বিপিও সামিটে যুক্ত হলো বিক্রয় ডটকম ও আমরা কোম্পানিজ
ঢাকায় আগামী ৯ ও ১০ ডিসেম্বর ‘বিপিও সামিট-২০১৫’ শীর্ষক সম্মেলন প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে অনুষ্ঠিত হবে। সরকারের তথ্য ও যোগাযোগপ্রযুক্তি বিভাগ এবং বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব কলসেন্টার অ্যান্ড আউটসোর্সিং (বাক্য) আয়োজিত এ সম্মেলনের উদ্দেশ্য বিপিওকে মূল মাধ্যমে নিয়ে আসা, দেশের তরুণ-তরুণীদের বেশি করে এই খাতে আগ্রহী করে তোলা এবং দেশীয় ও আন্তর্জাতিক বাজারে আমাদের বিপিও খাতের অবস্থানকে তুলে ধরা।
সম্মেলন উপলক্ষে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হবে একাধিক অ্যাকটিভেশন কার্যক্রম। আর এসব কার্যক্রমে সহযোগিতা দেবে বিক্রয় ডটকম। এ ছাড়া বিশ্ববিদ্যালয় কার্যক্রম চলাকালে বিক্রয় ডটকমের মাধ্যমে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের চাকরির আবেদন নেওয়া হবে। পুরো সম্মেলনে আইটি সহযোগিতা দেবে আমরা কোম্পানিজ। গত শনিবার বাক্য অফিসে বিক্রয় ডটকম ও আমরা কোম্পানিজের সঙ্গে এ বিষয়ে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বিক্রয় ডটকমের পক্ষে ব্যবস্থাপনা পরিচালক মার্টিন মাল্মস্ট্রোম, পরিচালক (বিপণন) মিশা আলী, ব্যবস্থাপক (এড সেলস) ফারহান উল হক, আমরা কোম্পানিজের পক্ষে চিফ অপারেটিং অফিসার শারফুল আলম, সহকারী মহাব্যবস্থাপক মুনতাসির আহমেদ, বাক্যর সভাপতি আহমাদুল হক, সহসভাপতি ওয়াহিদ শরীফ, সাধারণ সম্পাদক তৌহিদ হোসেন উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, বিপিও বিশ্ববাজারে বাংলাদেশের সমূহ সম্ভাবনা রয়েছে। সাম্প্রতিক বছরগুলোতে দেশে এই সেক্টরের বিকাশ বিশেষ করে টেরেস্ট্রিয়াল ইন্টারনেট কেবল সংযোগ, থ্রিজি সম্প্রসারণ ও ডিজিটাল বাংলাদেশ কর্মসূচির কারণে দেশে-বিদেশে আউটসোর্সিং কাজে বাংলাদেশের অংশগ্রহণ বাড়ছে।