বিমা আইনে পরিচালকের শর্ত বাস্তবায়নের পদক্ষেপ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আইন অনুযায়ী, বিমা কোম্পানির পরিচালক একই সঙ্গে কোনো ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানের পরিচালক হতে পারেন না। কিন্তু বাস্তবে অনেকেই ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানের পরিচালক থাকা অবস্থায় বিমা কোম্পানিরও পরিচালক রয়েছেন। বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ) গতকাল রোববার এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে। নির্দেশনাটি পাঠানো হয়েছে দেশের সব বিমা কোম্পানি ও দুই করপোরেশনের কাছে।বিমা আইন, ২০১০-এর ৭৫ ধারায় বলা হয়েছে, ‘আপাতত বলবৎ অন্য কোনো আইনে যা কিছুই থাকুক না কেন, কোনো বিমাকারীর পরিচালক একই শ্রেণীর বিমা ব্যবসার জন্য নিবন্ধীকৃত অন্য কোনো বিমাকারীর বা কোনো ব্যাংক কোম্পানির বা আর্থিক প্রতিষ্ঠানের পরিচালক হতে পারবেন না।’ আইডিআরএ গতকাল প্রজ্ঞাপনে জানতে চেয়েছে, ধারাটি কেউ লঙ্ঘন করছে কি-না, বা কোনো বিমা কোম্পানিতে ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানের পরিচালক রয়েছেন কি-না, ১৬ অক্টোবরের মধ্যে তা নিয়ন্ত্রক সংস্থাকে জানাতে হবে। বিমা খাতে স্বচ্ছতা ও শৃঙ্খলা নিশ্চিত করতে প্রজ্ঞাপনটি জারি করা হয়েছে বলে কর্তৃপক্ষ উল্লেখ করেছে।জানা গেছে, বিদ্যমান বিমা আইনের ৭৫ নম্বর ধারাটি বাতিলের জন্য উঠেপড়ে লেগেছেন বড় ব্যবসায়ীরা। বিশেষ করে, যাঁরা বিমা কোম্পানির পাশাপাশি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানেরও পরিচালক। তবে যেসব বিমা কোম্পানির পরিচালকেরা কোনো ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানের পরিচালক নন, তাঁরা আইডিআরএর এ উদ্যোগকে তাঁরা স্বাগত জানিয়েছেন। এদিকে, আইনের এ ধারাটি বাতিলের পক্ষে মত দিয়েছে অর্থ মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। গত ১৯ সেপ্টেম্বর কমিটির ৪০তম বৈঠকে ধারাটি বাতিলের সুপারিশ করা হয়েছে। এতে আরও বলা হয়েছে, ‘১৯৩৮ সালের বিমা আইনেও এ রকম বিধিনিষেধ ছিল। কিন্তু পরবর্তীতে তা রহিত করা হয়েছিল।’ বাংলাদেশ ইনস্যুরেন্স অ্যাসোসিয়েশনের (বিআইএ) সভাপতি শেখ কবির হোসেন বলেন, ‘আইনের ধারাটি বাতিলের জন্য আমরা সরকারের সঙ্গে আলোচনায় বসব।’ ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানের নিবন্ধনের চেয়ে বিমা কোম্পানির নিবন্ধন ও নবায়নের বিষয়টি একটু আলাদা। যেমন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান আইনে নিবন্ধিত ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের নিবন্ধন নবায়নের কোনো বিধান নেই। কিন্তু বিমা কোম্পানিগুলোর নিবন্ধন প্রতিবছরই নবায়ন করতে হয়। আইডিআরএর সূত্রে জানা গেছে, নতুন বিমা কোম্পানির নিবন্ধনের ক্ষেত্রে কিছু শর্ত থাকবে, বর্তমানে নিবন্ধিত কোম্পানিগুলোর ক্ষেত্রেও যা প্রযোজ্য। বিমা আইন প্রণয়নের সঙ্গে যুক্ত অর্থ মন্ত্রণালয়ের শীর্ষ পর্যায়ের কর্মকর্তারা বলেছেন, অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের পরামর্শে আইনের এ ধারাটি সংযোজন করা হয়েছে একটি শুভ উদ্দেশ্য থেকে। তা হলো, একই ব্যক্তির হাতে সম্পদ পুঞ্জীভূত না হওয়া, স্বার্থের দ্বন্দ্ব এড়ানো এবং নতুন নতুন ব্যক্তিকে সুযোগ দেওয়া। যোগাযোগ করা হলে আইডিআরএর চেয়ারম্যান এম শেফাক আহমেদ প্রথম আলোকে বলেন, বিমা আইন অনুযায়ী পদক্ষেপটি নেওয়া হয়েছে। ব্যাংক ও বিমা খাতের সহযোগিতায় তা বাস্তবায়ন করতে চান তিনি। উল্লেখ্য, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান আইন অনুযায়ী কেউ ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানের পরিচালক থাকলেও তাঁদের ক্ষেত্রে বিমা কোম্পানির পরিচালক হতে বাধা নেই। সূত্র জানায়, বিমার মতো ব্যাংক কোম্পানি আইনেও একই রকম ধারা সংযোজনের পক্ষে অর্থ মন্ত্রণালয়।তবে একটি পক্ষ বিমা আইনের এ ধারাটি বাতিল করতে তৎপর রয়েছেন। এ পক্ষটি ব্যাংক কোম্পানি আইনে নতুন ধারা সংযোজন করতে দিতেও চায় না। যে কারণে ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১ সংশোধনের একটি প্রস্তাব দীর্ঘ দিন ধরে আটকে আছে।