বিভিন্ন আঙ্গিকে ট্রানজিট মাশুল আরোপ হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কাস্টমস, সড়ক, রেলপথ, পরিবেশসহ বিভিন্ন খাতে পৃথক ট্রানজিট মাশুল আরোপ করা হবে। আর এসব খাতভিত্তিক মাশুল সমন্বয় করে নির্ধারিত হবে মোট মাশুল। ভারত, নেপাল ও ভুটানকে ট্রানজিট দিতে সরকার গঠিত বিশেষ কমিটি বা কোর গ্রুপকে মোট মাশুল নির্ধারণের দায়িত্ব দেওয়া হয়েছে। কোর গ্রুপ এখন বিভিন্ন খাতের জন্য সংশ্লিষ্ট সরকারি বিভাগ থেকে প্রস্তাবিত মাশুলের হার পর্যালোচনা করছে। জানা গেছে, বিভিন্ন খাতের মাশুলের পরিমাণ কোর গ্রুপের আগামী বৈঠকে চূড়ান্ত করা হবে। বাংলাদেশ ট্যারিফ কমিশনের চেয়ারম্যান এই কোর গ্রুপের নেতৃত্ব দিচ্ছেন।জানা গেছে, জাতীয় রাজস্ব বোর্ড ইতিমধ্যে প্রতি টন পণ্য পরিবহনের জন্য ৫৮০ টাকা হারে কাস্টমস-সংক্রান্ত মাশুল প্রস্তাব করেছে। ট্রানজিটের আওতায় পরিবাহিত পণ্যের জন্য ট্রানজিট প্রদানকারী দেশ পণ্যের ওপর কোনো শুল্ক আরোপ করতে পারে না। তবে পণ্যবাহী যানবাহন দেশে ও দেশ থেকে বের হওয়ার ক্ষেত্রে বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষাসহ প্রশাসনিক ও প্রক্রিয়াকরণের সেবা দেওয়ার বিপরীতে মাশুল নিতে পারে। এরই আলোকে কাস্টমস-সংক্রান্ত মাশুল নির্ধারণ করা হয়েছে। কাস্টমস-সংক্রান্ত মাশুল নির্ধারণের ক্ষেত্রে কাগজপত্র প্রক্রিয়াকরণ মাশুল ১০, ট্রানশিপমেন্ট মাশুল ২০, স্ক্যানিং মাশুল ৩০০, মার্চেন্ট ওভারটাইম ৪০, নিরাপত্তা মাশুল ১০০, প্রহরা মাশুল ৫০, আইসিটি মাশুল ১০ ও প্রশাসনিক মাশুল ৫০ টাকা হিসাবে ধরে মোট ৫৮০ টাকা প্রস্তাব করা হয়েছে। ট্যারিফ কমিশন সূত্রে জানা গেছে, সড়কপথে ট্রানজিটের জন্য কী পরিমাণ মাশুল নেওয়া হবে, তা নির্ধারণের দায়িত্ব দেওয়া হয়েছে সড়ক বিভাগকে। এ ক্ষেত্রে ট্রানজিট পণ্যবাহী যানবাহনটি বাংলাদেশের ভূখণ্ডে প্রবেশের সঙ্গে সঙ্গে বিদেশি যানবাহন নিবন্ধন হিসেবে নির্দিষ্ট মাশুল নেওয়া হবে। এ ছাড়া ট্রানজিট রুটের দৈর্ঘ্য (প্রতি কিলোমিটার) ধরে মাশুল নির্ধারণ করা হবে। আবার পণ্যের ওজন ধরেও মাশুল হিসাব করা হচ্ছে। সে ক্ষেত্রে পণ্যবাহী ট্রাকের এক্সেল হিসাব করে মাশুলের পরিমাণ কম-বেশি হবে। কম এক্সেল হলে বেশি মাশুল, আর বেশি এক্সেল থাকলে কম মাশুল আরোপ হবে। কেননা, গাড়িতে বেশি এক্সেল থাকলে তাতে সড়কের ক্ষতি অপেক্ষাকৃত কম হয়। ভারী যানবাহনের ক্ষেত্রে এই মাশুল নেওয়া হবে। ট্রানজিট যানবাহনটি বাংলাদেশের ভূখণ্ডে যাত্রাবিরতিকালে পার্কিং মাশুল নেওয়া হবে। আবার সড়কপথে বিদেশি এসব যানবাহন চলাকালে যানজট তৈরির জন্যও এক ধরনের মাশুল দিতে হবে। অন্যদিকে জ্বালানি তেল নেওয়ার জন্য সুনির্দিষ্ট কিছু পাম্প থাকবে। দেশীয় যানবাহনে সরকার ভর্তুকিমূল্যে জ্বালানি বিক্রি করে। কিন্তু বিদেশি যানবাহনকে ভর্তুকিমূল্যে জ্বালানি বিক্রি করা হবে না। তাই জ্বালানি কেনার জন্য কর আরোপ করা হবে। একইভাবে রেলপথে মাশুল নির্ধারণের দায়িত্ব দেওয়া হয়েছে রেল বিভাগকে। রেলপথে ওজন ও কিলোমিটার—এই দুভাবেই মাশুল নির্ধারণ করা হবে। আপাতত রেলপথে ট্রানজিট দেওয়ার সুযোগ কম। ট্রানজিট প্রতিবেদনে পদ্মা কিংবা যমুনা নদীর ওপর নতুন রেলসেতু না হওয়া পর্যন্ত রেলপথে ট্রানজিট প্রদানকে নিরুৎসাহিত করা হয়েছে। কেননা বঙ্গবন্ধু বহুমুখী সেতুর ওপর দিয়ে ভারতীয় মালবাহী ওয়াগন চলাচলে ঝুঁকি রয়েছে। এ ছাড়া সড়ক, রেল ও নৌপথের রক্ষণাবেক্ষণের জন্য ট্রানজিট যানবাহনকে মাশুল দিতে হবে। আবার পরিবেশ দূষণ (বায়ু ও শব্দ দূষণ), প্রাকৃতিক সৌন্দর্য বিনষ্ট করা, দুর্ঘটনা এবং স্বাস্থ্য ঝুঁকি মাশুল নেওয়া হবে। ট্যারিফ কমিশন সূত্রে আরও জানা গেছে, সংশ্লিষ্ট বিভাগগুলো থেকে আসা বিভিন্ন ধরনের মাশুল যোগ করে প্রতিটি রুটে কী পরিমাণ মোট মাশুল হবে, তা চূড়ান্ত করা হবে। পণ্যের ওজন ও দূরত্ব (কিলোমিটার)—এই দুই ধরনের হিসাব কষে মাশুল প্রস্তাব করে সরকারের কাছে জমা দেবে কোর কমিটি। কোর কমিটির একজন সদস্য প্রথম আলোকে জানান, ট্রানজিট রুট ও মাশুল চূড়ান্ত করা হবে ভারতসহ অন্যান্য দেশগুলোর সঙ্গে সমঝোতার ভিত্তিতে। সরকারের পাশাপাশি বেসরকারি খাতের আমদানি-রপ্তানিকারকেরাও ট্রানজিট রুট ব্যবহার করবেন। তাই বেসরকারি ব্যবসায়ীদের আস্থার বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। কোর কমিটির ওই সদস্যের মতে, এসব ব্যবসায়ী দীর্ঘদিনের পরিচিত রুট পরিত্যাগ করে নতুন ট্রানজিট রুট ব্যবহার করতে কতটা আগ্রহী বা লাভবান হবেন, সেটাও বিবেচনায় আনতে হবে। আর্থিকভাবে অধিক লাভবান হলেই কেবল তাঁরা ট্রানজিট নেবেন। আবার ভারতের সঙ্গে যৌথ ঘোষণা অনুযায়ী শুধু ভারতের সঙ্গে ট্রানজিট চুক্তি করা যুক্তিসংগত নয় বলে জানিয়েছেন কোর কমিটির সদস্যরা। কেননা, যৌথ ঘোষণায় ভারত, নেপাল ও ভুটানের সঙ্গে আন্তযোগাযোগ সৃষ্টি করার কথা বলা হয়েছে। কোর কমিটির ট্রানজিটবিষয়ক প্রতিবেদনে বলা হয়েছে, পর্যাপ্ত অবকাঠামো না থাকায় তিন বছরের আগে ট্রানজিট দেওয়া সম্ভব হবে না। অবকাঠামো উন্নয়নে প্রয়োজন ৫০ হাজার কোটি টাকা বিনিয়োগ। আর সড়ক ও রেলপথে সাতটি করে এবং নৌপথে তিনটি রুটের প্রস্তাব করা হয়েছে। ভারত, নেপাল, ভুটানসহ পার্শ্ববর্তী দেশগুলোকে ট্রানজিট সুবিধা দিতে গত বছরের ২ ডিসেম্বর ট্যারিফ কমিশনের চেয়ারম্যান মজিবুর রহমানকে সভাপতি করে এই কোর গ্রুপ গঠন করে বাণিজ্য মন্ত্রণালয়। গত এপ্রিলে বাণিজ্য ও অর্থ মন্ত্রণালয়ে ট্রানজিট-সংক্রান্ত প্রতিবেদন জমা দিয়েছে কোর কমিটি। প্রতিবেদনে মাশুল আরোপের সুপারিশ করা হলেও পরিমাণ নির্দিষ্ট করা হয়নি। তাই সরকারের পক্ষ থেকে মাশুল নির্ধারণের দায়িত্ব দেওয়া হয় কোর কমিটিকে।