বিপুল বিনিয়োগের সম্ভাবনা সাত খাতে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশে তৈরি পোশাক, তথ্যপ্রযুক্তি, জাহাজ নির্মাণ, ওষুধ, অটোমোবাইল বা গাড়ি, বড় অবকাঠামো এবং চামড়া ও চামড়াজাত পণ্য—এই সাতটি খাতে বিপুল বিনিয়োগ সম্ভাবনা রয়েছে।

উদ্যোক্তাদের মতে, সস্তা শ্রম ও কারিগরি দক্ষতার কারণে বাংলাদেশের এসব খাত এখন অন্যান্য দেশের তুলনায় বেশি প্রতিযোগিতাসক্ষম। চাহিদা অনুযায়ী এসব খাতে বিনিয়োগ এলে বাংলাদেশ সহজেই মধ্য আয়ের দেশে পরিণত হবে।

ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ (ডিসিসিআই) আয়োজিত এক আলোচনা সভায় গতকাল শনিবার এমন অভিমত দেন এই সাত খাতের উদ্যোক্তা ও ব্যবসায়ীরা। রাজধানীর আর্মি গলফ ক্লাবে অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি ছিলেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। এতে সভাপতিত্ব করেন ঢাকা চেম্বারের সভাপতি হোসেন খালেদ। এতে কোরিয়া ও পাকিস্তানসহ কয়েকটি দেশের কূটনীতিকেরা উপস্থিত ছিলেন।

সভায় তৈরি পোশাক খাতের সম্ভাবনার কথা তুলে ধরেন বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশনের (এফবিসিসিআই) সদ্য নির্বাচিত সহসভাপতি সফিউল ইসলাম মহিউদ্দিন। তিনি বলেন, এ খাতটি বিদেশি বিনিয়োগের জন্য উন্মুক্ত। বর্তমানে বিশ্ববাজারে বাংলাদেশের তৈরি পোশাকের অংশীদারত্ব ৫ দশমিক ১১ শতাংশ। ২০২০ সালে এ অংশীদারত্ব বেড়ে দাঁড়াবে ৮ শতাংশে। আর সে বছর বাংলাদেশ থেকে তৈরি পোশাক রপ্তানি হবে ৫ হাজার ২০০ কোটি ডলারের।

দেশের মোট দেশজ উৎপাদনের (জিডিপি) ২ দশমিক ১৯ শতাংশ আসে চামড়া ও চামড়াজাত শিল্প থেকে। এ খাতের বিনিয়োগ সম্ভাবনা তুলে ধরে মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের (এমসিসিআই) সভাপতি সৈয়দ নাসিম মঞ্জুর বলেন, ভারত ৯৫ শতাংশ পাদুকা বানায় নিজেদের বাজারের জন্য। বাকি ৫ শতাংশ রপ্তানি করে। দেশটি প্রতিবছর ২০ হাজার কোটি জোড়া পাদুকা বানায়। বাংলাদেশের পাদুকার বাজারেরও বিস্তার ঘটছে। তবে এ খাতে দেশি-বিদেশি আরও বিনিয়োগের সুযোগ রয়েছে।

ওষুধ শিল্প খাতে বিনিয়োগের সম্ভাবনা সম্পর্কে কথা বলেন ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালসের ব্যবস্থাপনা পরিচালক আবদুল মোক্তাদির। তিনি বলেন, ‘যে ওষুধের দাম অন্য দেশে এক হাজার ডলার, সেটি বাংলাদেশে মাত্র এক ডলারে পাওয়া যায়। এটাই বাংলাদেশের ওষুধ শিল্পের প্রতিযোগিতা সক্ষমতা।’ চীন ও ভিয়েতনামের নাগরিকেরা বাংলাদেশ থেকে ওষুধ কিনে নিয়ে যায় বলে তিনি উল্লেখ করেন।

বাংলাদেশ শিপ বিল্ডার্স অ্যাসোসিয়েশনের সভাপতি কে এম মাহমুদ উর রহমান বলেন, বিশ্ব জাহাজ নির্মাণ বাজারের আকার ৪০ হাজার কোটি ডলারের। বাংলাদেশ সহজেই এ বাজারের ১০ শতাংশের অংশীদার হতে পারে। এ জন্য কমপক্ষে ১০টি আধুনিক শিপ বিল্ডিং ইয়ার্ড তৈরি করতে হবে। আর এ খাতের বিনিয়োগের দুর্বলতাগুলো চিহ্নিত করে ব্যবস্থা নিতে হবে।

তথ্যপ্রযুক্তি (আইটি) খাতের সম্ভাবনা তুলে ধরে সফটওয়্যার রপ্তানিকারকদের সংগঠন বেসিসের সভাপতি শামীম আহসান বলেন, ২০১৮ সালের মধ্যে জিডিপির ১ শতাংশ আসবে এই খাত থেকে। তাই বাংলাদেশ হতে পারে তথ্যপ্রযুক্তি খাতের অন্যতম বিনিয়োগ গন্তব্য।

এ ছাড়া অটোমোবাইল খাতের বিভিন্ন দিক নিয়ে নাভানা অটোমোবাইল লিমিটেডের সিনিয়র ভাইস চেয়ারম্যান সাইফুল ইসলাম, আর বড় অবকাঠামো নিয়ে ঢাকা চেম্বারের সাবেক সভাপতি আবুল কাশেম খান বক্তব্য দেন।

বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেন, বাংলাদেশের বিনিয়োগ নীতি খুবই উদার। তবে জ্বালানি সংকটই বিদেশি বিনিয়োগ আকর্ষণে অন্যতম বড় সমস্যা। বাংলাদেশ এখন সারা বিশ্বের কাছে অর্থনৈতিক উন্নয়নে বিস্ময়কর উদাহরণ।

ইন্টারন্যাশনাল চেম্বার অব কমার্স, বাংলাদেশের (আইসিসিবি) সভাপতি মাহবুবুর রহমান বলেন, বাংলাদেশে বিদেশি বিনিয়োগে দুর্বলতা রয়েছে। জ্বালানি সংকট কাটাতে পারলে দেশি-বিদেশি বিনিয়োগ দুটোই আরও বাড়বে।

হোসেন খালেদের মতে, ২০৩০ সালের মধ্যে দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি দুই অঙ্কের ঘরে নিতে হলে জিডিপিতে বিনিয়োগের অনুপাত আরও ১৪ শতাংশ বাড়ানো দরকার।