এক হাজার ৬৫০ কোটি টাকা ব্যয়ে বিবিয়ানা-ধনুয়া গ্যাস সঞ্চালন পাইপলাইন নির্মাণ প্রকল্প অনুমোদন করেছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)।গতকাল মঙ্গলবার শেরেবাংলা নগরের এনইসি সম্মেলনকক্ষে অনুষ্ঠিত একনেকের সভায় এই অনুমোদন দেওয়া হয়। প্রধানমন্ত্রী ও একনেকের চেয়ারপারসন শেখ হাসিনা সভায় সভাপতিত্ব করেন।দেশের উত্তর-পূর্বাঞ্চলের বিবিয়ানা ও জালালাবাদ গ্যাসক্ষেত্র থেকে উৎপাদিত অতিরিক্ত গ্যাস সঞ্চালন পাইপলাইনের মাধ্যমে জাতীয় গ্যাস গ্রিডে সরবরাহ করাই অনুমোদিত প্রকল্পের উদ্দেশ্য। পেট্রোবাংলার সঙ্গে উৎপাদন-বণ্টন চুক্তির আওতায় শেভরন কোম্পানি এই গ্যাস উৎপাদন করবে। প্রকল্পের আওতায় হবিগঞ্জের বিবিয়ানা থেকে গাজীপুরের ধনুয়া পর্যন্ত ৩৬ ইঞ্চি ব্যাসের সঞ্চালন পাইপলাইন স্থাপন করা হবে। ১৩৭ কিলোমিটার দীর্ঘ এই লাইনের মধ্যে সাড়ে চার হাজার মিটার নদীপথ রয়েছে। পেট্রোবাংলার নিজস্ব তহবিল থেকে প্রকল্পের ব্যয় মেটানো হবে। ২০১৩ সালের জুন নাগাদ প্রকল্পের কাজ শেষ হবে।এই প্রকল্পসহ একনেকের সভায় মোট এক হাজার ৯৭১ কোটি টাকার চারটি প্রকল্প অনুমোদন দেওয়া হয়। এর মধ্যে প্রকল্প সাহায্য হিসেবে পাওয়া যাবে ৭৯ কোটি টাকা। বাকি অর্থ সরকারের নিজস্ব তহবিল থেকে জোগান দেওয়া হবে।সভায় ২০৮ কোটি টাকার বরিশাল সিটি করপোরেশনের ‘সড়ক উন্নয়ন ও প্রশস্তকরণসহ ড্রেন কাম ফুটপাত নির্মাণ’ শীর্ষক আরেকটি প্রকল্প অনুমোদন করা হয়। প্রকল্পের আওতায় প্রায় সাড়ে তিন লাখ বর্গমিটার রাস্তার উন্নয়ন ও প্রশস্তকরণ সম্পন্ন হবে। এ ছাড়া চার কিলোমিটার শহর রক্ষা বাঁধ ও সার্কুলার রোড, ৪৩ কিলোমিটার ড্রেন কাম ফুটপাত, ১৯টি বক্স কালভার্ট এবং ৭৬ মিটার গার্ডার সেতু নির্মাণ করা হবে। শহরবাসীর বিনোদনের জন্য একটি পার্ক নির্মাণ ও ৩৩ কিলোমিটার রাস্তায় লাইট স্থাপনের কাজও প্রকল্পে অন্তর্ভুক্ত রয়েছে।এ ছাড়া সভায় ৪৪ কোটি টাকার নারী নির্যাতন প্রতিরোধে মাল্টিসেক্টরাল প্রোগ্রাম (তৃতীয় পর্যায়) এবং ৬৯ কোটি টাকার বৃহত্তর রংপুর কৃষি এবং গ্রামীণ উন্নয়ন প্রকল্প (প্রথম সংশোধিত) অনুমোদন করা হয়।সভা শেষে পরিকল্পনামন্ত্রী এ কে খন্দকার প্রকল্পগুলো সম্পর্কে সাংবাদিকদের অবহিত করেন। পরিকল্পনা বিভাগের ভারপ্রাপ্ত সচিব ভূঁইয়া সফিকুল ইসলাম এ সময় উপস্থিত ছিলেন।সভায় অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরীসহ বিভিন্ন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।