বিভিন্ন বিভাগীয় শহর ও জেলায় আয়কর মেলা শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

করদাতাদের কর প্রদানে উৎসাহিত করতে ও গণসচেতনতা সৃষ্টির লক্ষ্যে রাজধানী ঢাকাসহ সাতটি বিভাগীয় শহর ও ১৯টি জেলায় আয়কর মেলা শুরু হয়েছে। খুলনা থেকে নিজস্ব প্রতিবেদক জানান, নগরের বয়রার কর ভবন চত্বরে গতকাল সপ্তাহব্যাপী আয়কর মেলার উদ্বোধন করেন খুলনা সিটি মেয়র তালুকদার আবদুল খালেক। খুলনা কর অঞ্চলের কমিশনার মো. গোলাম মোস্তফার সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সদস্য রাহেলা চৌধুরী। এতে স্বাগত বক্তব্য দেন অতিরিক্ত কর কমিশনার স্বপন কুমার রায়। কুষ্টিয়া অফিস জানায়, কুষ্টিয়া পাবলিক লাইব্রেরি মাঠে আয়কর মেলার উদ্বোধন করেছেন জেলা প্রশাসক বনমালী ভৌমিক। কুষ্টিয়া অঞ্চলের সহকারী কর কমিশনার শহিদুল ইসলামের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কুষ্টিয়া চেম্বারের সভাপতি মজিবর রহমান, খুলনা কর অঞ্চলের কমিশনার গোলাম মোস্তফা, জেলা পুলিশ সুপার মফিজউদ্দিন আহম্মেদ ও পৌর মেয়র আনোয়ার আলী।ফরিদপুর অফিস জানায়, ফরিদপুর শহরের অম্বিকা মেমোরিয়াল হলে কর মেলার উদ্বোধন করেন স্থানীয় পৌরসভার মেয়র শেখ মাহাতাব আলী। কর অঞ্চল-৩-এর সহকারী কমিশনার ফরহাদুজ্জামানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন অতিরিক্ত কর কমিশনার মো. মাহামুদুর রহমান, ফরিদপুর চেম্বারের সাবেক সভাপতি আওলাদ হোসেনসহ স্থানীয় ব্যবসায়ীরা। মেলায় মোট ১৪টি স্টল খোলা হয়েছে।