সাভারের হেমায়েতপুরে চামড়া শিল্পনগরীতে শ্রমিকদের আবাসনের জন্য আলাদা কোনো ব্যবস্থা নেই। ফলে আবাসন নিয়ে বিপাকে পড়তে হতে পারে শ্রমিকদের। বড় প্লট বরাদ্দ পাওয়া শিল্পমালিকেরা চাইলে নিজেদের উদ্যোগে শ্রমিকদের আবাসনের ব্যবস্থা করতে পারবেন। কিন্তু অন্যদের বেলায় সেটি করার মতো জায়গার সংকুলান হবে না। অন্যদিকে ট্যানারির সঙ্গে সংযোগ শিল্পের প্রতিষ্ঠানগুলো প্লট না পাওয়ায় অনেক ব্যবসায়ী ক্ষতিগ্রস্ত হতে পারেন।
শ্রমিকদের আবাসনের বিষয়ে চামড়া শিল্পনগরী প্রকল্পের পরিচালক আবদুল কাইউম বলেন, বর্তমান প্রকল্পটির পাশেই ২০০ বিঘা জমি অধিগ্রহণ করার পরিকল্পনা আছে। জমি দেখা হয়েছে। সেখানে শ্রমিকদের আবাসন, শিক্ষাপ্রতিষ্ঠান ও হাসপাতাল হবে। এ ছাড়া প্লট না পাওয়া ট্যানারি মালিকদের পাশাপাশি সংযোগ শিল্প প্রতিষ্ঠানকে প্লট দেওয়া হবে।
এদিকে চামড়াশিল্প-সংশ্লিষ্ট আটটি উপখাতের ব্যবসায়ীরা সাভারের শিল্পনগরীতে প্লটের দাবিতে আন্দোলন করে যাচ্ছেন। সম্প্রতি হাজারীবাগ ও সাভার—দুই জায়গাতে ট্যানারি শিল্প এলাকা সরেজমিনে পরিদর্শনকালে আন্দোলনকারী নয়টি সংগঠনের বিভিন্ন কর্মকাণ্ড চোখে পড়ে। এ নয়টি আন্দোলনকারী সংগঠন মিলে গঠন করেছে ‘চামড়াশিল্প সংশ্লিষ্ট সমন্বয় কমিটি’ নামে একটি কমিটি।
কমিটিতে রয়েছে ট্যানারি ওয়ার্কার্স ইউনিয়ন, লেদার কেমিক্যাল ব্যবসায়ী সমবায় সমিতি, বাংলাদেশ লেদার অ্যান্ড লেদার গুডস ম্যানুফ্যাকচারার্স কো-অপারেটিভ সোসাইটি, লেদার ইঞ্জিনিয়ার্স অ্যান্ড টেকনোলজিস্ট সোসাইটি, বাংলাদেশ কেমিক্যাল ইম্পোর্টার্স অ্যান্ড মার্চেন্ট অ্যাসোসিয়েশন, বাংলাদেশ চামড়া রপ্তানিকারক সমিতি, স্পিলিট চামড়া ব্যবসায়ী বহুমুখী সমবায় সমিতি, ট্যানারি প্রকৌশল সমবায় সমিতি ও ঠেলাগাড়ী লেবার বহুমুখী সমবায় সমিতি।
জানতে চাইলে সমন্বয় কমিটির আহ্বায়ক আবুল কালাম আজাদ প্রথম আলোকে বলেন, ‘আমরা তিন বছর ধরে সাভারে জমির দাবিতে আন্দোলন করছি। দাবি আদায়ে প্রধানমন্ত্রীর কার্যালয় ও শিল্প মন্ত্রণালয়ে চিঠি পাঠিয়েছি।’
প্রধানমন্ত্রীর কাছে পাঠানো চিঠিতে বলা হয়েছে, চামড়া শিল্পনগরীর ভূমি বরাদ্দ কমিটি ২০০৬ সালে চারটি সমিতিকে ২ লাখ ৪০ হাজার বর্গফুট জমি বরাদ্দ দিয়েছিল। কিন্তু পরে তা বাতিল করা হয়। আবুল কালাম আজাদের দাবি, শ্রমিকদের আবাসনসহ অন্যান্য সংগঠনের জন্য রাখা জমি ট্যানারি মালিকদের দিয়ে দেওয়া হয়েছে।
সমন্বয় কমিটির চিঠিতে আরও বলা হয়, চামড়াশিল্পে প্রত্যক্ষভাবে ৩০ হাজার শ্রমিক কর্মরত। রাসায়নিক ব্যবসার সঙ্গে যুক্ত প্রায় ৯০০ ব্যবসায়ী। লেদার অ্যান্ড লেদার গুডস ম্যানুফ্যাকচারার্স কো-অপারেটিভ সোসাইটির সঙ্গে যুক্ত আরও ১ হাজার ৮০০ ব্যবসায়ী। এঁদের সম্মিলিত মূলধন ২ হাজার কোটি টাকার বেশি। চামড়া রপ্তানিকারক সমিতি মোট চামড়ার ৪০ শতাংশ রপ্তানি করে। তাদের বিনিয়োগের পরিমাণ ৩ হাজার কোটি টাকা। এ ছাড়া স্পিলিট চামড়ার ব্যবসায়ীরা ২ হাজার কোটি টাকা বিনিয়োগ করেছেন। এখন সাভারে এসব সংশ্লিষ্ট উপখাত শিল্পমালিকদের প্লট বরাদ্দ দেওয়া না হলে বিপুল বিনিয়োগ ক্ষতির মুখে পড়বে বলে জানানো হয়েছে।
হাজারীবাগের একটি ট্যানারিতে কর্মরত শ্রমিক এমদাদ হোসেন বলেন, ‘মালিক বলেছে সাভার যেতে হবে। ক তাই স্ত্রী ও সন্তানকে ফেনীতে গ্রামের বাড়ি পাঠিয়ে দিয়েছেন বলেও প্রথম আলোকে জানান এমদাদ।
জানতে চাইলে বাংলাদেশ ট্যানার্স অ্যাসোসিয়েশনের সভাপতি শাহীন আহমেদ বলেন, শ্রমিকদের আবাসনের বিষয়ে অধিকাংশ ট্যানারি মালিক এখনো কোনো চিন্তা করেননি। তবে হাজারীবাগের দক্ষ শ্রমিকদের ওখানে না নিতে পারলে সবাই ক্ষতিগ্রস্ত হবেন। তবে প্রাথমিকভাবে নিজস্ব পরিবহনব্যবস্থার মাধ্যমে শ্রমিকদের হাজারীবাগ থেকে সাভারে আনা-নেওয়া করে কাজ চালানো সম্ভব বলেও মন্তব্য করেন তিনি।
চামড়া রপ্তানিকারক প্রতিষ্ঠান স্টার হাউস লেদার ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান মজিবুর রহমান প্রথম আলোকে বলেন, অনেক প্রতিষ্ঠান আছে যারা চামড়া ও চামড়াজাত পণ্য রপ্তানি করছে। সমস্যা হলো তাদের নিজস্ব কোনো ট্যানারি নেই। সেসব রপ্তানিকারককে সাভারে কোনো জমি দেওয়া হয়নি।