
বাংলাদেশের মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রবৃদ্ধি গত অর্থবছরে (২০১২-১৩) ৬ দশমিক ০৩ শতাংশ হবে বলে প্রাক্কলন প্রকাশ করে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস)। সেটা ২০১৩-১৪ অর্থবছরের বাজেট জাতীয় সংসদে উপস্থাপন করার কয়েক দিন আগে।
কিন্তু অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত এই প্রাক্কলন মানতে রাজি হননি। ৭ জুন জাতীয় সংসদে উপস্থাপিত বাজেট বক্তৃতায় তিনি বলেন যে এই পূর্বাভাস অত্যন্ত রক্ষণশীল। বরং প্রবৃদ্ধি হয়তো ৬ দশমিক ৩ থেকে ৬ দশমিক ৮ শতাংশ হতে পারে।
একইভাবে ২০১১-১২ অর্থবছরের জিডিপি প্রবৃদ্ধির সাময়িক প্রাক্কলন ছিল ৬ দশমিক ৩২ শতাংশ। তখন বিবিএসের এই প্রাক্কলনের সঙ্গে দ্বিমত করেছিলেন অর্থমন্ত্রী। এই হার আরও বাড়বে বলেও তখন তিনি উল্লেখ করেছিলেন। তবে বিবিএস যে হিসাব চূড়ান্ত করে, তাতে দেখা গেল, জিডিপির প্রকৃতি প্রবৃদ্ধি আরও কমে ৬ দশমিক ২৩ শতাংশ হয়েছে।
আবার ২০১০-১১ অর্থবছরে ৬ দশমিক ৬৭ শতাংশ জিডিপি প্রবৃদ্ধি হবে বলে প্রাক্কলন প্রকাশ করে বিবিএস। সে সময় দেশের প্রখ্যাত অর্থনীতিবিদ ও গবেষণা সংস্থাগুলো এই প্রক্ষেপণের বিরোধিতা করে। তাদের দাবি, পর্যাপ্ত বিনিয়োগ না হওয়ায় জিডিপি প্রবৃদ্ধি এত বেশি হতে পারে না। বিবিএস অবশ্য প্রবৃদ্ধির হার ৬ দশমিক ৭ শতাংশই চূড়ান্ত করেছিল।
শুধু জিডিপি নয়, অর্থনীতির বিভিন্ন গুরুত্বপূর্ণ সূচকে বিবিএসের পরিসংখ্যান নিয়ে নীতি-নির্ধারক, গবেষকসহ বিভিন্ন মহল মাঝেমধ্যেই প্রশ্ন তোলেন। তাঁরা এসব পরিসংখ্যান সঠিক নয় বলেও দাবি করেন। বিশেষ করে মূল্যস্ফীতি বেশি হলে কিংবা জিডিপি প্রবৃদ্ধি কম হলে সব সরকারের আমলেই অর্থমন্ত্রীরা তা মানতে অনীহা প্রকাশ করেন।
আদমশুমারির তথ্য-উপাত্ত নিয়েও বর্তমান সরকারের কৃষিমন্ত্রী একমত হতে পারেননি। আদমশুমারি ২০১১-এর পরিসংখ্যান নিয়ে বেশ কিছুদিন আগে এক অনুষ্ঠানে রীতিমতো ক্ষোভ প্রকাশ করেছিলেন কৃষিমন্ত্রী। আদমশুমারিতে বাংলাদেশের জনসংখ্যা হিসাব করা হয়েছিল ১৪ কোটি ৯৭ লাখ। কৃষিমন্ত্রীর দাবি, এই সংখ্যা ১৬ কোটি। তা না হলে এত কৃষি উৎপাদন বা খাবার যায় কোথায়?
শুধু এই সরকার নয়, বিএনপি সরকারের আমলেও এমন ঘটনা ঘটেছিল। সাবেক অর্থমন্ত্রী সাইফুর রহমান একবার সিলেট যেতে যেতে সড়কের দুই পাশে বহু শিল্প কারখানা দেখেছিলেন। এই যুক্তি দেখিয়ে তিনি সে সময় বিবিএসের জিডিপি ও শিল্প উৎপাদনের প্রবৃদ্ধির প্রক্ষেপণ মানতে চাননি।
আবার যাঁরা বিবিএসের তথ্য-উপাত্ত নিয়ে কাজ করেন সেই অর্থনীতিবিদ ও গবেষণা সংস্থাগুলোও অনেক সময় বিবিএসের তথ্য-পরিসংখ্যান নিয়ে সন্দেহ পোষণ করেন, প্রশ্ন তোলেন।
কিন্তু বিবিএসের পরিসংখ্যানই রাষ্ট্রের স্বীকৃত তথ্য-উপাত্তের ভান্ডার। যেকোনো পরিকল্পনা প্রণয়ন বা সিদ্ধান্ত গ্রহণে বিবিএসের তথ্যই চূড়ান্ত।
পরিসংখ্যান আইন ২০১৩-এর ১০ ধারায় বলা আছে, ‘যেকোনো মন্ত্রণালয়, বিভাগ বা উহাদের অধীনস্থ দপ্তর বা সংস্থার পরিসংখ্যানসংক্রান্ত কর্মকাণ্ডে সরকারি পরিসংখ্যান ব্যবহার বাধ্যতামূলক।’
আর যেসব বিষয়ে পরিসংখ্যান প্রণয়ন করে না, সে বিষয়ে বিবিএসের অনাপত্তি নিয়ে পরিসংখ্যান তৈরি করতে পারবে সরকারি প্রতিষ্ঠানগুলো। আইনের ১১ ধারায় এমন বাধ্যবাধকতার কথা বলা হয়েছে।
কে কী বলেন
এসব প্রসঙ্গে জানতে চাইলে বিবিএসের মহাপরিচালক গোলাম মোস্তফা কামাল প্রথম আলোকে বলেন, ‘প্রকৃত তথ্য-উপাত্ত নিয়ে সততার সঙ্গে পরিসংখ্যান দেয় বিবিএস। তথ্য-উপাত্ত বিশ্লেষণ করার সময় যথেষ্ট সৎ থাকার চেষ্টা করেন পরিসংখ্যান কর্মকর্তারা।’ তবে লোকবলের অভাবে বিবিএসের কাজ কিছুটা সীমিত পরিসরে করতে হচ্ছে বলে তিনি মনে করেন।
আবার তথ্য-উপাত্ত সংগ্রহ বা বিশ্লেষণ করে তা সরাসরি প্রকাশ করতে পারে না বিবিএস। মাসওয়ারি মূল্যস্ফীতি, জিডিপি প্রবৃদ্ধি হারসহ সব পরিসংখ্যনের তথ্য-উপাত্তই পরিকল্পনামন্ত্রীর অনুমোদন নিয়ে চূড়ান্ত করতে হয়। এটা বিবিএসের স্বাধীনভাবে কাজ করার ক্ষেত্রে অন্তরায় বলে মনে করেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
বিবিএস সূত্রে জানা গেছে, বিভিন্ন সরকারের আমলে তৎকালীন অর্থমন্ত্রী ও পরিকল্পনামন্ত্রীদের চাপে একাধিকবার জিডিপি ও মূল্যস্ফীতির তথ্য পাল্টাতে হয়েছিল বিবিএসকে।
বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের (বিআইডিএস) গবেষণা পরিচালক জায়েদ বখত প্রথম আলোকে বলেন, বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশে পরিসংখ্যানের ঘাটতি থাকবে। তবে বাংলাদেশের পরিস্থিতি পাকিস্তান, শ্রীলংকার চেয়ে ভালো। তাঁর মতে, বিবিএসকে শক্তিশালী করতে পর্যাপ্ত অর্থ ও দক্ষ মানবসম্পদ নেই। তবে এটি চলমান প্রক্রিয়া, একদিনে হবে না।
নিরপেক্ষ প্রতিষ্ঠান হিসেবে দক্ষ মানবসম্পদ দরকার ও বিবিএসকে আরও স্বাধীনতা প্রদানের পরামর্শ দিয়ে জায়েদ বখত বলেন, বিবিএসের তথ্য নিয়ে রাজনৈতিক হস্তক্ষেপ হয় বলে শোনা যায়।
বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) নির্বাহী পরিচালক মোস্তাফিজুর রহমান প্রথম আলোকে বলেন, অর্থনৈতিক ব্যবস্থাপনা গুণগতমান তৈরি করতে স্বাধীন পরিসংখ্যান ব্যুরো দরকার। আবার সেই ব্যুরোর প্রয়োজনীয় সক্ষমতাও থাকা দরকার।
মোস্তাফিজুর রহমানের মতে, সাম্প্রতিককালে কিছু উন্নতি হয়েছে। আর এখনো বিবিএসের অনেক কিছু করার বাকি আছে। বছরভিত্তিক জিডিপির পাশাপাশি অনেক দেশের মতো ত্রৈমাসিক ভিত্তিতে জিডিপি নির্ণয় ও অধিকতর খানা জরিপ করা গেলে পরিসংখ্যানভিত্তির গুনগতমান বৃদ্ধি পেত।
দুর্বল বিবিএস
বছরের পর বছর বিবিএসকে দুর্বল প্রতিষ্ঠান করে রাখা হয়েছে। পর্যাপ্ত লোকবল দেওয়া হয়নি। আবার তথ্য-উপাত্ত চূড়ান্ত করার জন্য গঠিত কারিগরি কমিটিগুলো দুর্বল করা হয়েছে।
বর্তমান কাঠামোতে বিবিএসে চার হাজার ৪০০ পদের মধ্যে এক হাজার ৩০০ পদ খালি রয়েছে। এর মধ্যে পরিসংখ্যান ক্যাডার সার্ভিসের ১০৭ পদের মধ্যে ৩৫টি খালি রয়েছে।
বিবিএস সূত্রে জানা গেছে, বছর খানেক আগে নতুন জনবল কাঠামোর প্রস্তাব জনপ্রশাসনে জমা দেওয়া হলেও তা নিয়ে কোনো অগ্রগতি নেই। আর বিবিএস (পরিসংখ্যান) ক্যাডার সার্ভিসে যোগ্যতা হিসেবে পরিসংখ্যান, অর্থনীতি ও ভুগোল স্নাতক ডিগ্রি থাকা বাধ্যতামূলক করার সুপারিশ করা হয়েছে।