনযাপন করেন, তাঁরা সত্যিকার অর্থেই সংকটে আছেন। বিশেষ করে এনবিআরের অযৌক্তিক সার্কুলার ক্ষোভের জন্ম দিয়েছে। অর্থমন্ত্রী বলেছেন, তিনি বিষয়টি দেখবেন। এটিই এখন একমাত্র ভরসার কথা।