দেশের পরিসংখ্যান কার্যক্রম আধুনিকায়নের লক্ষ্যে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) সংস্কার করছে সরকার। ইতিমধ্যে প্রথম পর্যায়ের কাজও সম্পন্ন্ন হয়েছে। বিবিএসকে সংস্কারের এ কাজে আর্থিক ও কারিগরি সহায়তা দিচ্ছে বিশ্বব্যাংক।বিবিএসের সংস্কারের জন্য একটি জাতীয় কর্মকৌশল প্রণয়ন বিষয়ে রাজধানীর আগারগাঁওয়ের বিবিএস ভবনে গতকাল রোববার অনুষ্ঠিত এক কর্মশালায় এসব তথ্য জানানো হয়।কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে পরিকল্পনামন্ত্রী এ কে খন্দকার বলেন, ‘নির্ভরযোগ্য তথ্য ও উপাত্ত সরকারের কার্যকর পরিকল্পনা প্রণয়নে সহায়ক ভূমিকা রাখে।’পরিসংখ্যানের চাহিদা ও ব্যাপকতা বেড়ে চলেছে উল্লেখ করে পরিকল্পনামন্ত্রী আরও বলেন, ‘পরিসংখ্যান ব্যুরো সংস্কারের আওতায় নতুন ৪৩টি জেলা পরিসংখ্যান অফিস ও ছয়টি বিভাগীয় পরিসংখ্যান অফিস নির্মাণ করা হবে। তা ছাড়া বড় উপজেলার পরিসংখ্যান কার্যালয়ে জনবল বৃদ্ধির বিষয়টিও সরকারের বিবেচনায় আছে।’কর্মশালায় বিশ্বব্যাংকের আবাসিক পরিচালক অ্যালেন গোল্ডস্টেইন পরিসংখ্যান ব্যুরোর সংস্কার-কার্যক্রমে বিশ্বব্যাংকের সহায়তার কথা পুনর্ব্যক্ত করেন। কর্মশালায় আরও বক্তব্য দেন পরিকল্পনা মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি অলি আহমদ।কর্মশালায় জানানো হয়, তিন ধাপে পরিসংখ্যান ব্যুরোর প্রাতিষ্ঠানিক ক্ষমতা বাড়ানোর কার্যক্রম বাস্তবায়িত হবে। প্রথম পর্যায়ে বিবিএসের বিদ্যমান কাঠামো ঠিক রেখে কতিপয় অর্থনৈতিক ক্ষেত্রে তথ্য সংগ্রহের গুণগত মান বৃদ্ধির ওপর জোর দেওয়া হয়েছে। বিবিএস বলছে, এ কাজ ইতিমধ্যেই শেষ হয়েছে। দ্বিতীয় পর্যায়ে একটি মহাপরিকল্পনার আওতায় প্রকল্পের মাধ্যমে ব্যুরোর প্রাতিষ্ঠানিক ক্ষমতা বৃদ্ধি করা হবে। মহাপরিকল্পনার আওতায় একটি প্রকল্পের মাধ্যমে পরিসংখ্যান ব্যুরোর প্রাতিষ্ঠানিক দক্ষতা বাড়ানোর কার্যক্রম ঠিক করা হবে। দক্ষতা বাড়ানো কার্যক্রমের পরিকল্পনা, সময়সীমা এবং বরাদ্দ করা অর্থের ব্যবহারের বিষয়ে মহাপরিকল্পনায় বিস্তারিত উল্লেখ থাকতে হবে।সর্বশেষ পর্যায়ে প্রণীত হবে একটি বিনিয়োগ কর্মসূচি। এর আওতায় অবকাঠামো উন্নয়ন, জনবল ও মহাপরিকল্পনা বাস্তবায়নের আইনি কাঠামো প্রণয়ন করা হবে।উল্লেখ্য, স্বাধীনতার পর ১৯৭৪ সালের আগস্ট মাসে চারটি পৃথক পরিসংখ্যানমূলক প্রতিষ্ঠানকে একত্র করে গঠন করা হয় বিবিএস। প্রতিষ্ঠানগুলো ছিল: পরিসংখ্যান ব্যুরো, কৃষি পরিসংখ্যান ব্যুরো, কৃষিশুমারি কমিশন ও আদমশুমারি কমিশন। সমন্বিতভাবে জাতীয়ভিত্তিক বিভিন্ন ধরনের পরিসংখ্যান ও উপাত্ত সংগ্রহ, সংকলন ও প্রকাশ করার দায়িত্ব অর্পিত হয় বিবিএসের ওপর। পরবর্তী সময়ে ১৯৭৫ সালের জুলাই মাসে পরিকল্পনা মন্ত্রণালয়ে পরিসংখ্যান বিভাগ গঠন করে বিবিএসকে দেখভাল ও পরিচালনা করার দায়িত্ব দেওয়া হয়। এই বিভাগের সচিব একই সঙ্গে বিবিএসের মহাপরিচালকের দায়িত্ব পালন করতেন। তবে ২০০২ সালে পরিসংখ্যান বিভাগ অবলুপ্ত করা হয়।তবে ২০০৯ সালে বর্তমান সরকার আবার পরিসংখ্যান বিভাগকে পুনরুজ্জীবিত করে। এর মধ্য দিয়ে বিবিএসকে শক্তিশালী করাসহ সামগ্রিকভাবে দেশের পরিসংখ্যান কার্যক্রমকে আধুনিকায়নের প্রাথমিক পদক্ষেপ নেওয়া হয়।