বিবিআইএন প্রকল্প বাস্তবায়নে সহায়তা করবে বিশ্বব্যাংক
বাংলাদেশ-ভুটান-ভারত-নেপালের (বিবিআইএন) প্রকল্প বাস্তবায়নে অর্থ ও কারিগরি সহায়তা দেবে বিশ্বব্যাংক।
সচিবালয়ে গতকাল মঙ্গলবার ঢাকায় নিযুক্ত বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টর কিমিআয়ো ফানের নেতৃত্বাধীন এক প্রতিনিধিদলের সঙ্গে মতবিনিময় শেষে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ সাংবাদিকদের এ কথা বলেন।
বাণিজ্য মন্ত্রণালয়ের ডব্লিউটিও সেলের মহাপরিচালক শুভাশিস বসু, দুই অতিরিক্ত সচিব কাজী সালাহউদ্দিন আকবর ও মনোজ কুমার রায় এবং যুগ্ম সচিব মুনির চৌধুরী এ সময় উপস্থিত ছিলেন।
বাণিজ্যমন্ত্রী বলেন, প্রাথমিক পর্যায়ে এক হাজার কোটি টাকা ব্যয়ে বিবিআইএনের আওতায় নেওয়া প্রকল্পের বাংলাদেশ অংশ বাস্তবায়ন করা হবে। বাণিজ্য মন্ত্রণালয়ের মাধ্যমে বিশ্বব্যাংক এ প্রকল্প বাস্তবায়ন করবে।
বাণিজ্যমন্ত্রী বলেন, বাংলাদেশের অর্থনৈতিক, সামাজিক, নারীর ক্ষমতায়ন এবং অবকাঠামো উন্নয়ন এবং এসব উন্নয়নে বৃহৎ প্রকল্প বাস্তবায়নের সক্ষমতা অর্জনের জন্য বাংলাদেশের প্রশংসা করেছে বিশ্বব্যাংক।
তোফায়েল আহমেদ বলেন, একসময় যারা বাংলাদেশকে তলাবিহীন ঝুড়ি বলেছিল, আজ তারাই বাংলাদেশের উন্নয়নের প্রশংসা করছে। দেশে একসময় সাড়ে সাত কোটি মানুষের খাদ্যসংকট ছিল, আজ ১৬ কোটি মানুষ খাদ্যের অভাব নেই।
বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টর কিমিআয়ো ফান সাংবাদিকদের বলেন, বাংলাদেশ এখন বড় বড় প্রকল্প বাস্তবায়নের সক্ষমতা অর্জন করেছে। খাদ্য নিরাপত্তায় বাংলাদেশের অবস্থানও বেশ শক্ত। নারী উন্নয়ন এবং নারীর ক্ষমতায়নেও বাংলাদেশ এখন অনেক এগিয়ে।