বিভিন্ন নিট পোশাকশিল্পে হঠাৎ গ্যাস সরবরাহ বন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের ফতুল্লার পঞ্চবটী থেকে মুন্সিগঞ্জের মুক্তারপুর পর্যন্ত বিভিন্ন শিল্প-কারখানায় গ্যাস সরবরাহ গত শনিবার বেলা একটা থেকে হঠাৎ করে বন্ধ হয়ে গেছে। গতকাল রোববার রাত পর্যন্ত গ্যাস সরবরাহ চালু হয়নি।নিটওয়্যার উৎপাদক ও রপ্তানিকারকদের সংগঠন বিকেএমইএ গতকাল এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, নারায়ণগঞ্জের ফতুল্লার পঞ্চবটী থেকে মুন্সিগঞ্জের মুক্তারপুর পর্যন্ত চার শতাধিক নিটওয়্যার কারখানায় প্রায় তিন লাখ শ্রমিক কাজ করেন। এসব কারখানার অধিকাংশ শ্রমিক পিস রেটে (উৎপাদনের ভিত্তিতে ঘণ্টা হিসাবে মজুরি) কাজ করেন।গ্যাসের অভাবে উৎপাদন বন্ধ হয়ে যাওয়ায় বিপুলসংখ্যক শ্রমিকের উপার্জন বন্ধ হয়ে গেছে। এর ফলে এই শিল্পাঞ্চলে উত্তেজনাকর পরিস্থিতির উদ্ভব হয়েছে। আগামী দু-এক দিনের মধ্যে গ্যাস সরবরাহ পুনরায় চালু করা না গেলে ওই এলাকায় শ্রমিক অসন্তোষ দেখা দিতে পারে বলে আশঙ্কা করছে বিকেএমইএ।খোঁজ নিয়ে জানা গেছে, ফতুল্লার পঞ্চবটীতে অবস্থিত বিসিক শিল্পনগর থেকে মুন্সিগঞ্জের মুক্তারপুর পর্যন্ত বিভিন্ন শিল্প-কারখানা শনিবার বেলা একটার পর থেকে আর গ্যাস সরবরাহ পায়নি। এই এলাকার বেশির ভাগ কারখানাই গ্যাসনির্ভর।আবার বড় শিল্প-কারখানাগুলোতে সরকারিভাবে উৎপাদিত বিদ্যুতের সংযোগ নেই। এসব কারখানা গ্যাসের সাহায্যে নিজেরা বিদ্যুৎ উৎপাদন করে তা দিয়ে নিজেদের চাহিদা পূরণ করে। বস্ত্রশিল্পের ডাইং কারখানাগুলোর ব্রয়লারও গ্যাসের সাহায্যে চলে।বিকেএমইএর সহসভাপতি মোহাম্মদ হাতেম জানান, বৃহৎ শিল্প এলাকায় হঠাৎ গ্যাস বন্ধ হয়ে যাওয়ায় রপ্তানিকারকেরা চরম বিপাকে পড়েছেন। বিদেশি ক্রেতাদের কাছ থেকে যেসব রপ্তানির আদেশ নেওয়া হয়েছে, সেগুলো সময়মতো রপ্তানি করা সম্ভব হবে না। বিকেএমইএর সহসভাপতি (অর্থ) এবং ফতুল্লার পঞ্চবটীর শাসনগাঁয়ের অবন্তী কালার টেক্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এ এইচ আসলাম সানী গতকাল সন্ধ্যায় ভিয়েতনাম থেকে টেলিফোনে সাংবাদিকদের জানান, তিতাস গ্যাস কোনো ঘোষণা ছাড়াই শনিবার দুপুর থেকে গ্যাস সরবরাহ বন্ধ করে দেওয়ায় তাঁর কারখানার উৎপাদন পুরোপুরি বন্ধ হয়ে গেছে।সানী জানান, তাঁর কারখানাটি পুরোপুরি গ্যাসনির্ভর। এখানে বিদ্যুৎও উৎপাদন হয় তিতাসের কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করেও গ্যাস সরবরাহ বন্ধের সুনির্দিষ্ট কারণ জানতে পারেননি তিনি।এ ব্যাপারে নারায়ণগঞ্জ তিতাস কর্তৃপক্ষের সঙ্গে কথা বলতে চাইলেও কাউকে পাওয়া যায়নি। শহরের চাষাঢ়া বালুর মাঠ এলাকায় অবস্থিত তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের আঞ্চলিক অফিসের উপমহাব্যবস্থাপক আবদুল ওহাবের মুঠোফোনে (০১১-৯৭০০৬৫৭৮) কয়েক দফা যোগাযোগ করা হলেও তিনি ফোন ধরেননি।