বিভ্রান্তিতে সঞ্চয়পত্রের গ্রাহকেরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সঞ্চয়পত্রের সুদের হার কমানো নিয়ে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের ঘোষণা গ্রাহক পর্যায়ে নতুন বিভ্রান্তি তৈরি করেছে।
গত ৫ এপ্রিল এক প্রাক-বাজেট আলোচনায় অর্থমন্ত্রী জানিয়েছিলেন সঞ্চয়পত্রের সুদের হার কমানো হবে। তারও ১ মাস ৫ দিন পর ১০ মে আরেক আলোচনায় তিনি জানান, এটি প্রায় ২ শতাংশ কমানো হয়েছে।
বাস্তবে অভ্যন্তরীণ সম্পদ বিভাগ (আইআরডি) গতকাল বৃহস্পতিবার পর্যন্ত এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেনি। আর এ কারণে অস্পষ্টতায় রয়েছেন গ্রাহকেরা।
জাতীয় সঞ্চয় পরিদপ্তর সূত্রে জানা গেছে, সঞ্চয়পত্রের বিক্রির কমতি নেই। কারণ, হিসাবি মানুষ বিনিয়োগের জন্য এখনো এ খাতকেই নিরাপদ মনে করেন। গ্রাহকদের দিক থেকে ‘সঞ্চয়পত্রের মুনাফা’ বলা হলেও সরকারের দিক থেকে বলা হয় ‘সঞ্চয়পত্রের সুদ’।
কিন্তু অর্থমন্ত্রীর ঘোষণায় বিভ্রান্তিতে পড়েছেন গ্রাহকেরা। নাসিম আহমেদ নামের একজন গ্রাহক প্রথম আলোকে জানান, তিন মাস অন্তর মুনাফাভিত্তিক সঞ্চয়পত্রের একজন গ্রাহক তিনি। গত মাসে কেনা সঞ্চয়পত্র থেকে তিনি আগামী জুলাইয়ে মুনাফা পাবেন। এ ক্ষেত্রে বর্তমান না নতুন হার বিবেচিত হবে—তা তিনি বুঝতে পারছেন না।
বেশি বিভ্রান্তিতে নতুন গ্রাহকেরা। সঞ্চয় পরিদপ্তর থেকে তাঁদের বলা হচ্ছে, অর্থমন্ত্রী যেদিন সুদের হার কমানোর ঘোষণা দিলেন, সেদিন থেকেই নতুন হার বিবেচনা হতে পারে।
আইআরডির কর্মকর্তারা অবশ্য বলছেন, প্রজ্ঞাপন জারি হলে কবে থেকে তা কার্যকর ও সুদহার কত হবে, তা উল্লেখ থাকবে। তবে পুরোনো গ্রাহকদের স্বার্থ ক্ষুণ্ন হওয়ার কোনো কারণ নেই।
এ ব্যাপারে সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা এ বি মির্জ্জা মো. আজিজুল ইসলাম বলেন, ‘গ্রাহকদের যাঁর সঙ্গে যে চুক্তি রয়েছে, তা রক্ষা করতে হবে। নইলে চুক্তি বরখেলাপের দায়ে সরকার দোষী হবে।’
আইআরডির অতিরিক্ত সচিব সুলতান উল ইসলাম চৌধুরী গতকাল প্রথম আলোকে বলেন, ‘যে গ্রাহক আগে যে হারে সঞ্চয়পত্র কিনেছেন, তাঁর ক্ষেত্রে সেটাই বহাল থাকার কথা।’ আগামী সপ্তাহে সঞ্চয়পত্রের সুদের হার কমানোর প্রজ্ঞাপন জারি হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
সঞ্চয়পত্রে সবচেয়ে বেশি সুদ দেওয়া হয় পাঁচ বছর মেয়াদি পরিবার সঞ্চয়পত্রে। সুদের হার ১৩ দশমিক ৪৫ শতাংশ। ১৩ দশমিক ১৯ শতাংশ সুদ নিয়ে এর পরের অবস্থানে রয়েছে পাঁচ বছর মেয়াদি পেনশনার সঞ্চয়পত্র ও বাংলাদেশ সঞ্চয়পত্র। তিন বছর মেয়াদি তিন মাস অন্তর মুনাফাভিত্তিক সঞ্চয়পত্রের সুদের হার ১২ দশমিক ৫৬ শতাংশ। ডাকঘর সঞ্চয়পত্র রয়েছে দুই ধরনের। একটি মেয়াদি আমানত (এফডিআর), অন্যটি সাধারণ। মেয়াদি আমানতে ১৩ দশমিক ২৫ শতাংশ সুদ থাকলেও সাধারণে রয়েছে ৭ দশমিক ৫০ শতাংশ।
ছয় ধরনের সঞ্চয়পত্র বিক্রি করে সরকার নয় মাসে (জুলাই-মার্চ) ২৯ হাজার ৬৪০ কোটি টাকা সংগ্রহ করেছে।
জাতীয় সঞ্চয় পরিদপ্তরের পরিচালক আইজউদ্দিন আহমেদ প্রথম আলোকে বলেন, তাঁরা সবাই মিলে প্রজ্ঞাপনের জন্য অপেক্ষা করছেন।
চলতি অর্থবছরে সঞ্চয়পত্র বিক্রি থেকে ৯ হাজার ৫৬ কোটি টাকা প্রকৃত বিক্রির লক্ষ্যমাত্রা ঠিক করেছিল সরকার। নির্দিষ্ট সময়ে বিক্রি হওয়া সঞ্চয়পত্রের মোট পরিমাণ থেকে আগে বিক্রি করা সঞ্চয়পত্রের নগদায়নের পরিমাণ ও তার সুদ বাদ দেওয়ার পর যা থাকে, সেটাই সঞ্চয়পত্রের প্রকৃত বিক্রি।
মির্জ্জা আজিজ আরও বলেন, ব্যাংক খাতে আমানতের সুদ কমে যাওয়া এবং শেয়ারবাজারে নিম্নমুখী প্রবণতার কারণে সঞ্চয়পত্র কেনার প্রতি মানুষের ঝোঁক বেড়েছে। হার কমানোর ব্যাপারে সরকারের আরও আগেই গা করা উচিত ছিল।