বিপিএলের কর আদায়ে এনবিআরে কমিটি গঠন
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) টি-টোয়েন্টি প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিদেশি খেলোয়াড়, শিল্পী ও কলাকুশলীদের দেওয়া সম্মানীর বিপরীতে বকেয়া উৎসে কর আদায়ে কমিটি গঠন করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। ১৫ সদস্যের এ কমিটির প্রধান কর অঞ্চল-৭-এর কমিশনার সনজিত কুমার বিশ্বাস।
গতকাল সোমবার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি)ðসঙ্গে আলাপ-আলোচনা করে বকেয়া কর আদায়ে এ কমিটি গঠন করেছে এনবিআর।
যেকোনো বিদেশি ব্যক্তিকে সম্মানী বাবদ অর্থ প্রদান করার আগে প্রদানকারী ব্যক্তি বা প্রতিষ্ঠানকে ৩০ শতাংশ হারে উৎসে কর কেটে রাখতে হয়। কিন্তু বিপিএলে অংশগ্রহণকারী বিদেশি খেলোয়াড়দের দেওয়া সম্মানীর বিপরীতে যে উৎসে কর আরোপ হয়েছে, তা জমা দেয়নি বিসিবি।
এ কমিটি বিপিএলে অংশ নেওয়া ছয়টি ফ্র্যাঞ্চাইজি দলের সঙ্গে বিসিবির চুক্তি, বিদেশি খেলোয়াড়দের সম্মানীর যাবতীয় তথ্য সংগ্রহ করবে। পরে এর বিপরীতে কর নির্ধারণ করবে কমিটি।
এনবিআর সূত্রে জানা গেছে, বিদেশি খেলোয়াড়, শিল্পী ও কলাকুশলীদের সম্মানীতে উৎসে কর বাবদ গত নভেম্বর ও ডিসেম্বরে তিন দফায় বিসিবিকে চিঠি দেয় এনবিআর। কিন্তু বিসিবি এখনো কোনো উত্তর দেয়নি।
তবে উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেওয়া বিদেশি শিল্পীদের সম্মানী বাবদ দেওয়া অর্থের বিপরীতে ৪০ লাখ টাকা উৎসে কর দিয়েছে বিসিবি।
এনবিআর চেয়ারম্যান নজিবুর রহমান গতকাল রাতে প্রথম আলোকে বলেন, আয়কর আইনের ৫৬ ধারা অনুসারে ব্যবস্থা নেওয়ার জন্য এ কমিটি গঠন করা হয়েছে। বিপিএল ভবিষ্যতেও হবে। তাই বিসিবির সঙ্গে আলোচনা করে উৎসে কর কাটার স্থায়ী ও সম্মানজনক সমাধান করা হবে।
এবারে ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, আফগানিস্তানসহ বিভিন্ন দেশের ৬৬ জন খেলোয়াড় অংশ নেন। বাংলাদেশ ব্যাংক সূত্রে জানা গেছে, এর মধ্যে বরিশাল বুলসের নয়জন খেলোয়াড় নিজ দেশে অর্থ নিয়ে যাওয়ার জন্য কেন্দ্রীয় ব্যাংকের অনাপত্তিপত্র নিলেও অন্যরা কেউ নেননি।
এ বিষয়ে জানতে চাইলে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র শুভংকর সাহা বলেন, অনুমতি না নিয়ে বিদেশে অর্থ নিয়ে গেলে তা মানি লন্ডারিংয়ের অপরাধ। তবে এখন পর্যন্ত নয়জন বিদেশি খেলোয়াড় অনাপত্তিপত্র নিয়েছেন।