বিভিন্ন সেবা খাত করছাড় চায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাঠ্যপুস্তক ছাপাতে আন্তর্জাতিক দরপত্রে অংশ নেওয়া বিদেশি মুদ্রণপ্রতিষ্ঠানের আমদানি শুল্ক সরকার দিয়ে দেয়। ১২ শতাংশ হারে এ শুল্ক সরকার পরিশোধ করায় দেশের মুদ্রণপ্রতিষ্ঠানগুলো মূল্য প্রতিযোগিতায় পিছিয়ে পড়ছে। এতে একধরনের করবৈষম্যে পড়েছে দেশীয় মুদ্রণশিল্পগুলো। প্রাক্-বাজেট আলোচনায় তাই জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কাছে বিদেশি প্রতিষ্ঠানের কাছ থেকে ২৫ শতাংশ হারে শুল্ক কর আদায়ের সুপারিশ করেছেন ব্যবসায়ীরা।
আগামী ২০১৫-১৬ অর্থবছরের প্রাক্-বাজেট আলোচনায় গতকাল বুধবার বাংলাদেশ মুদ্রণশিল্প সমিতির পক্ষ থেকে এ দাবি জানানো হয়। এনবিআর চেয়ারম্যান নজিবুর রহমানের সভাপতিত্বে সেগুনবাগিচার রাজস্ব ভবনে এই আলোচনা হয়।
মুদ্রণশিল্প সমিতির সহসভাপতি তোফায়েল খান জানান, এ বছর ৩৩ কোটি পাঠ্যপুস্তক ছাপানো হয়েছে। এর মধ্যে তিন কোটি বই বিদেশি প্রতিষ্ঠান ছাপিয়েছে।
মুদ্রণশিল্পের ব্যবসায়ীদের অন্য দাবির মধ্যে রয়েছে, এ শিল্পের উন্নয়নে নতুন ও পুরোনো মুদ্রণ যন্ত্রপাতি আমদানির ক্ষেত্রে সুর্নিদিষ্ট নীতিমালা প্রণয়ন, মুদ্রণসংশ্লিষ্ট বিভিন্ন উপকরণ আমদানির ক্ষেত্রে বিদ্যমান শুল্ক এবং অন্য করের হার হ্রাস করে এ শিল্পের জন্য সহনীয় এবং যৌক্তিক হারে শুল্ক ও কর পুনর্নির্ধারণ করা।
প্রাক্-বাজেট আলোচনায় গতকাল কাগজ, মুদ্রণ, প্রকাশনা, চলচ্চিত্রসহ সংশ্লিষ্ট বিভিন্ন সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।
অপর আলোচনায় সুপারমার্কেট মালিক সমিতির পক্ষ থেকে সব ধরনের বিক্রি বা লেনদেনের ওপর ২ শতাংশ মূল্য সংযোজন কর (মূসক) প্রত্যাহারের দাবি জানানো হয়। সমিতির সাধারণ সম্পাদক জাকির হোসেন বলেন, এক পণ্যের ওপর মূসক সব সময় একই হারে হওয়া উচিত। সুপারমার্কেটে এক হার, অন্য দোকানে আরেক হার—এটা হতে পারে না।
উল্লেখ্য, শীতাতপনিয়ন্ত্রিত সুপারমার্কেট প্রতিষ্ঠানগুলো কেনাকাটা করার যে সেবা দিচ্ছে, সেই সেবার ওপর এ মূসক আরোপ করা হয়েছে। কোনো পণ্যের ওপর এ মূসক আরোপ করা হয়নি।
এ ছাড়া পচনশীল পণ্যের জন্য রেফ্রিজারেটরের ওপর শুল্ক কমানোর সুপারিশ করেছে সুপারমার্কেট মালিক সমিতি।
রুম ভাড়া ও খাবারের ওপর মূসক কমানোর দাবি জানিয়েছে টুর অপারেটর অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (টোয়াব)। টোয়াব সভাপতি আকবরউদ্দিন আহমদ জানান, রুম ভাড়ার ওপর বিদ্যমান ১৫ শতাংশ হারের পরিবর্তে ৭ শতাংশ এবং খাবারের ওপর ৭ শতাংশের পরিবর্তে ৩ শতাংশ হারে কর ধার্য করা উচিত। তাঁর মতে, রাজনৈতিক অস্থিরতায় গত দুই বছরে পর্যটন খাতে ১০ হাজার কোটি টাকার ক্ষতি হয়েছে। বেকার হয়েছে ২০ থেকে ৩০ লাখ লোক। এ পরিস্থিতির উত্তরণে নীতি সহায়তা চেয়েছেন টোয়াব নেতা। এ ছাড়া কর অবকাশ-সুবিধা দেওয়ার দাবি জানিয়েছে অ্যাসোসিয়েশন।
সব সিকিউরিটি সার্ভিসেস প্রতিষ্ঠানকে মূসক নিবন্ধন বাধ্যতামূলক করার দাবি জানিয়েছে সিকিউরিটি সার্ভিসেস কোম্পানিজ ওনার্স অ্যাসোসিয়েশন। সংগঠনের মহাসচিব শাহ আলম সরকার বলেন, দেশে সাত শর মতো সিকিউরিটি সার্ভিসেস প্রতিষ্ঠান রয়েছে। এর মধ্যে এক শর মতো প্রতিষ্ঠানের মূসক নিবন্ধন রয়েছে। এর ফলে যেসব প্রতিষ্ঠানের মূসক নিবন্ধন রয়েছে, তাদের তুলনামূলক বেশি খরচ হয়।
মূসক আদায়ের নামে ব্যবসায়ীদের হয়রানি করার অভিযোগ তোলেন দোকান মালিক সমিতির সভাপতি এস এ কাদের। তিনি বলেন, প্যাকেজ মূসক দেওয়ার সময় অনলাইনে চালানপত্র জমার নিয়ম রয়েছে। কিন্তু ব্যবসায়ীদের মূসক কার্যালয়ে গিয়ে চালানপত্র অনুমোদন করে আনতে হয়। কর্মচারী পাঠালে মূসক কর্মকর্তারা বলেন, মালিককে আসতে বলেন। আবার মালিক গেলে তাঁরা বলেন, আগে কত দেবেন বলেন।
এ প্রসঙ্গে এনবিআর চেয়ারম্যান নজিবুর রহমান বলেন, এ ধরনের হয়রানি না করতে আজই (বুধবার) সব মূসক কর্মকর্তাদের নির্দেশনা দেওয়া হবে। তিনি মনে করেন, সব ব্যবস্থাপনাতেই বিচ্যুতি রয়েছে।