বিমসটেকের সদস্য দেশের মধ্যে বাণিজ্য বাড়ানোর আহ্বান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পণ্য রপ্তানির ক্ষেত্রে বে অব বেঙ্গল ইনিশিয়েটিভ ফর মাল্টিসেক্টরাল টেকনিক্যাল অ্যান্ড ইকোনোমিক কো-অপারেশনের (বিমসটেক) সদস্যদেশগুলোর মধ্যে যথেষ্ট সম্ভাবনা ও সুযোগ রয়েছে। কিন্তু দেশগুলোর মধ্যে আন্তবাণিজ্য খুবই কম।বাণিজ্য সম্প্রসারণে তাই বিমসটেক সদস্যদেশগুলোর মধ্যে বৃহত্তর ঐক্য গড়ার আহ্বান জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী মুহাম্মদ ফারুক খান। থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে অনুষ্ঠিত ষষ্ঠ বিজনেস ফোরামের ‘বিমসটেক ইকোনোমিক কো-অপারেশন অ্যাগেইনস্ট দি ব্যাকড্রপ অব গ্লোবাল ফিন্যান্সিয়াল ক্রাইসিস’ শীর্ষক সেমিনারে গত বুধবার মূল প্রবন্ধ উপস্থাপনকালে বাণিজ্যমন্ত্রী এ আহ্বান জানান। বাণিজ্য মন্ত্রণালয় গতকাল বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। বাণিজ্যমন্ত্রী পরিসংখ্যান তুলে ধরে জানান, বিমসটেক অঞ্চলের দেশগুলোর সমন্বিত মোট দেশজ উৎপাদনের (জিডিপি) ১ দশমিক ৭ ট্রিলিয়ন ডলার এবং গড় বার্ষিক প্রবৃদ্ধির হার ৬ দশমিক ১ শতাংশ। যা সদস্যদেশগুলোর বাণিজ্যের ক্ষেত্রে বিপুল সম্ভাবনার ইঙ্গিত বহন করে। ফারুক খানের সঙ্গে থাইল্যান্ডের ডেপুটি মিনিস্টার অব কমার্স অ্যালোংকর্ন পোনলাবুট এক সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় বাণিজ্যমন্ত্রী বাংলাদেশে বিদ্যুৎ ও অবকাঠামো খাতে থাই বিনিয়োগ এবং থাই বাজারে বাংলাদেশি পণ্য শুল্কমুক্ত প্রবেশের সুবিধা প্রদানের জন্য থাই সরকারের প্রতি অনুরোধ জানান। এ ছাড়া বাণিজ্যমন্ত্রী থাইল্যান্ড থেকে চিনি আমদানির সম্ভাবনার বিষয়ে থাই মন্ত্রীর সঙ্গে আলোচনা করেন এবং সেদ্ধ চাল আমদানির প্রক্রিয়া ত্বরান্বিত করার অনুরোধ জানান।উল্লেখ্য, থাইল্যান্ড থেকে দুই লাখ টন চাল আমদানির বিষয়টি বর্তমানে প্রক্রিয়াধীন।