বিবিয়ানা-২ ও সিদ্ধিরগঞ্জ বিদ্যুৎকেন্দ্রে যন্ত্রপাতি সরবরাহ করবে জি ই
৩৪১ মেগাওয়াট ক্ষমতার বিবিয়ানা-২ এবং ৩৩৫ মেগাওয়াটের সিদ্ধিরগঞ্জ বিদ্যুৎকেন্দ্রে সর্বাধুনিক যন্ত্রপাতি (৯ এফ-থ্রি সিরিজ) সরবরাহ করবে যুক্তরাষ্ট্রের কোম্পানি জি ই।বিবিয়ানা কেন্দ্রটি দেশের শীর্ষ বিদ্যুৎ উৎপাদনকারী কোম্পানি সামিট গ্রুপের। তাদের সঙ্গে কেন্দ্রটিতে জি ইর ২০ শতাংশ মালিকানা রয়েছে।অন্যদিকে সরকারি খাতের ইলেকট্রিসিটি জেনারেশন কোম্পানি অব বাংলাদেশের (ইজিসিবি) সিদ্ধিরগঞ্জ কেন্দ্রটি নির্মাণ করবে স্পেনের কোম্পানি আইসোল্যাক্স।কেন্দ্র দুটিতে যন্ত্রপাতি সরবরাহের ব্যাপারে জি ই চুক্তিবদ্ধ হয়েছে সামিট ও আইসোল্যাক্সের সঙ্গে। গতকাল বুধবার ঢাকার একটি অভিজাত হোটেলে জি ইর গ্লোবাল চেয়ারম্যান ও প্রধান নির্বাহী কর্মকর্তা জেফ ইমেল্টের উপস্থিতিতে ওই চুক্তি স্বাক্ষরিত হয়।জি ইর পক্ষে চুক্তিতে সই করেন কোম্পানির প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহী কর্মকর্তা (ভারত) জন এল ফ্ল্যানেরি। সামিটের পক্ষে কোম্পানির পরিচালক ফয়সাল খান এবং আইসোল্যাক্সের পক্ষে কোম্পানির চেয়ারম্যান লুইস ডেলসো।বিবিয়ানা-২ ও সিদ্ধিরগঞ্জ কেন্দ্রে উৎপাদন শুরু হবে ২০১৪ সালের মাঝামাঝি সময়ে। গত ফেব্রুয়ারি মাসে সামিট ও জি ইর মধ্যে মেঘনাঘাট ৩৩৫ মেগাওয়াট কেন্দ্রে যন্ত্রপাতি সরবরাহেরও চুক্তি সই হয়। ওই কেন্দ্রে উৎপাদন শুরু হবে আগামী বছরের আগস্ট মাসে।চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর জ্বালানিবিষয়ক উপদেষ্টা তৌফিক-ই-ইলাহী চৌধুরী বলেন, জি ইর সঙ্গে স্বাক্ষরিত এই চুক্তি দেশকে অনেক দূর এগিয়ে দেবে। বিদ্যুৎকেন্দ্রে যন্ত্রপাতি সরবরাহ করা ছাড়াও বাংলাদেশে সরাসরি বিনিয়োগ করার জন্য তিনি জি ইর চেয়ারম্যানের প্রতি আহ্বান জানান।অনুষ্ঠানে জি ইর চেয়ারম্যান বলেন, ‘বাংলাদেশ এখন থেকে জি ইর নতুন ঠিকানায় (নিউ হোম) পরিণত হলো। আজ যাঁদের সঙ্গে চুক্তি হলো, তাঁদের সঙ্গে বন্ধুত্ব ও অংশীদারত্ব দীর্ঘমেয়াদি হবে।’অনুষ্ঠানে উপস্থিত বাংলাদেশে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ড্যান ডব্লিউ মজীনা বলেন, বাংলাদেশের উন্নয়ন প্রকল্পে পৃথিবীর তৃতীয় বৃহত্তম কোম্পানি জি ইর অংশগ্রহণ এ দেশের অর্থনীতি ও জীবনযাত্রা বদলে দেবে। জি ইর মতো কোম্পানি যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের কথায় কোনো দেশে বিনিয়োগ করে না। তাঁরা তখনই বিনিয়োগ করতে আসে, যখন দেখে যে এটি সব দিক থেকে যুক্তিসংগত ও অর্থপূর্ণ হবে। রাষ্ট্রদূত বাংলাদেশের জনগণকে কর্মঠ, বৈচিত্র্যময়, সৃজনশীল, উদার এবং একই সঙ্গে অত্যন্ত কঠিন (টাফ) বলে উল্লেখ করে বলেন, জি ইর চেয়ারম্যানের সুযোগ হবে এ দেশের জাদুর অভিজ্ঞতা পাওয়ার।অনুষ্ঠানে বিদ্যুৎ প্রতিমন্ত্রী এনামুল হক, সামিট গ্রুপের চেয়ারম্যান মুহম্মদ আজিজ খান প্রমুখ বক্তব্য দেন।