বিভাগীয় পর্যায়ে ওয়ান স্টপ সেবাকেন্দ্র স্থাপন করবে বিএসটিআই
পণ্যের গুণগত মান নিশ্চিত করতে বিভাগীয় পর্যায়ে একীভূত (ওয়ান স্টপ) সেবাকেন্দ্র স্থাপন করবে মান নিয়ন্ত্রক সংস্থা—বিএসটিআই। একই সঙ্গে জেলা পর্যায়ে সংস্থাটির কার্যালয় সম্প্রসারণেও প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হয়েছে।রাজধানীর তেজগাঁওয়ে বিএসটিআই ভবনে আয়োজিত এক আলোচনা সভায় এ মন্তব্য করেন শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া। ৪৩তম বিশ্ব মান দিবস উপলক্ষে গতকাল রোববার এ সভার আয়োজন করে বিএসটিআই।প্রতিষ্ঠানটির মহাপরিচালক এ কে ফজলুল আহাদের সভাপতিত্বে অনুষ্ঠানে শিল্প প্রতিমন্ত্রী ওমর ফারুক চৌধুরী, সাংসদ আসাদুজ্জামান খান কামাল, শিল্পসচিব মোহাম্মদ মঈনউদ্দীন আবদুল্লাহ, বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশনের (এফবিসিসিআই) সভাপতি এ কে আজাদ, বাংলাদেশ অ্যাক্রেডিটেশন বোর্ডের মহাপরিচালক আবু আবদুল্লাহ, বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক মো. কামাল উদ্দিন প্রমুখ বক্তব্য দেন।শিল্প মন্ত্রণালয়ের এক তথ্য বিবরণীতে এসব তথ্য জানানো হয়েছে।সভায় বক্তারা বলেন, আইন করে নয়, জনসচেতনতা সৃষ্টির মাধ্যমে পণ্যে নকল ও ভেজাল মেশানোর প্রবণতা রোধ করতে হবে। এ ছাড়া তাঁরা দেশীয় পণ্যের রপ্তানি বাড়াতে বিএসটিআইয়ের প্রাতিষ্ঠানিক সক্ষমতা বাড়ানোর তাগিদ দেন।শিল্প প্রতিমন্ত্রী বলেন, ‘পণ্যের মান নিয়ন্ত্রণের ক্ষেত্রে বিএসটিআইকে জনগণের আস্থা অর্জন করতে হবে।’ জনগণের সেবা পাওয়ার অধিকার নিশ্চিত করতে প্রয়োজনে বিএসটিআইয়ের আইন সংশাধন করার কথাও জানান তিনি।