বিপিসিতে আন্তর্জাতিক নিরীক্ষক চান না অর্থমন্ত্রী
আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) কাছ থেকে সম্প্রসারিত ঋণ সহায়তা বা ইসিএফ কর্মসূচির আওতায় আর কোনো অর্থ নেবে না সরকার। বৈদেশিক লেনদেনের ভারসাম্য রক্ষায় বিনা সুদে এই ঋণ দিয়ে আসছিল আইএমএফ।
আইএমএফ চায় বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) আয়-ব্যয়, সম্পদসহ সার্বিক বিষয় আন্তর্জাতিক নিরীক্ষা প্রতিষ্ঠান দিয়ে নিরীক্ষা করাক। কিন্তু সরকার তাতে রাজি নয়। তাই আইএমএফ থেকে সাত কিস্তিতে প্রায় ১০০ কোটি ডলার নেওয়ার শেষ দিকে এসে সরকার এমন সিদ্ধান্ত নিল।
সচিবালয়ে গত মঙ্গলবার অর্থমন্ত্রী সরকারের এ সিদ্ধান্তের ব্যাখ্যা দিয়ে সাংবাদিকদের বলেন, দেশের সব ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের নিরীক্ষা হয় স্থানীয় নিরীক্ষা প্রতিষ্ঠানের মাধ্যমে। অথচ আইএমএফ শর্ত দিয়েছে বিপিসির জন্য আন্তর্জাতিক নিরীক্ষা প্রতিষ্ঠান নিয়োগ দিতে। অর্থমন্ত্রী বলেন, ‘একটি প্রতিষ্ঠানের জন্য আইন পরিবর্তন করতে আমি রাজি নই। তাই ইসিএফের আওতায় শেষ দুই কিস্তির অর্থ গ্রহণ না করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’
বাংলাদেশ ব্যাংকের জন্য তো আন্তর্জাতিক নিরীক্ষা প্রতিষ্ঠান নিয়োগ দেওয়া হয়েছে, বিপিসির ক্ষেত্রে সমস্যা কী—এমন প্রশ্নের জবাবে মুহিত বলেন, ‘বাংলাদেশ ব্যাংক হচ্ছে একটি নিয়ন্ত্রক সংস্থা, একটি বিশাল প্রতিষ্ঠান। এর কথা আলাদা।’
অর্থমন্ত্রীর মনোভাবের সঙ্গে দ্বিমত পোষণ করেন আইএমএফের সাবেক কর্মকর্তা ও বেসরকারি গবেষণা সংস্থা পলিসি রিসার্চ ইনস্টিটিউটের (পিআরআই) নির্বাহী পরিচালক আহসান এইচ মনসুর। তিনি বলেন, সরকারের এ সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা উচিত। আর বিপিসিতে আন্তর্জাতিক নিরীক্ষা প্রতিষ্ঠান নিয়োগ হলে অন্তত জানা যেত যে সংস্থাটিতে কী হচ্ছে।
আইএমএফ পর্ষদ ইসিএফের আওতায় ২০১২ সালের এপ্রিলে সাত কিস্তিতে ৯৮ কোটি ৭০ লাখ ডলার ঋণ দেওয়ার সিদ্ধান্ত নেয়। ঋণ নেওয়ার পর সাড়ে পাঁচ বছর পর্যন্ত পরিশোধ অব্যাহতি (গ্রেস পিরিয়ড) থাকবে। এরপর সাড়ে চার বছরের মধ্যে তা পরিশোধ করতে হবে। তিন বছর মেয়াদি এ কর্মসূচির প্রতি কিস্তিতে অর্থের পরিমাণ ১৪ কোটি ১০ লাখ ডলার। এর মধ্যে সরকার পাঁচ কিস্তির অর্থ গ্রহণও করে। তবে জটিলতা বাধে শেষ দুই কিস্তির ক্ষেত্রে।
ইসিএফের আওতায় কোনো একক দেশের জন্য আইএমএফের এটিই সবচেয়ে বড় অঙ্কের ঋণ। আইএমএফের পর্ষদ অনুমোদনের দুই দিন পর ২০১৩ সালের ১৩ এপ্রিল বাংলাদেশ ব্যাংকের গভর্নর আতিউর রহমান সাংবাদিকদের জানিয়েছিলেন, ‘এই অর্থ আইএমএফের ইচ্ছানুযায়ী নয়, বরং আমাদের নিজস্ব কর্মসূচিতে ব্যয় করা হবে।’
অর্থমন্ত্রীও তখন বলেছিলেন, ‘এক বছর ধরে আইএমএফের সঙ্গে বিষয়টি নিয়ে যোগাযোগ রক্ষা করে আসছিলাম। বাজেট বক্তৃতা, সরকারের রূপকল্প এবং ষষ্ঠ পঞ্চবার্ষিক পরিকল্পনায় যেসব কর্মসূচি রয়েছে, তার আলোকে আমরা একটি স্মারক তৈরি করে দিয়েছিলাম। আইএমএফ তার ভিত্তিতেই ঋণ দিচ্ছে।’
অর্থ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, আইএমএফ সরকারকে জানিয়েছে আগামী অক্টোবর-নভেম্বরের আগে তারা কোনো অর্থ ছাড় করতে পারবে না। এদিকে অর্থমন্ত্রীও আইএমএফকে জানিয়ে দিয়েছেন, সরকার ইসিএফের মেয়াদ আর বাড়াতে আগ্রহীই নয়।
পিআরআইয়ের নির্বাহী পরিচালক আহসান মনসুর বলেন, দরকার মনে না করলে সরকার ইসিএফের আওতায় অর্থ না-ই নিতে পারে। কিন্তু বিপিসিতে আন্তর্জাতিক নিরীক্ষা প্রতিষ্ঠানকে নিয়োগের বিকল্প নেই। শুধু বিপিসি নয়, বিটিসিএল, বিএসইসি ইত্যাদি বড় সংস্থায় মাঝে মাঝে হলেও আন্তর্জাতিক নিরীক্ষা প্রতিষ্ঠান নিয়োগ দেওয়া দরকার।
অর্থমন্ত্রী যে বললেন দেশি নিরীক্ষা প্রতিষ্ঠানের প্রতিই তিনি আস্থা রাখতে চান—এমন প্রশ্নের জবাবে আহসান মনসুর বলেন, দেশের অনেক নিরীক্ষা প্রতিষ্ঠানের সততার সমস্যা রয়েছে। বানানো হিসাব বিবরণীও এরা অনুমোদন দিয়ে দেয়।