বিপুল ক্রেতা-দর্শক সমাগমে শেষ হলো রিহ্যাব মেলা
দর্শক ও ক্রেতাদের ব্যাপক আগ্রহের মধ্য দিয়ে পাঁচ দিনের জমজমাট ‘রিহ্যাব ভিশন ফেয়ার ২০১০’ গতকাল সোমবার রাজধানীর শেরেবাংলা নগরে শেষ হয়েছে। রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (রিহ্যাব) এই মেলার আয়োজন করে। এবারের মেলায় ৫০ হাজারেরও বেশি দর্শক-ক্রেতার সমাগম ঘটেছিল বলে আয়োজকেরা জানান। এর মধ্যে শেষ দিনে গতকাল সকালের দিকে দর্শক-ক্রেতার উপস্থিতি কম থাকলেও বিকেলের দিকে ভিড় ছিল বেশি। এদিন মেলায় প্রায় ১০ হাজার দর্শক-ক্রেতার সমাগম ঘটেছে বলে রিহ্যাব সূত্রে জানা গেছে।জানা গেছে, এবার খোলামেলা পরিবেশে তিন শতাধিক প্রতিষ্ঠান অংশ নেওয়ায় দর্শক-ক্রেতারা বেশি করে যাচাই-বাছাই করার সুযোগ পেয়েছেন। ছোট-বড় সব ধরনের ডেভেলপারই ক্রেতাদের কাছ সাড়া পেয়েছে। এবারের মেলায় বেচাবিক্রি ও বুকিং যা হয়েছে, তার মূল্য দেড় হাজার কোটি টাকা হতে পারে। তবে মেলায় যাঁরা এসেছেন, তাঁদের অনেকেই আগামী তিন মাস পর্যন্ত জমি বা ফ্ল্যাট কেনার সিদ্ধান্ত নেবেন। জমি ও অ্যাপার্টমেন্ট বিক্রির এই মেলার পাঁচ দিনই ক্রেতা-দর্শকদের প্রচণ্ড ভিড় লক্ষ করা গেছে। সব বয়সের নারী-পুরুষ সপরিবারে মেলার বিভিন্ন প্রতিষ্ঠানের স্টলে ঘুরে ঘুরে সাধ ও সাধ্যের মধ্যে নিজেদের পছন্দের প্রকল্প খুঁজে দেখেছেন। কেউ কেউ বুকিংও দিয়েছেন। ক্রেতাদের আকৃষ্ট করতে এবার রিয়েল এস্টেট প্রতিষ্ঠানগুলো বিভিন্ন হারে মূল্যছাড় দিয়েছে। একই সঙ্গে অনেক প্রতিষ্ঠান নানা ধরনের উপহারও দিয়েছে। মেলায় ক্রেতা-গ্রাহকদের ঋণসুবিধা দিতে গৃহায়ণ খাতে ঋণ প্রদানকারী দেশের একটি আর্থিক প্রতিষ্ঠান ও একটি ব্যাংক অংশ নেওয়ায় ক্রেতাদের জন্য ছিল বাড়তি সুবিধা। রিহ্যাবের এ মেলায় মোট ৩০৬টি প্রতিষ্ঠান অংশ নেয়। এর মধ্যে ৩০৪টি জমি উন্নয়ন ও বাড়ি নির্মাতা এবং একটি ব্যাংক ও একটি আর্থিক প্রতিষ্ঠান।এবারের মেলায় অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলো দাবি করেছে, দর্শক-ক্রেতাদের কাছ থেকে তারা আশানুরূপ সাড়া পেয়েছে। অর্থাৎ বেচাবিক্রি ভালো হয়েছে। এ ছাড়া অনেকেই কোম্পানির প্রকল্পগুলোর প্রসপেক্টাস নিয়ে গেছেন। তাঁরা যাচাই-বাছাই করে পরবর্তী সময়ে যোগাযোগ করবেন বলে অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলো আশা করছে।এদিকে স্টলগুলো ঘুরে দেখা গেছে, এবার বড় ফ্ল্যাটের ক্রেতার সংখ্যা কম ছিল। এবার ক্রেতাদের আগ্রহ ছিল ছোট আকারের ফ্ল্যাটের দিকে। নিম্নমধ্যবিত্ত ও মধ্যবিত্ত ক্রেতার সংখ্যা বেশি ছিল।