নর্দার্ন জেনারেল ইনস্যুরেন্স ও ইসলামী ইনস্যুরেন্স বাংলাদেশ লিমিটেড—এই দুই কোম্পানিকে নতুন বিমা পলিসি জারি ও নবায়ন করা থেকে বিরত থাকার নির্দেশ দিয়েছে বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)।বিমা আইন লঙ্ঘন করে নির্ধারিত ১৫ শতাংশের চেয়ে বেশি কমিশন দেওয়া এবং সম্পূর্ণ বাকিতে ব্যবসা করায় আইডিআরএ গত রোববার কোম্পানি দুটিকে এ নির্দেশনা দিয়েছে।একই অপরাধ এর আগেও একবার করায় নর্দার্ন জেনারেল ইনস্যুরেন্সের পল্টন শাখার ব্যবস্থাপক আবদুল জব্বার মৃধাকে সাময়িক বরখাস্তও করেছে আইডিআরএ। এ ছাড়া কোম্পানিটির পল্টন শাখা সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে। আর ইসলামী ইনস্যুরেন্সের বংশাল শাখার ব্যবস্থাপক মো. রবিউল আউয়ালকে ব্যক্তিগতভাবে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।উভয় কোম্পানির ক্ষেত্রেই বলা হয়েছে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তারা শুধু নতুন বিমা পলিসি জারি করতে পারবে না। পাশাপাশি কোনো পলিস নবায়নও করতে পারবে না। এ নির্দেশনা জারির আগে রোববার আইডিআরএ কার্যালয়ে একটি শুনানি অনুষ্ঠিত হয়। এতে আত্মপক্ষ সমর্থনের জন্য ডাকা হয় নর্দার্ন জেনারেলের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) জি এফ এম শওকত আলী, পল্টন শাখার ব্যবস্থাপক আবদুল জব্বার মৃধা, ইসলামী ইনস্যুরেন্সের এমডি মুজিবুর রহমান, বংশাল শাখার ব্যবস্থাপক মো. রবিউল আউয়ালকে। আইডিআরএ চেয়ারম্যান এম শেফাক আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত এই শুনানি গ্রহণ করেন আইডিআরএর দিক থেকে এর সদস্য নব গোপাল বণিক, নূরুল ইসলাম মোল্লা, মো. ফজলুল করিম ও সাঈদ আহমেদ খান। স্পষ্ট উল্লেখ না থাকলেও সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে কথা বলে জানা গেছে, নির্দেশনায় মূলত কোম্পানি দুটির লাইসেন্স স্থগিত করা হয়েছে। এ নির্দেশনার বাইরেও কোম্পানি দুটিকে আলাদা চিঠি দিয়েছে আইডিআরএ। এতে শাখাগুলো নিরীক্ষা করে প্রতিবেদন তৈরি এবং রোববার পর্যন্ত যত পলিসি জারি করা হয়েছে, তা আইডিআরএকে জানাতে বলা হয়েছে।