বিপিএলের আয়কর পরিশোধে গড়িমসি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ছয়টি ফ্রাঞ্চাইজি দলের কাছ থেকে পাওনা কর আদায় করতে পারছে না জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। বারবার নোটিশ দেওয়ার পর এই দলগুলোর স্বত্বাধিকারী প্রতিষ্ঠানগুলো করের টাকা দিচ্ছে না। এমনকি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) মধ্যস্থতার আশ্বাসও বাস্তবে রূপ নিচ্ছে না।এনবিআর কর পরিদর্শন পরিদপ্তরের হিসাবমতে, টিকিট বিক্রিসহ বিভিন্ন খাতে এই ছয়টি দলের কাছে ২১ কোটি টাকা পাওনা রয়েছে। এর মধ্যে এ পর্যন্ত মাত্র সাড়ে পাঁচ কোটি টাকা রাজস্ব কোষাগারে জমা পড়েছে। বিপিএলের পাওনা কর আদায়ে কয়েক মাস আগে কর পরিদর্শন পরিদপ্তরের মহাপরিচালক কানন কুমার রায়ের নেতৃত্বে ছয় সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়। এই কমিটির প্রাথমিক প্রাক্কলন অনুযায়ী বিপিএল থেকে ২১ কোটি টাকা কর নির্ধারণ করা হয়। গত জুলাই মাসের মাঝামাঝি সময় সাত দিনের মধ্যে পাওনা পরিশোধ না করলে এসব দলের মালিক প্রতিষ্ঠানগুলোর ব্যাংক হিসাব জব্দ করা হবে বলে জানিয়ে দেয় এনবিআর। এমন পরিস্থিতিতে মধ্যস্থতা করতে এগিয়ে আসে বিসিবি। গত আগস্ট মাসের প্রথম সপ্তাহে এনবিআর চেয়ারম্যান ও কর পরিদর্শন পরিদপ্তরের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন তৎকালীন বিসিবি সভাপতি আ হ ম মুস্তফা কামাল। সেই বৈঠকে বিসিবির পক্ষ থেকে আশ্বাস দেওয়া হয় যে, কোনো দল পাওনা পরিশোধে ব্যর্থ হলে বিসিবি নিজেই তা পরিশোধ করে দেবে। এ ছাড়া পাওনার দেড় কোটি টাকা বিসিবি পরিশোধ করবে। কিন্তু চার মাসে টাকা পায়নি এনবিআর। এনবিআর, বিসিবি ও ফ্রাঞ্চাইজি দলগুলোর মধ্যে একটি ত্রিপক্ষীয় বৈঠক অনুষ্ঠানের আশ্বাস দিয়েছিলেন বিসিবি সভাপতি। সম্প্রতি বিসিবির উদ্যোগে সেই বৈঠক অনুষ্ঠিত হয়। এতেও কোনো ফল মেলেনি। এ প্রসঙ্গে জানতে চাইলে সম্প্রতি এনবিআরের সদস্য এম কাদের সরকার প্রথম আলোকে বলেন, ‘কয়েক দফা তাগাদা দেওয়ার পরও টাকা দিচ্ছে না ফ্রাঞ্চাইজি দলগুলো। এমনকি কর পরিদর্শন পরিদপ্তরের প্রাক্কলিত হিসাব নিয়ে আপত্তি থাকলে তা নিয়ে আলোচনা হতে পারে। কিন্তু সরকারি পাওনা পরিশোধ না করা একধরনের আইনের লঙ্ঘন। আবারও বিসিবির সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনা করব।’ যোগাযোগ করা হলে বিপিএল গভর্নিং কাউন্সিলের তৎকালীন প্রধান গাজী আশরাফ হোসেন প্রথম আলোকে বলেন, ‘বিসিবি নয়, ফ্রাঞ্চাইজিগুলোই কর পরিশোধ করবে। আমরা আশা করি কিছু দিনের মধ্যেই সব অর্থ পরিশোধ হয়ে যাবে।’ এই বিষয়ে বিসিবির মাহবুব আনামের নেতৃত্বে তিন সদস্যবিশিষ্ট একটি কমিটি কাজ করছে বলে জানান তিনি। এনবিআরের দায়িত্বশীল এক কর্মকর্তা জানান, দলগুলোর কাছে টাকা চাইলে তারা বলে বিসিবি দেবে। আর বিসিবি বলে দলগুলোই কর পরিশোধ করবে। আবার কোনো কোনো দলের কর্মকর্তারা আগামী বিপিএলের সঙ্গে সমন্বয় করারও আবেদন জানান। এমন অবস্থায় কর আদায়ে দীর্ঘসূত্রতা বাড়ছে।জানা গেছে, বিদেশি খেলোয়াড়েরা সব ম্যাচ না খেলায় ফ্রাঞ্চাইজি দলগুলো কম অর্থ পরিশোধ করেছে। আবার নির্ধারিত হারের চেয়ে সৌজন্য টিকিট বেশি দেওয়ায় টিকিট বিক্রি বাবদ পাওনা অর্থও কমে যাবে। এসব বিবেচনা করলে বিপিএল থেকে কমপক্ষে ১২ থেকে ১৩ কোটি টাকা রাজস্ব পাওনা রয়েছে বলে জানান দায়িত্বশীল এক কর্মকর্তা। পাওনা: গত ১০-২৯ ফেব্রুয়ারি টি-২০ ক্রিকেট লিগ বিপিএল অনুষ্ঠিত হয়। এর আগে ১০ জানুয়ারি অংশ নেওয়া দলগুলোর নিলাম অনুষ্ঠিত হয়। নিলামে যে দরে দলগুলো বিক্রি হয়েছে তার পাঁচ শতাংশ হারে কর দেওয়ার কথা। এর পাশাপাশি বিদেশি খেলোয়াড় ও দেশি খেলোয়াড়দের প্রদত্ত সম্মানির বিপরীতে যথাক্রমে ২৫ ও ১০ শতাংশ হারে উৎসে কর কেটে রাখার কথা সংশ্লিষ্ট দলগুলোর মালিক প্রতিষ্ঠানের। এই তিনটি প্রধান খাতকে হিসাব করে পাওনা নির্ধারণ করেছে এনবিআর গঠিত তদন্ত দল। এর মধ্যে ফ্রাঞ্চাইজি দল বিক্রি বাবদ প্রায় দেড় কোটি টাকা এনবিআরকে বিসিবির দেওয়ার কথা। কর পরিদর্শন পরিদপ্তর সূত্রে জানা গেছে, চিটাগাং কিংসের স্বত্বাধিকারী এসকিউ স্পোর্টসের কাছে সর্বোচ্চ চার কোটি টাকা পাওনা রয়েছে। ঢাকা গ্লাডিয়েটরসের মালিক ইউরোপা গ্রুপ, খুলনা রয়েল বেঙ্গলের মালিক অরিয়ন গ্রুপ, দুরন্ত রাজশাহীর মালিক ডিজিট্যাল অটো কেয়ার এবং সিলেট রয়েলসের কাছে কমবেশি সাড়ে তিন কোটি টাকা কর নির্ধারণ করা হয়। আর বরিশাল বার্নার্সের মালিক আলিফ গ্রুপের কাছে প্রায় তিন কোটি টাকা পাওনা রয়েছে। পরিদপ্তরের হিসামতে, ৫৪ জন বিদেশি খেলোয়াড়কে সাড়ে ৩৭ লাখ ডলার এবং দেশি খেলোয়াড়দের ২২ লাখ ৭০ হাজার ডলার পরিশোধ করেছে প্রতিষ্ঠানগুলো। প্রসঙ্গত, চিটাগাং কিংস ১২ লাখ ডলার, ঢাকা গ্লাডিয়েটরস ১০ লাখ ৫০ হাজার ডলার, খুলনা রয়েল বেঙ্গল ১০ লাখ ৭০ হাজার ডলার, দুরন্ত রাজশাহী ১০ লাখ ৬০ হাজার ডলার, সিলেট রয়েলস ১০ লাখ ৬০ হাজার ও বরিশাল বার্নার্স ১০ লাখ ১০ হাজার ডলারে কিনেছে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো। বিপিএলের টিকিট বিক্রেতা প্রতিষ্ঠান শিহাব ট্রেডিং ইন্টারন্যাশনালের কাছে দুই কোটি ১৫ লাখ টাকা পাওনা ছিল এনবিআর। পাওনা পরিশোধ না করায় গত ১ আগস্ট মাসে এই প্রতিষ্ঠানের সব ব্যাংক হিসাব জব্দ করে এনবিআর। এরপর ৭৪ লাখ টাকা পরিশোধ করলে জব্দ ব্যাংক হিসাব খুলে দেওয়া হয়। বাকি টাকা কিস্তিতে পরিশোধের কথা। এখন শিহাব ট্রেডিংও সেই টাকা পরিশোধ করতে গড়িমসি করছে বলে জানান এনবিআর কর্মকর্তারা। শিহাব ট্রেডিং বিপিএলের ৩৩টি ম্যাচসহ উদ্বোধনী অনুষ্ঠানের জন্য ৪৫ কোটি টাকার টিকিট বিক্রি করেছে। তবে বিপিএলের প্রথম পর্যায়ে দর্শক আকৃষ্ট করতে না পারায় টিকিট মূল্য কমিয়ে দেওয়া হয়। প্রাথমিকভাবে ২০ শতাংশ টিকিট বিনা মূল্যে দেওয়ার কথা ছিল। কিন্তু বিপিএল কর্মকর্তাদের দাবি, শেষ পর্যন্ত ৭০ শতাংশ টিকিট বিনা মূল্যে দেওয়া হয়েছে।