বিপুল মজুতের পরও চিনির সরবরাহে টান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হঠাৎ করেই অস্থির হয়ে উঠেছে চিনির বাজার। গত তিন দিনে ঢাকার মৌলভীবাজার ও কারওয়ান বাজারের পাইকারি দোকানে কেজিতে ৫ থেকে ৬ টাকা বেড়ে গেছে নিত্যপ্রয়োজনীয় এই পণ্যের দাম।
পাইকারি ব্যবসায়ীরা বলছেন, সবচেয়ে বেশি চিনি সরবরাহকারী কোম্পানি সিটি গ্রুপের মিল বা কারখানা বন্ধ থাকায় চাহিদামতো চিনি মিলছে না। এ কারণেই দাম বেড়েছে। অবশ্য সিটি গ্রুপ দাবি করেছে, মিল বন্ধ থাকলেও তারা আগে পরিশোধন করা চিনি বিক্রি করছে। অন্যদিকে সরকারি তথ্যও বলছে, দেশে এখন বিপুল পরিমাণ চিনির মজুত আছে।
এদিকে পাইকারি বাজারে দাম বেড়ে যাওয়ায় খুচরা পর্যায়েও এর প্রভাব পড়েছে। কারওয়ান বাজারেই প্রতি কেজি চিনির দাম ৩ থেকে ৪ টাকা বেড়ে খুচরায় ৬০-৬২ টাকায় উঠেছে। অবশ্য সব দোকান ও বাজারে এখনো নতুন দামের চিনি পৌঁছায়নি।
সরকারি বাণিজ্য সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) হিসাবে, গত এক মাসে চিনির দাম ১৭ শতাংশ বেড়েছে।
পুরান ঢাকার মৌলভীবাজারে গিয়ে গতকাল রোববার দেখা যায়, তাৎক্ষণিকভাবে সরবরাহ চাইলে প্রতি বস্তা চিনির (৫০ কেজি) দাম পড়ছে ২ হাজার ৯৫০ থেকে ২ হাজার ৯৮০ টাকা। এতে কেজিপ্রতি দর দাঁড়ায় ৫৯ থেকে ৫৯ টাকা ৬০ পয়সা। সেখানকার শোয়েব এন্টারপ্রাইজের মো. শাহিন বলেন, কয়েক দিন আগেও কেজিপ্রতি দাম ছিল ৫৪ টাকা। অন্যদিকে দিন পনেরো পরে সরবরাহ নিলে প্রতি কেজি চিনির দাম ৫২ টাকা, যা খরচসহ ৫৫ টাকা পড়বে বলে জানান ব্যবসায়ীরা।
কারওয়ান বাজারের পাইকারি দোকান সোনালি ট্রেডার্সের আবুল কাশেম বলেন, চিনির দাম বেশি বেড়েছে গত শুক্রবার থেকে। এর আগে প্রতি কেজি ৫৩-৫৪ টাকা দরে বিক্রি হয়েছিল। এখন সেটা ৬০ টাকায় বিক্রি হচ্ছে। তিনি বলেন, চিনি পাওয়া যাচ্ছে না। যা ছিল বিক্রি শেষ।
পাইকারি চিনি ব্যবসায়ী সমিতির সাবেক সভাপতি আনোয়ার হাবিব গতকাল প্রথম আলোকে বলেন, সপ্তাহ দু-এক আগে মেঘনা গ্রুপের চিনির মিল বন্ধ ছিল। এখন আবার সিটি গ্রুপের মিল বন্ধ। এতে সরবরাহে টান পড়ায় দাম বেড়েছে।
সিটি গ্রুপের মহাব্যবস্থাপক বিশ্বজিৎ সাহা প্রথম আলোকে বলেন, গত বৃহস্পতিবার রাতে গ্যাস-সংযোগের একটি যন্ত্র নষ্ট হয়ে যাওয়ায় তাঁদের মিল বন্ধ হয়ে গেছে। আগামী বুধবার নাগাদ তা চালু করা যাবে বলে তাঁদের আশা। তবে উৎপাদন বন্ধ থাকলেও আগে পরিশোধন করা চিনি বিক্রি করা হচ্ছে বলে জানান তিনি।
চিনির বিপুল মজুত: বাণিজ্য মন্ত্রণালয়ের হিসাবে, দেশে বছরে চিনির চাহিদা ১৪-১৫ লাখ টন। রোজার মাসে প্রায় ৩ লাখ টন চিনি লাগে। চট্টগ্রাম কাস্টমস হাউসের তথ্য অনুযায়ী, গত ১০ মাসে দেশে প্রায় ১৭ লাখ টন চিনি আমদানি ও স্থানীয়ভাবে ৫৮ হাজার টন উৎপাদিত হয়েছে।
বাণিজ্য মন্ত্রণালয়ের প্রতিবেদন অনুযায়ী, মার্চের শুরুতে কোম্পানিগুলোর কাছে প্রায় ৫ লাখ টন চিনির মজুত ছিল। আর মার্চ ও এপ্রিলে প্রায় ৪ লাখ টন চিনি দেশে ঢুকেছে বলে কাস্টমস হাউস সূত্রে জানা গেছে। এর মধ্যে সিটি গ্রুপ প্রায় ১ লাখ ৯ হাজার টন, মেঘনা গ্রুপ ১ লাখ ৫৩ হাজার টন, আবদুল মোনেম লিমিটেড ৫৪ হাজার টন, এস আলম গ্রুপ ২৩ হাজার টন ও দেশবন্ধু ৩৫ হাজার টন চিনি আমদানি করেছে।