বিবিয়ানায় শেভরন ৫০ কোটি ডলারের বিনিয়োগ করছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিবিয়ানা গ্যাসক্ষেত্র সম্প্রসারণের জন্য ৫০ কোটি ডলারের বিনিয়োগ করার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক জ্বালানি প্রতিষ্ঠান শেভরন। ২০১৪ সালে প্রকল্পটি সম্পন্ন হলে প্রতিদিন ৩০ কোটি ঘনফুট গ্যাস বেশি উৎপাদিত হবে।রাজধানীর একটি হোটেলে গতকাল সোমবার এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেন শেভরন বাংলাদেশের সভাপতি জে এফ স্ট্রং। পেট্রোবাংলা ও শেভরন আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। আরও উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর জ্বালানিবিষয়ক উপদেষ্টা তৌফিক-ই-ইলাহী চৌধুরী, মার্কিন রাষ্ট্রদূত ড্যান ডব্লিউ মজীনা, বিদ্যুৎ প্রতিমন্ত্রী এনামুল হক, বিদ্যুৎসচিব আবুল কালাম আজাদ, পেট্রোবাংলার চেয়ারম্যান হোসেন মনসুর প্রমুখ।অনুষ্ঠানে বিদ্যুৎ ও গ্যাসের সংকট নিরসনে জনগণকে ধৈর্য ধরার আহ্বান জানান তৌফিক-ই-ইলাহী চৌধুরী। তিনি বলেন, ধৈর্য না ধরলে কোনো জাতিই উন্নতি করতে পারে না। সরকার দু-তিন বছরে বেশ কিছু উদ্যোগ নিয়েছে উল্লেখ করে উপদেষ্টা বলেন, এর ফল হিসেবেই দেশে গ্যাস ও বিদ্যুতের উৎপাদন বেড়েছে।তৌফিক দাবি করেন, গ্যাসের উৎপাদন বাড়াতে দুই বছর আগে থেকেই শেভরনের সঙ্গে আলোচনা করেছে সরকার। এর ফলে প্রতিষ্ঠানটি মোটা অঙ্কের বিনিয়োগ করেছে। শেভরনের এই বিনিয়োগে উৎপাদিত অতিরিক্ত গ্যাস সঞ্চালনের জন্য ধনুয়া পাইপলাইনের কাজ চলছে বলে জানান তিনি।অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেন, দেশের অর্থনীতিকে শক্তিশালী ও কর্মসংস্থান বাড়াতে হলে অবশ্যই জ্বালানি সক্ষমতা বাড়াতে হবে। শেভরনের এই বিনিয়োগ এ ক্ষেত্রে ভালো ভূমিকা রাখবে।অর্থমন্ত্রী আরও বলেন, বর্তমানে সংকটের কারণে সার ও শিল্পকারখানায় গ্যাস দেওয়া সম্ভব হচ্ছে না। সঞ্চালন লাইনের অপর্যাপ্ততাও আছে। তবে শেভরনের প্রকল্পটি শেষ হলে অবস্থার উন্নতি হবে বলে মন্তব্য করেন তিনি।এটি বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় বিদেশি বিনিয়োগ উল্লেখ করে শেভরন বাংলাদেশের সভাপতি জে এফ স্ট্রং বলেন, বিবিয়ানা গ্যাসক্ষেত্র সম্প্রসারণের এই প্রকল্পে প্রসেস প্ল্যান্ট, উন্নয়ন কূপ এবং তেল ও গ্যাস আলাদা করার প্ল্যান্ট করা হবে। জে এফ স্ট্রং জানান, প্রকল্পটি বাস্তবায়িত হলে শেভরন প্রতিদিন মোট ১৪০ কোটি ঘনফুট গ্যাস এবং চার হাজার ব্যারেল এনজিএল উৎপাদনের সক্ষমতা অর্জন করবে।