বিভিন্ন স্থানে চামড়ার বাজারে অস্থিরতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঈদের দিনে বগুড়া জেলা শহরের চকযাদু সড়কে বিভিন্ন স্থান থেকে আনা চামড়া কেনেন ব্যবসায়ীরা l ছবি: প্রথম আলো
ঈদের দিনে বগুড়া জেলা শহরের চকযাদু সড়কে বিভিন্ন স্থান থেকে আনা চামড়া কেনেন ব্যবসায়ীরা l ছবি: প্রথম আলো

কোরবানির পশুর চামড়া কেনাবেচায় এবার দেশের বিভিন্ন স্থানে অস্থিরতা চলছে। কোথাও মৌসুমি ব্যবসায়ীরা সিন্ডিকেট করে বেশ কম দামে চামড়া কিনে চড়া দামে বড় ব্যবসায়ী বা আড়তদারের কাছে বিক্রি করেছেন। কোথাও মৌসুমি ব্যবসায়ী ও ফড়িয়ারা মাঠপর্যায় থেকে বেশি দামে কিনে আড়তে কম দামে, অর্থাৎ লোকসান দিয়ে বিক্রি করতে বাধ্য হয়েছেন। আবার কোথাও বাইরের ব্যবসায়ীরা এসে বেশি দামে চামড়া কেনায় স্থানীয় ব্যবসায়ীরা বেকায়দায় পড়েছেন।

এদিকে কাঁচা চামড়া সংরক্ষণের প্রধান উপাদান লবণের সংকট ও দাম তীব্র আকার ধারণ করেছে প্রায় সব জায়গায়। এ কারণে এবার গুণমান বজায় রেখে চামড়া সংরক্ষণ করা নিয়ে সংশয় রয়েছে বলে মনে করেন স্থানীয় ব্যবসায়ীরা। খবর আমাদের প্রতিনিধি ও সংবাদদাতাদের পাঠানো:

 বগুড়া প্রতিনিধি জানান, সরকারিভাবে চামড়ার দর বেঁধে দেওয়া হলেও বৃহত্তর বগুড়া জেলায় মৌসুমি ব্যবসায়ী ও ফড়িয়ারা তা মানেননি। অভিযোগ উঠেছে, মৌসুমি ব্যবসায়ীরা শহর-গ্রামনির্বিশেষে সর্বত্রই সিন্ডিকেটের মাধ্যমে নিজেদের মধ্যে বিভিন্ন এলাকা ভাগাভাগি করে নেন এবং নিজেদের ইচ্ছেমতো কম দামে চামড়া কেনেন। এখন তাঁরা বেশি দামে পাইকারি ব্যবসায়ী ও ট্যানারির মালিকদের কাছে বিক্রি করে মোটা অঙ্কের মুনাফা লুটছেন।

তবে মৌসুমি চামড়া ব্যবসায়ীরা বলছেন, অন্যান্যবার ট্যানারির মালিকেরা আগে থেকে চামড়ার দর বেঁধে দিলেও মাঠপর্যায়ে অনেক বেশি দামে চামড়া কেনাবেচা হতো। এতে লোকসানের মুখে পড়তে হতো মৌসুমি ব্যবসায়ীদের। এবার তাঁরা সেই ঝুঁকি নেননি। কিছু মৌসুমি ব্যবসায়ী অবশ্য জানান, তাঁরা আড়তদার ও পাইকারি ব্যবসায়ীদের কাছ থেকে পুঁজি নিয়ে তাঁদের বলে দেওয়া দামেই কোরবানির পশুর চামড়া কিনেছেন।

বগুড়া শহর থেকে শুরু করে বিভিন্ন উপজেলার গ্রামগঞ্জে খোঁজখবর নিয়ে জানা গেছে, মৌসুমি ব্যবসায়ীরা এবার ৪০ থেকে ৬৫ হাজার টাকা দামের গরুর চামড়া ৬০০ থেকে ১,২০০ টাকায় ও ৭০ হাজার থেকে দেড় লাখ টাকা দামের গরুর চামড়া ১,৩০০ থেকে ১,৬০০ টাকা দরে কিনেছেন। এসব চামড়া তাঁরা পাইকারি বাজারে বিক্রি করেছেন দেড় থেকে দুই হাজার টাকা দামে। এ ছাড়া খাসি-বকরির চামড়া কেনাবেচা হয়েছে ২০ থেকে ৫০ টাকা দরে।

বগুড়া শহরের সেউজগাড়ী পানির ট্যাংকি মোড়ের ফজলুর রহমান তালুকদার বলেন, ‘গতবার ৭০ হাজার টাকা দামের গরুর চামড়া বিক্রি করেছি দেড় হাজার টাকায়। এবার একই দামের গরুর চামড়া বিক্রি করতে হয়েছে ১,২০০ টাকায়।’

বগুড়া সরকারি আজিজুল হক কলেজের শিক্ষক ফারুক আহমেদ বলেন, অন্যবার চামড়া কেনার জন্য মৌসুমি ব্যবসায়ীরা বাড়ি বাড়ি ধরনা দিয়েছেন। এবার তাঁদের কাছে চামড়া নিয়ে ধরনা দিতে হয়েছে বিক্রেতাদের।

জানতে চাইলে বগুড়া জেলা চামড়া ব্যবসায়ী সমিতির সভাপতি মো. শোকরানা প্রথম আলোকে বলেন, এ বছর তিনি চামড়া কেনেননি। কোরবানির পশুর চামড়া কেনাবেচা নিয়ে অরাজকতার বিষয়টিও তাঁর জানা নেই।

একই সমিতির কোষাধ্যক্ষ জাহিদুর রহমান সাংবাদিকদের বলেন, লবণের বাজার ঊর্ধ্বগতি, উত্তরাঞ্চলে ট্যানারি না থাকা এবং ঢাকার ট্যানারির মালিকেরা উত্তরাঞ্চলের ব্যবসায়ীদের বিপুল অঙ্কের পাওনা পরিশোধ না করায় এবার চামড়ার বাজারে মন্দাভাব বিরাজ করছে।

দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি জানান, এবার দুপচাঁচিয়া উপজেলায় চামড়ার বাজারে ধস নেমেছে। মৌসুমি ব্যবসায়ী ও ফড়িয়াদের চামড়াপ্রতি ২০০-২৫০ টাকা কম দরে বিক্রি করতে হয়েছে। উপজেলার তারাজুন গ্রামের ফড়িয়া আলেব্বর আলী বলেন, তিনি সারা দিন গ্রামে ঘুরে নগদ টাকায় চামড়া কিনে তা কম দামে এবং বাকিতে মহাজনদের কাছে বিক্রি করেছেন।

বাজারদিঘি গ্রামের ফড়িয়া এনামুল হক বলেন, তিনি বড় আকারের গরুর চামড়া ১,৪০০ থেকে ১,৫০০ টাকা, মাঝারি আকারের চামড়া ৯০০-১০০০ টাকা এবং ছোট আকারের চামড়া ৬০০-৭০০ টাকা দামে কিনেছেন। তাতেও লোকসানে বিক্রি করতে হয়েছে।

স্থানীয় মহাজন হাসান আলী বলেন, ‘ঢাকার ট্যানারি ব্যবসায়ীরা এবার চামড়া কিনতে কোনো টাকা অগ্রিম দেননি। লবণের দামও বেশি। কাঁচা চামড়া কিনে লবণ দিয়ে সংরক্ষণ করে রাখতে চামড়াপ্রতি ২০০ টাকার মতো খরচ পড়ে। তারপরও ঝুঁকি নিয়ে চামড়া কিনছি। কী হবে বলা যাচ্ছে না।’

দিনাজপুর সংবাদদাতা জানান, বাড়তি কিছু আয়ের আশায় চামড়ার মৌসুমি ব্যবসায় নেমে অনেকেই এবার ধরা খেয়েছেন। দুখিয়া নামের তেমনই এক ব্যবসায়ী দিনাজপুর সদরের রামনগর এলাকার মোকামে প্রথম আলোকে বলেন, তিনি ৮০০ থেকে ১,০০০ টাকা দামে গরুর চামড়া কিনেছেন, সেগুলো ৭০০ থেকে ৮০০ টাকায় বিক্রি করতে হয়েছে।

দিনাজপুর চামড়া ব্যবসায়ী মালিক গ্রুপের সভাপতি তৈয়ব চৌধুরী প্রথম আলোকে বলেন, ট্যানারির মালিকদের কারণে আজ চামড়াশিল্প ধ্বংসের পথে। তাঁরা কোনো টাকা দেন না। তাই তাঁরা চামড়া কিনতে পারছেন না। এবার গরুর প্রায় ২০ হাজার ও ছাগলের ৫০ হাজার চামড়া কিনতে পেরেছেন, যা গত বছরের অর্ধেক। এ ছাড়া লবণের দাম অনেক, ৫০ কেজির বস্তা ১০০০ থেকে ১২০০ টাকায় কিনতে হচ্ছে।

একই সংগঠনের সাধারণ সম্পাদক আক্তার আজিজ বলেন, সব সুযোগ-সুবিধা ট্যানারির মালিকেরা পান। অথচ দুই বছর আগের টাকাও কোনো কোনো ট্যানারির মালিক এখনো পরিশোধ করেননি। কাঁচা চামড়া কিনতে জেলা পর্যায়ে ব্যাংকগুলো কোনো ঋণ দেয় না।

রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি জানান, সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় এ বছরও কোরবানির পশুর চামড়ার দাম কম হওয়ায় প্রান্তিক ব্যবসায়ীরা ক্ষতির সম্মুখীন। কারণ উপজেলায় চামড়ার প্রধান মোকাম রায়গঞ্জ পৌরসভার ধানগড়া হাটে গত কয়েক বছরের মতো এবারও বাইরের কোনো ক্রেতা না আসায় স্থানীয় ব্যবসায়ীদের বেঁধে দেওয়া দামেই কেনাবেচা হচ্ছে চামড়া। এই হাটে চামড়া নিয়ে আসা কয়েকজন মৌসুমি ব্যবসায়ী জানান, বড় ও ভালো মানের চামড়া ১,০০০ থেকে ১,২০০ টাকা দামে কিনে এনেও তাঁরা লাভ করতে পারেননি। কেনা দামেই বিক্রি করতে হয়েছে চামড়া। এখানে ছোট ও খারাপ মানের প্রতিটি গরুর চামড়া ৬০০ থেকে ৯০০ টাকা দরে বিক্রি হচ্ছে। ছাগলের চামড়া সর্বোচ্চ ১০০ টাকায় বিক্রি হয়েছে।

ধানগড়া এলাকার চামড়া ব্যবসায়ী সিরাজুল ইসলাম সিদ্দিকী প্রথম আলোকে বলেন, ঢাকার আবহাওয়া বুঝে যাঁরা চামড়া কিনেছেন, তাঁরা ক্ষতির মুখে পড়েননি।

মৌলভীবাজার প্রতিনিধি জানান, সদর উপজেলার চাঁদনীঘাট ইউনিয়নের মনু নদের পারে গড়ে ওঠা শত বছরের পুরোনো বালিকান্দি চামড়ার বাজারসহ মৌলভীবাজার জেলার বিভিন্ন আড়তের ব্যবসায়ীরা এবার চামড়া কেনায় কঠিন প্রতিযোগিতার মুখে পড়েছেন। কারণ ঈদের আগে কিশোরগঞ্জ, ময়মনসিংহসহ বিভিন্ন স্থান থেকে গরু নিয়ে আসা বড় ব্যাপারী ও ব্যবসায়ীরা সরাসরি মাঠপর্যায় থেকে বেশি দামে চামড়া কিনে নিচ্ছেন। এতে স্থানীয় ব্যবসায়ীরা বেশি দামে চামড়া ও লবণ কিনে এবং শ্রমিকের খরচ দিয়ে মুনাফা করতে পারবেন না বলে আশঙ্কা করছেন।