বিমা আইন লঙ্ঘন: তিন কোম্পানিকে জরিমানা
বিমা আইন লঙ্ঘন করে বাকিতে ব্যবসা করা ও অতিরিক্ত কমিশন দেওয়ার অভিযোগে তিনটি প্রতিষ্ঠানকে সাড়ে আট লাখ টাকা জরিমানা করেছে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)। আজ বৃহস্পতিবার আইডিআরএ সূত্রে এ তথ্য জানা গেছে।জরিমানাকৃত তিনটি প্রতিষ্ঠান হলো: ফিনিক্স ইনস্যুরেন্স কোম্পানি লিমিটেড, বাংলাদেশ কো-অপারেটিভ ইনস্যুরেন্স কোম্পানি লিমিটেড ও পাইওনিয়ার ইনস্যুরেন্স কোম্পানি লিমিটেড।আইডিআরএ সূত্রে জানা যায়, গত ১৮ জুলাই বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের একটি পরিদর্শক দল ফিনিক্স ইনস্যুরেন্স কোম্পানি লিমিটেডের যশোর শাখা পরিদর্শন করে।এসময় ফিনিক্স ইনস্যুরেন্সের মানি রিসিপ্ট ও ব্যাংক স্টেটমেন্ট পরীক্ষা করে সম্পূর্ণ বাকিতে ব্যবসার প্রমাণ পাওয়া যায়।এই অভিযোগে প্রতিষ্ঠানটিকে বুধবার আইডিআরএ কার্যালয়ে শুনানিতে ডাকা হয়।শুনানিতে উক্ত প্রতিষ্ঠানের মুখ্য নির্বাহী জামিরুল ইসলাম, সহকারি ব্যবস্থাপনা পরিচালক (এএমডি) ইনাম শাহীন, সহকারি মহাব্যবস্থাপক (এজিএম) শফিকুর রহমান ও যশোর শাখার ব্যবস্থাপক এসকে আবদুল্লাহ আল মিরাজ উপস্থিত ছিলেন।শুনানি শেষে ফিনিক্স ইনস্যুরেন্সের শাখা ব্যবস্থাপক এসকে আবদুল্লাহ আল মিরাজকে ব্যক্তিগতভাবে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।এদিকে নির্ধারিত হারের ১৫ শতাংশের চেয়ে অতিরিক্ত কমিশন প্রদানের অভিযোগে বাংলাদেশ কো-অপারেটিভ ইনস্যুরেন্স কোম্পানি লিমিটেডকে জরিমানা করা হয়েছে।গত ১৩ জুন আইডিআরের একটি পরিদর্শন দল বাংলাদেশ কো-অপারেটিভ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের বিজয়নগরের বুথ শাখা পরিদর্শনকালে নির্ধারিত হারের চেয়ে অতিরিক্ত হারে কমিশন প্রদানের প্রমাণ পাওয়া যায়। বুধবার এ সংক্রান্ত বিষয়ে কোম্পানি সংশ্লিষ্টদের শুনানিতে ডাকে আইডিআরএ। শুনানি শেষে বাংলাদেশ কো-অপারেটিভ ইনস্যুরেন্স কোম্পানি লিমিটেডের মুখ্য নির্বাহী নূরে আলম সিদ্দিকীকে ব্যক্তিগতভাবে এক লাখ টাকা জরিমানা করা হয়।অন্যদিকে, পাইওনিয়ার ইনস্যুরেন্স কোম্পানি লিমিটেডের দিলকুশা শাখা পরিদর্শনকালে নির্ধারিত হারের চেয়ে কম হারে প্রিমিয়াম রেট আরোপের প্রমাণ পাওয়ায় প্রতিষ্ঠানটিকে পাঁচ লাখ টাকা জরিমানা করা হয়। বীমা আইনের ১৩০ ধারার ‘খ’ উপধারা অনুযায়ী এই জরিমানা করা হয়। আর প্রতিষ্ঠানটির মুখ্য নির্বাহী কিউ এ এফ এম সিরাজুল ইসলামকে ব্যক্তিগতভাবে এক লাখ টাকা জরিমানা করা হয়। এছাড়া দিলকুশা শাখার ব্রাঞ্চ ইনচার্জ সাব্বির আহমদ উল্লাহ সিনহাকে এক লাখ টাকা জরিমানা করা হয়। আইডিআরের এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানা যায়।