বিভ্রান্তিকর পরিসংখ্যান ব্যবহার থেকে বিরত থাকতে হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশিষ্ট অর্থনীতিবিদ, তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ সাংবাদিকদের উদ্দেশে বলেছেন, বাণিজ্য ও অর্থনৈতিক সাংবাদিকদের উচিত বিষয়কে পুরোপুরি বুঝে সাংবাদিকতার জ্ঞান প্রয়োগ করে প্রতিবেদন তৈরি করা। পাশাপাশি অর্থনীতির জটিল বিষয়গুলোকে ভেঙে পাঠক-উপযোগী করে তৈরি করা, যাতে করে পাঠক সহজেই প্রতিবেদন পড়ে বুঝতে পারেন। ওয়াহিদউদ্দিন মাহমুদ যথাযথ ব্যাখ্যাসহ সংখ্যা ও পরিসংখ্যানের সঠিক ব্যবহার করতে এবং বিভ্রান্তিকর তথ্য ও পরিসংখ্যান ব্যবহার করা থেকে বিরত থাকার পরামর্শ দেন। ম্যানেজমেন্ট অ্যান্ড রিসোর্সেস ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভ (এমআরডিআই) আয়োজিত বাণিজ্য সাংবাদিকতা প্রশিক্ষকদের মধ্যে সার্টিফিকেট বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। রাজধানীর একটি হোটেলে গতকাল বুধবার অয়োজিত এ অনুষ্ঠানে এমআরডিআইয়ের নির্বাহী পরিচালক হাসিবুর রহমান স্বাগত বক্তব্যে সাংবাদিকদের দক্ষতা বৃদ্ধির জন্য সাংবাদিক প্রশিক্ষণকেন্দ্র প্রতিষ্ঠার ঘোষণা দেন। অনুষ্ঠানে বার্তা সংস্থা এপির বাংলাদেশের ব্যুরো প্রধান ফরিদ হোসেন, ক্যাটালিস্টের সার্ভিস গ্রুপ বিভাগের পরিচালক শাহরোজ জলিল ও বৈশাখী টেলিভিশনের বার্তা প্রধান সৈয়দ ইশতিয়াক রেজা বক্তব্য দেন। এমআরডিআইয়ের উদ্যোগে ‘ট্রেনিং অব ট্রেনার্স অন বিজনেস জার্নালিজম’ প্রকল্পের আওতায় এবং ক্যাটালিস্টের সহযোগিতায় প্রশিক্ষণ দেওয়া হয়েছে। অনুষ্ঠানে বলা হয়, প্রশিক্ষণপ্রাপ্ত সাংবাদিকেরা তাঁদের নিজেদের হাউসের দক্ষতা বৃদ্ধির জন্য ইন-হাউস ট্রেনার হিসেবে নিজ সহকর্মীদের প্রশিক্ষণ দেবেন। কর্মশালায় দেশের জাতীয় দৈনিক সংবাদপত্র ও বিভিন্ন টেলিভিশন চ্যানেলের ১৫ জন বাণিজ্য ও অর্থনৈতিক প্রতিবেদক অংশ নেন।