বিভিন্ন মসলার দাম বাড়াবে ভ্যাট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নতুন মূল্য সংযোজন কর (মূসক বা ভ্যাট) আইন বাস্তবায়িত হলে আগামী মাস থেকেই বাড়বে বিভিন্ন কোম্পানির প্যাকেটজাত গুঁড়া মসলার দাম। বিপণনকারী কোম্পানিগুলো জানিয়েছে, তারা এখন প্যাকেটজাত হলুদ, মরিচ ও ধনিয়ার গুঁড়ার ওপর কেজি প্রতি ৬ টাকা করে ভ্যাট দেয়। নতুন আইনে ১৫ শতাংশ হারে ভ্যাট দিতে হবে, এতে ভ্যাটের পরিমাণ দাঁড়াবে ৩৩ থেকে ৫১ টাকা। ফলে মসলার দাম বেড়ে যাবে কেজিপ্রতি ২৭ থেকে ৪৫ টাকা।

মসলার পাশাপাশি বাড়বে খাদ্যপণ্য সরবরাহকারী কোম্পানিগুলোর সরিষার তেল, আচার ও চাটনি, টমেটো সস, দেশি গুঁড়া দুধ ও ফলের রস বা জুসের দাম।

ভ্যাট বেড়ে যাওয়ায় উদ্বিগ্ন দেশে কৃষিপণ্য প্রক্রিয়াজাতকারী কোম্পানিগুলো। ১ জুন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত ২০১৭-১৮ অর্থবছরের বাজেট ঘোষণা করেন। ৭ জুন স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজের ব্যবস্থাপনা পরিচালক অঞ্জন চৌধুরী মসলার ওপর ভ্যাটের প্রভাব কী হবে তা উল্লেখ করে অর্থমন্ত্রীকে একটি চিঠি দেন। এতে এসব ভ্যাটের কারণে এসব পণ্যের দাম কতটা বাড়তে পারে, তা উল্লেখ করা হয়।

অন্যদিকে প্রাণ-আরএফএল গ্রুপ তাদের উৎপাদিত পণ্যে ভ্যাট আইনের প্রভাব উল্লেখ করে একটি প্রতিবেদন বাংলাদেশ অ্যাগ্রো-প্রসেসরস অ্যাসোসিয়েশনকে (বাপা) দিয়েছে। এতে ভ্যাটের কারণে দাম বাড়বে বলে উল্লেখ করা হয়েছে।

নতুন ভ্যাট আইনটি আগামী অর্থবছর অর্থাৎ ১ জুলাই থেকে বাস্তবায়ন করবে সরকার। এতে নিত্যপ্রয়োজনীয় বেশ কিছু পণ্যকে বিভিন্ন পর্যায়ে ভ্যাট অব্যাহতি দেওয়া হয়েছে। তবে প্যাকেটজাত মসলা সে তালিকায় নেই বলে উল্লেখ করে কোম্পানিগুলো বলছে, নতুন নিয়মে ভ্যাট দিতে হলে দাম বাড়ানো ছাড়া উপায় নেই। তবে ভোক্তাদের সংগঠন কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) সভাপতি গোলাম রহমান বলেন, মসলা ভ্যাটমুক্ত থাকা উচিত। এগুলো নিত্যপ্রয়োজনীয় জন্য। সবাইকে কিনতে হয়। দেশি শিল্পকে সুবিধা দিতে দেশীয় গুঁড়া দুধেও ভ্যাট অব্যাহতি দেওয়া দরকার। তিনি আরও বলেন, ‘সরিষার তেলেও ভ্যাট থাকা উচিত নয়। তবে টমেটো সস, আচার ও জুস নিয়ে আমার কোনো বক্তব্য নেই।’

অর্থমন্ত্রীকে দেওয়া চিঠিতে স্কয়ার বলেছে, নতুন মূসক আইনের কারণে মরিচের গুঁড়া কেজিপ্রতি ৪৫ টাকা, হলুদ ৩৭ টাকা, ধনিয়া ২৭ টাকা, সরিষার তেল লিটারে ৩১ টাকা, আচার প্রতি কেজি ২৪ টাকা, চাটনি ১০ টাকা ও টমেটো সসের দাম কেজি প্রতি ১৩ টাকা বাড়বে।

প্রাণ-আরএফএল গ্রুপও জানিয়েছে, তাদের ব্র্যান্ডের একই পণ্যের দাম প্রায় সমহারে বাড়তে পারে। প্রতিষ্ঠানটির পরিচালক (হিসাব) চৌধুরী আতিয়ুর রসুল প্রথম আলোকে বলেন, এখন মসলার ট্যারিফ মূল্য ৪০ টাকা ধরে এর ওপর ১৫ শতাংশ ভ্যাট আরোপ করা হয়। এতে ভ্যাট দাঁড়ায় ৬ টাকা। নতুন আইনে মোট উৎপাদন মূল্যের ওপর ভ্যাট আরোপ করা হবে। গুঁড়া দুধের হিসাব তুলে ধরে তিনি বলেন, ১০ কেজি তরল দুধে এক কেজি গুঁড়া দুধ হয়। ১০ কেজি তরল দুধ কেনার খরচ ৩৬০ টাকা। গুঁড়া দুধ বিক্রি হয় ৪৫০ টাকায়। এখন গুঁড়া দুধের ট্যারিফ মূল্য ১০০ টাকা ধরে তার ওপর ভ্যাট আরোপ করা হতো। নতুন আইনে ৪৫০ টাকার ওপরে ভ্যাট বসবে।

একইভাবে ফলের রস বা জুস, ফ্রুট ড্রিংক, ম্যাঙ্গো বার, ম্যাঙ্গো পাল্পের ওপর বাড়তি ভ্যাটের কারণে দাম বাড়বে বলে দাবি করেন প্রাণের পরিচালক। তিনি বলেন, ‘কৃষকের কাছ থেকে আমরা কাঁচামাল কিনি। সেখানে রেয়াত নেওয়ার সুযোগ নেই।’

এদিকে বাজেটে আমদানির ক্ষেত্রে শুল্ক হার বাড়ানোয় জিরা, এলাচি, দারুচিনির মতো গরম মসলার দাম বেড়ে গেছে।

ভ্যাট বেড়ে যাওয়ায় উদ্বিগ্ন কৃষিপণ্য প্রক্রিয়াজাতকারী কোম্পানিগুলো

যেসব মসলার দাম বাড়বে

মরিচের গুঁড়া

কেজিতে দাম বাড়বে 

৪৫ টাকা

হলুদের গুঁড়া

কেজিতে দাম বাড়বে

৩৭ টাকা

ধনিয়ার গুঁড়া

কেজিতে দাম বাড়বে 

২৭ টাকা

টমেটো সস

কেজিতে দাম বাড়বে 

১৩ টাকা

দেশি গুঁড়া দুধ

কেজিতে দাম বাড়বে 

৪৩ টাকা 

সরিষার তেল

এখন ভ্যাটমুক্ত নতুন আইনে বাড়বে কেজিতে ৩১ টাকা

”মসলা ভ্যাটমুক্ত থাকা উচিত। এগুলো নিত্যপ্রয়োজনীয় পণ্য। সবাইকে কিনতে হয়

গোলাম রহমান সভাপতি, ক্যাব